30/09/2026
অনিক সরদারের কাহিনী : প্রকৃত বাস্তবতা
শিরোনামে তার এলাকার প্রতিবেশীরা এই ধরনের পোস্ট করেছে।
-------------------------------------------------------------
সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। এটি প্রত্যেক সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনাবলীর একটি অংশ মাত্র। বিষয়টি নিয়ে কোন ধরনের কথা বলার ইচ্ছা ছিল না। কারণ আমার এলাকার একটি ছেলের এমন ঘটনাকে লজ্জাজনক মনে করি। কিন্তু সম্প্রতি লক্ষ্য করছি এই ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে এলাকার সাধারণ মানুষকে হয়রানি করার ক্ষেত্র তৈরীর অপচেষ্টা চলছে। বিধায় এলাকাবাসীর অনুরোধে বাধ্য হয়ে প্রকৃত কিছু সত্য তুলে ধরছি।
চুরির দায়ে বেঁধে রাখা ব্যক্তিটির নাম অনিক সরদার। তার বাবার নাম মোঃ ওয়ারেছ সরদার। তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে অফিসার পদে চাকরি করতেন। চাকরি থেকে অবসরে আসার পর পরিবার পরিজন নিয়ে গ্রামে চলে আসেন। তিনি খুবই শান্ত প্রকৃতির একজন নিরেট ভদ্র মানুষ। অনিকের পরিবার এলাকায় একটি সম্ভ্রান্ত পরিবার হিসেবে পরিচিত। সেই সুবাদে অনিকও নিঃসন্দেহে সে একটি ভালো পরিবারের সন্তান। কিন্তু সঙ্গ দোষে গত কয়েক বছর যাবৎ তার পরিচয় সে একজন মাদকসেবী, মাদক বিক্রেতা এবং পেশাদার চোর।
প্রতিদিন তার বাড়িতে মাদক কারবারীদের আড্ডা বসে। ইতিপূর্বে আরো অনেকবার সে নেশার উম্মাদনায় চুরি করতে গিয়ে ধরা পরেছে। গত দুই মাসে একাধিকবার সে আমার বাড়িতেও চুরি করেছে, যা গ্রামবাসী সবাই অবহিত আছেন। হাতেনাতে ধরা পরার পর স্বীকারোক্তিও দিয়েছে। প্রতিবারই ভালো হওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় তাকে ক্ষমা করে দিয়েছি।
তার এই অসৎ চরিত্রের কারণে চাচা, ভাইসহ অন্যান্য আত্মীয়-স্বজনও লোকলজ্জায় তার সাথে সম্পর্কের দূরত্ব বজায় রেখে চলেন। এমনকি মাদকাসক্ত অবস্থায় নিজের অসুস্থ পিতার প্রতি নানারকম অন্যায় আচরণের কারণে বেশ বহুদিন আগে থেকেই তার পিতাও নিজ বাড়িতে না থেকে অন্যত্র অবস্থান করছেন।
অনিককে সঠিক পথে ফিরিয়ে আনতে তার পারিবারিক মুরুব্বিরা অনেকবার বুঝিয়েছেন, শাসন করেছেন। কখনো মৃদু প্রহারও করেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে চুরি ছ্যাচরামীসহ তার নানাবিধ জ্বালাতনে অতিষ্ঠ হয়ে গত কিছুদিন আগে প্রায় দুই শতাধিক গ্রামবাসীর মিটিংয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্তের ভিত্তিতে তাকে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য লিখিত নোটিশ দেওয়া হয়।
অনিক গ্রামবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিল শীঘ্রই গ্রাম ত্যাগ করে সে অন্যত্র চলে যাবে। কিন্তু সর্বশেষ আবারও গ্রামের কোন এক বাড়িতে চুরি করতে গিয়ে সে হাতেনাতে ধরা পরলে গ্রামবাসী তাকে পাকড়াও করে।
গ্রামবাসীর খরচে তাকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে প্রেরণ করা, তাবলীগ জামাতের চিল্লায় প্রেরণ করার প্রস্তাবও দেওয়া হয়েছিল। ব্যক্তিগত আলোচনার মাধ্যমে তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে ইতিপূর্বে একাধিকবার তার বিষয়ে পুলিশ প্রশাসনকেও অবগত করা হয়েছে। উজিরপুর থানার বর্তমান ওসি জনাব রাকিবুল ইসলাম সাহেবের সাথে বিষয়টি নিয়ে আমি নিজে একাধিকবার স্ব-শরীরে উপস্থিত হয়ে এবং মোবাইলে কথা বলেছি।
