06/06/2026
আলহামদুলিল্লাহ,
সফলভাবে সম্পন্ন হলো “Higher Education & carrer Summit 2026”।
কুতুবদিয়ার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় কার্যকর দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে দ্বীপশিখা – কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা আয়োজন করে “Higher Education & carrer Summit 2026”।
“বোর্ড পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি: কৌশল, চ্যালেঞ্জ ও করণীয়” প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ জুন ২০২৬, শনিবার কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত এই আয়োজনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও শিক্ষাবান্ধব কর্মকাণ্ড কুতুবদিয়ার শিক্ষা অঙ্গনে বিশেষ অবদান রেখে চলেছে।
দ্বীপশিখার সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ জিসান-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানের শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় সদ্য প্রয়াত শিক্ষক মরহুম আবছার স্যারকে। তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা তাঁর শিক্ষা, মানবিকতা ও শিক্ষার্থীদের প্রতি নিবেদনের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এরপর অনুষ্ঠিত হয় “ভর্তি প্রস্তুতির অভিজ্ঞতা ও অনুভূতি” শীর্ষক বিশেষ সেশন। এতে সদ্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীরা নিজেদের শিক্ষাজীবনের অভিজ্ঞতা, সংগ্রাম, প্রস্তুতির কৌশল এবং সফলতার গল্প তুলে ধরেন—
🔹 সাজিয়া আফরিন শাম্মি
শিক্ষার্থী, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
তাঁদের বাস্তব অভিজ্ঞতা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ, আত্মবিশ্বাস এবং উচ্চশিক্ষা সম্পর্কে ইতিবাচক মনোভাব সৃষ্টি করে।
অনুষ্ঠানের মধ্যবর্তী সময়ে উপস্থিত শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় একটি আকর্ষণীয় “Surprising Quiz” পর্ব। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং বিভিন্ন শিক্ষামূলক ও সাধারণ জ্ঞানভিত্তিক প্রশ্নের উত্তর প্রদান করে। সঠিক উত্তরদাতাদের তাৎক্ষণিকভাবে পুরস্কৃত করা হয়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও উপভোগ্য করে তোলে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল উচ্চশিক্ষা ও ভর্তি প্রস্তুতিবিষয়ক গাইডলাইন সেশন। এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন—
🔹 মোহাম্মদ ইয়ারিদুল মঈন সজাত
সভাপতি, দ্বীপশিখা
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
🔹 সাইফুল ইসলাম সায়েম
সাংগঠনিক সম্পাদক, দ্বীপশিখা
শিক্ষার্থী, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)
🔹 হেলাল উদ্দিন
অফিস সম্পাদক, দ্বীপশিখা
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বক্তারা বোর্ড পরীক্ষায় সফলতার কার্যকর কৌশল, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি, সময় ব্যবস্থাপনা, আত্মউন্নয়ন, দক্ষতা অর্জন এবং উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ ও সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক ও সময়োপযোগী পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্ব ছিল অত্যন্ত প্রাণবন্ত। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভর্তি, বিষয় নির্বাচন, ক্যারিয়ার পরিকল্পনা, সময় ব্যবস্থাপনা এবং আত্মউন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। বক্তারা নিজেদের অভিজ্ঞতা ও বাস্তবতার আলোকে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর প্রদান করেন।
সভাপতির বক্তব্যে মোঃ জহিরুল ইসলাম স্যার শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার, নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে গড়ে তোলার এবং দেশ ও সমাজের কল্যাণে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের কল্যাণে দ্বীপশিখার এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক বোরহান উদ্দিন স্যার শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য কেবল ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তাকে একজন সচেতন, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা, সৃজনশীল চিন্তাশক্তির বিকাশ এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের স্বপ্নপূরণের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সমাপনীতে দ্বীপশিখার পক্ষ থেকে উপস্থিত সকল শিক্ষক, শিক্ষার্থী, অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
দ্বীপশিখা – কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা