28/10/2026
ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার এবং নাগরিকদের হয়রানি ও ভোগান্তি কমানোর লক্ষ্যে প্রতি মাসে অন্তত একদিন ইউনিয়ন ভূমি অফিসে উপস্থিত হয়ে তাঁদের কথা শোনার প্রতিশ্রুতি দিয়েছেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম।। ২৭ অক্টোবর ২০২৬ কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন ভূমি অফিসে সনাক, চকরিয়ার উদ্যোগে আয়োজিত গণশুনানিতে তিনি এ প্রতিশ্রুতি দেন। এতে প্রায় দুই শতাধিক সেবাগ্রহীতা অংশ নেন।
গণশুনানিতে নাগরিকেরা অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ঘরবাড়ি ভেঙে যাওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানের জমির শ্রেণি-সংক্রান্ত জটিলতায় নামজারি ও উন্নয়নকাজ বাধাগ্রস্ত হওয়া, ওয়ারিশসূত্রে পাওয়া সম্পত্তি ভোগদখলে প্রতিবন্ধকতা, চিংড়িঘের অবৈধ দখল এবং ভুয়া দলিল বা অন্যের নামে খতিয়ান হওয়ায় নিজ জমির মালিকানা প্রতিষ্ঠায় জটিলতাসহ বিভিন্ন সমস্যা ও ভোগান্তির কথা তুলে ধরেন।নাগরিকদের প্রশ্নের জবাবে সহকারী কমিশনার (ভূমি) সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া, ভূমিসংক্রান্ত আবেদনপ্রক্রিয়া সহজ করা এবং সাধারণ নাগরিকদের তাঁর সঙ্গে সরাসরি দেখা করে কথা বলার সুযোগ দেওয়ার আশ্বাস দেন।
গণশুনানিতে চকরিয়া আবাসিক মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস এম মঞ্জুর স্থানীয় সমস্যা দ্রুত সমাধানে নিয়মিত ইউনিয়ন ভূমি অফিসে সময় দেওয়ার আহ্বান জানান। টিআইবি, চট্টগ্রামের ক্লাস্টার কো-অর্ডিনেটর মোহাম্মদ জসিম উদ্দিন ভূমিসেবা-বিষয়ক কার্যক্রম ও কমিউনিটি মনিটরিং থেকে প্রাপ্ত পর্যবেক্ষণ তুলে ধরেন।
অনুষ্ঠানে সনাক, চকরিয়ার সাবেক সভাপতি বুলবুল জান্নাত শাহিন, সহ-সভাপতি জিয়াউদ্দিন, সদস্য মোহাব্বত চৌধুরী ও নন্দিতা মুৎসুদ্দি, স্থানীয় সমাজসেবক শফিউল আলম এবং ভূমিহীন ও ভিক্ষুক পুনর্বাসন পরিষদের নির্বাহী পরিচালক ফরিদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে সনাক-টিআইবি, চকরিয়ার সভাপতি সন্তোষ কুমার সুশীল বলেন, সরকারি সেবার মানোন্নয়নে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি। এ ধরনের গণশুনানি নাগরিক ও কর্তৃপক্ষের মধ্যে সরাসরি সংলাপের সুযোগ সৃষ্টি করে এবং ভূমিসেবা-সংক্রান্ত সমস্যা ও প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে সহায়তা করে।
এই গণশুনানি কেবল সেবাগ্রহীতাদের সমস্যা তুলে ধরার প্ল্যাটফর্ম হিসেবেই সীমাবদ্ধ ছিল না; বরং নাগরিক ও সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতাভিত্তিক সম্পর্ক জোরদার এবং ভূমিসেবার মানোন্নয়নে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চকরিয়ার এ গণশুনানির মাধ্যমে গৃহীত প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের মধ্য দিয়ে ভবিষ্যতে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত হবে এমন প্রত্যাশা স্থানীয় নাগরিকদের।