17/08/2026
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রাম যা পাহাড় ও সমুদ্রে ঘেরা। ভ্রমনস্থান হিসেবে অধিকাংশ পর্যটকের প্রথম পছন্দ চট্টগ্রাম জেলা। চলুন জেনে নেই চট্টগ্রামের ভ্রমণস্থান সম্পর্কে -
পতেঙ্গা সমুদ্র সৈকত: এটি বাংলাদেশের সুন্দর ও জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম। চট্টগ্রাম থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সমুদ্র সৈকত।
বাওয়াছড়া লেক: চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ওয়াহেদপুর গ্রামে ছোট কমলদহ বাজারের কাছে বাওয়াছড়া লেক অবস্থিত।
সোনাইছড়ি ট্রেইল: চট্টগ্রামের বারৈয়াঢালা অভয়ারণ্যের অন্তর্ভুক্ত মীরসরাইয়ের হাদি ফকিরহাট বাজার সংলগ্নে সোনাইছড়ি ট্রেইল অবস্থিত।
লালদীঘি: চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে লালদীঘি অন্যতম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জেল রোডের শেষ প্রান্তে অবস্থিত লালদীঘির আশেপাশে আছে আন্দরকিল্লা এবং জেলা পরিষদ ভবন।
সুপ্তধারা ঝর্ণা: পার্বত্য চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চন্দ্রনাথ রির্জাভ ফরেস্টের চিরসবুজ বনাঞ্চলের ইকোপার্কে রয়েছে এই সুপ্তধারা ঝর্ণা। সাধারণত বর্ষার মৌসুম ছাড়া সারাবছর এই ঝর্ণায় পানি বেশ কম থাকে।
সহস্রধারা ঝর্ণা: পার্বত্য চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চন্দ্রনাথ রির্জাভ ফরেস্টের চিরসবুজ বনাঞ্চলে গড়ে তোলা হয়েছে সীতাকুণ্ড ইকোপার্ক। আর এই সীতাকুণ্ড ইকোপার্কের শোভাবর্ধনকারী অনন্য এক প্রাকৃতিক নিদর্শনের নাম সহস্রধারা ঝর্ণা ।
ফয়েজ লেক: ফয়েজ লেক একটি কৃত্রিম হ্রদ। চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে স্টেশন সংলগ্ন খুলশি এলাকায় প্রায় ৩৩৬ একর জায়গা জুড়ে ফয়েজ লেকের অবস্থান। চট্টগ্রামের জিরো পয়েন্ট থেকে এই লেকের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার।
চট্টগ্রাম ওয়ার সিমেট্রি: এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের সমাধিস্থল। এটি চট্রগ্রামের মেহেদীবাগ গোল পাহাড় এলাকার বাদশা মিয়া রোডে অবস্থিত।
খৈয়াছড়া ঝর্ণা: চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম। খৈয়াছড়া ঝর্ণার নয়টি ধাপ ও নান্দনিক সৌন্দর্য্য প্রতিটি ভ্রমণপিয়াসী মানুষকে মুগ্ধ করে। বাঁশের সাকো, আঁকাবাঁকা ক্ষেতের আইল, পাহাড়ী পথ, ছড়া, ঝিরিপথ ও পাহাড় পেরিয়ে খৈয়াছড়া ঝর্ণার মুখোমুখি হতে হয়।
চন্দ্রনাথ পাহাড় : চন্দ্রনাথ পাহাড় হিন্দু ধর্মালম্বীদের তীর্থস্থান আর সুবিশাল সমুদ্র অপরূপ প্রাকৃতিক সৌর্ন্দয্যের লীলাভূমি সীতাকুণ্ডকে করেছে অনন্য। চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান সীতাকুণ্ড বাজার থেকে মাত্র ৪ কিলোমিটার পূর্বে দিকে।
মহামায়া লেক: এটি চট্রগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বাংলাদেশের অন্যতম কৃত্রিম হৃদ। মিরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী বাজার থেকে মাত্র দুই কিলোমিটার দূরে পাহাড়ের কোলে ১১ বর্গ কিলোমিটার জায়গাজুড়ে মহামায়া লেক গড়ে উঠেছে।
সন্দ্বীপ: এটি বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব উপকূলে চট্টগ্রাম জেলার মেঘনা নদীর মোহনায় অবস্থিত দ্বীপ উপজেলা। প্রায় ৪ লাখ জনসংখ্যার এই দ্বীপ ৫০ কিলোমিটার দীর্ঘ ও ৫-১৫ কিলোমিটার প্রশস্ত।
গুলিয়াখালী সমুদ্র সৈকত: এটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। স্থানীয় মানুষের কাছে এই সৈকত ‘মুরাদপুর বীচ’ নামেও সুপরিচিত। সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালি সি বীচের দূরত্ব মাত্র ৫ কিলোমিটার। একদিকে দিগন্তজোড়া সাগর জলরাশি আর অন্য দিকে কেওড়া বন এই সাগর সৈকতকে করেছে অনন্য।
হাজারিখিল অভয়ারণ্য: চট্টগ্রাম শহর থেকে ৬২ কিলোমিটার উত্তরে রামগড়-সীতাকুণ্ড বনাঞ্চলের মাঝে প্রায় ৩,০০০ একর জায়গা জুড়ে অবস্থিত ফটিকছড়ি হাজারিখিল অভয়ারণ্য অবস্থিত। বিরল প্রজাতির বৃক্ষ ও প্রাণীর আবাসস্থলের কারণে ২০১৪ সালের ৫ আগস্ট এই বনাঞ্চলকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা দেওয়া হয়।
প্রজাপতি পার্ক: চট্টগ্রাম জেলার শাহ আমানত বিমানবন্দর ও পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন পতেঙ্গা নেভাল একাডেমির ১৫ নম্বর রোডে প্রায় ৬ একর জায়গা জুড়ে দেশের প্রথম প্রজাপতি পার্ক গড়ে তোলা হয়েছে। এই পার্কে প্রায় ২০০ প্রজাতির এক হাজারেরও বেশি প্রজাপতি রয়েছে।
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম ভ্রমণপিয়াসীদের জন্য প্রিয় একটি জেলা। এসব স্থান ছাড়াও চট্টগ্রামের মেজবান ও সামুদ্রিক মাছ সকলের প্রিয়। তাই একবার হলেও ঘুরে যেতে পারেন নান্দনিকতায় ভরপুর এই চট্টগ্রাম জেলা।
তথ্যসূত্র: ইন্টারনেট