অনিক বিপদগামী হওয়ার পেছনে তার স্ত্রীর দায়ও কম নয় বলে গ্রামবাসী মনে করেন। কারণ অনিকের এসব অন্যায় কাজের যখনই প্রতিবাদ করা হয়েছে তার স্ত্রী গ্রামবাসীকে সহযোগিতা না করে বরং স্বামীর পক্ষাবলম্বন করে গ্রামবাসীর প্রতি মারমুখী আচরণের মাধ্যমে তাকে আরো উৎসাহ যুগিয়েছে।
এখন আবার সুযোগের সদ্ব্যবহার করে সাজিয়ে গুছিয়ে মিডিয়ায় নানারকম মিথ্যা তথ্য দিয়ে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে গ্রামের সাধারণ মানুষকে অপরাধী বানানোর অপচেষ্টা চালাচ্ছে।
সম্প্রতি একটি মিডিয়ায় তার মেয়েকে দিয়ে হানিফ রাড়ির পরিবারের নামে মিথ্যা অপবাদ দিয়েছে, তাদের বাড়িঘর দখলের চেষ্টার মিথ্যা অভিযোগ করেছে। এ ধরনের মিথ্যা প্রচারণা অনিকের পরিবারের জন্য কল্যাণ বয়ে আনবে না বরং তা হয়তো তাদের জন্য বুমেরাং হবে।
একশ্রণীর মিডিয়া বিষয়টিকে কেন্দ্র করে ভিউ ব্যবসার জন্য কোনরকম যাচাই বাছাই ছাড়াই বাস্তবতা বিবর্জিত ভুয়া সংবাদ পরিবেশন করে যাচ্ছে। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বামরাইল গ্রাম কিংবা বামরাইল বন্দরে গিয়ে এই অনিকের ব্যাপারে যদি জিজ্ঞাসা করা হয় ১০০% মানুষ তার বিপথগামীতার কথাই বলবেন।
সুতরাং মিডিয়ার ভাইদের প্রতি অনুরোধ থাকবে শুধুমাত্র নিছক ভিউ কামানোর জন্য বিবেককে বিসর্জন দিয়ে অসত্য প্রচারণায় শামিল হবেন না। দূর থেকে সোশ্যাল মিডিয়ায় কারো অনুমান নির্ভর লেখা দেখে কন্টেন্ট তৈরি করবেন না।
প্রয়োজনে ঘটনাস্থলে আসুন, গ্রামবাসীর সাথে কথা বলুন, প্রকৃত সত্য জানুন তারপরে নিউজ করুন। মানুষের আবেগকে পুঁজি বানাতে একতরফা কোন কিছু প্রচার করবেন না।
আমরা দৃঢ়তার সাথে বলতে চাই সম্প্রতি মিডিয়ায় আপনারা যা দেখতে পাচ্ছেন তা সম্ভবত অনিকের মাদক কারবারের পৃষ্ঠপোষকদের তত্ত্বাবধানে পরিকল্পিতভাবে প্রচার করানো হচ্ছে। এগুলো মাদক ব্যবসার পথকে উন্মুক্ত রাখার অপচেষ্টা মাত্র।
আমরা গ্রামবাসী কখনোই অনিককে নিশ্চিহ্ন করতে চাইনি। যদি সেটাই হতো তাহলে বহু আগেই আরো বড় ধরনের কোন ঘটনা ঘটতে পারতো।
আমরা সবসময় চেয়েছি সে আলোর পথে ফিরে আসুক। মাদকের সংস্পর্শ থেকে নিজেকে সরিয়ে এনে তার পরিবার একটি আদর্শ পরিবারের রূপান্তরিত হোক। আর সে কারণেই তাকে বারবার শোধরানোর জন্য সুযোগও দেওয়া হয়েছে।
আমরা কৃতজ্ঞতা জানাই উজিরপুর উপজেলার ইউএনও মহোদয়ের প্রতি। তড়িৎ পদক্ষেপের মাধ্যমে তিনি ইতিমধ্যেই অনিককে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে প্রেরণ করেছেন। আশাকরি অনিক এখান থেকে একজন ভালো মানুষ হয়ে ফিরে আসবে।
পাশাপাশি প্রশাসনের প্রতি অনুরোধ জানাই একটি ভালো পরিবারের সন্তান অনিককে যারা মাদকাসক্ত ও চোর হিসাবে পরিণত করলো তাদের সকলকে খুঁজে বের করা জরুরী। অনিক হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু পর্দার আড়ালে থাকা ভন্ড মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের মুখোশ উন্মোচন করতে না পারলে সমাজে এরকম হাজারো অনিক জন্ম নিবে।
অনিকের বাড়িতে কাদের যাতায়াত ছিল অনিকের স্ত্রীকে জিজ্ঞাসা করলে সহজেই সেই তালিকা পাওয়া যাবে। সুতরাং তার সহযোগিতা নিয়ে দ্রুত এ সকল মাদক নিয়ন্ত্রকদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।
তাই অতি আবেগী না হয়ে মিডিয়া জাস্টিস বাদ দিয়ে, প্রকৃত বাস্তবতা জানার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।