12/05/2026
আজ সু-সাহিত্যক একাদশ সংঘরাজ শাসনশ্রী মহাস্থবির এর ২৩ তম মহাপ্রয়াণ দিবস, তাঁর প্রতি মহাপুণ্যচেতনায় শ্রদ্ধা, বন্দনা ও পুণদান করছি।
শ্রদ্ধাবনত - বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা
*************
একাদশ সংঘরাজ শাসনশ্রী মহাস্থবির এর সংক্ষিপ্ত জীবন দর্শন
**********মহাস্থবির এস লোকজিৎ ভিক্ষু,
মহাসচিব-বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা
বহুভাষাবিদ, প্রাজ্ঞ ধর্মাচার্য ও তৎকালীন বাংলাদেশের বৌদ্ধ সমাজের সর্বোচ্চ ধর্মীয় গুরু একাদশ সংঘরাজ শাসনশ্রী মহাস্থবির ছিলেন এদেশীয় বৌদ্ধ সমাজের এক উজ্জ্বল নক্ষত্র। সমাজ ও সদ্ধর্মের বিকাশে তাঁর অনন্য কর্মকীর্তি বৌদ্ধ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। তাঁর মহাপ্রয়াণে দেশ হারায় এক সহজ-সরল, মৃদুভাষী, মানবকল্যাণে নিবেদিতপ্রাণ মহান সংঘমনীষাকে। দল, কূল ও নিকায়ের ঊর্ধ্বে থেকে তিনি প্রায় ছয় দশক ধরে নিরলসভাবে সমাজ ও সদ্ধর্মের উন্নয়নে আত্মনিয়োগ করেছিলেন।
একাদশ সংঘরাজ শাসনশ্রী মহাস্থবির ছিলেন মৈত্রী, করুণা, মুদিতা ও উপেক্ষার জীবন্ত প্রতীক। জ্ঞান, প্রজ্ঞা, বিনয়, শীল ও উদারতায় তিনি ছিলেন এক অনন্য ভিক্ষু ব্যক্তিত্ব। নিকায় মিলনের প্রশ্নে তিনি ছিলেন অগ্রগণ্য সংগঠক ও দূরদর্শী নেতা। শতবর্ষের বিভেদের অবসানে তিনি উভয় নিকায়ের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে যে ঐক্যের প্রয়াস চালিয়েছিলেন, তা বৌদ্ধ সমাজে এক ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভাসহ বিভিন্ন বৌদ্ধ বিহার ও ধর্মীয় সংগঠনকে ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও কার্যকর করে তুলতে শাসনশ্রী মহাস্থবির তাঁর অসাধারণ সাংগঠনিক দক্ষতা প্রয়োগ করেছিলেন। তাঁর জীবন ছিল সমাজসেবা, ধর্মপ্রচার ও মানবকল্যাণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। জাতীয় সংসদে তাঁর মহাপ্রয়াণে শোকপ্রস্তাব গ্রহণ এদেশীয় বৌদ্ধ সমাজের জন্য এক বিরল সম্মান ও গৌরবের অধ্যায়। শাসনশ্রী মহাস্থবির কেবল একজন ধর্মীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন সাহিত্যপ্রেমী ও কাব্যসাধকও। তাঁর রচিত ‘কোশল রাজার ষোড়শ স্বপ্ন’ কাব্যগ্রন্থসহ গল্প, কবিতা ও ছড়া বৌদ্ধ সমাজে বৌদ্ধিক ও সাহিত্যচর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর লেখনীতে যেমন ধর্মীয় প্রজ্ঞার দীপ্তি ছিল, তেমনি মানবিকতা ও নৈতিক শিক্ষার গভীর আবেদনও ছিল স্পষ্ট।প্রকৃত থেরবাদী আদর্শে জীবনযাপনকারী শাসনশ্রী মহাস্থবির ছিলেন বিনয়ী, শুদ্ধাচারী ও প্রজ্ঞাবান এক মহান ধর্মাচার্য। তাঁর জীবনাদর্শ, কর্ম ও ত্যাগ বৌদ্ধ সমাজকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে। বৌদ্ধ ইতিহাসে তিনি অমর হয়ে থাকবেন এক অনন্য সাংঘিক ব্যক্তিত্ব হিসেবে। সমাজ, সদ্ধর্ম ও মানবকল্যাণে নিবেদিত এক মহাপুরুষ ছিলেন একাদশ সংঘরাজ শাসনশ্রী মহাস্থবির। তাঁর ব্যক্তিত্বে ছিল প্রজ্ঞার দীপ্তি, আচরণে ছিল বিনয়ের সৌরভ, আর হৃদয়ে ছিল সীমাহীন মৈত্রী ও করুণা। তিনি আজ শারীরিকভাবে অনুপস্থিত হলেও তাঁর কর্ম, আদর্শ ও অবদান বৌদ্ধ সমাজে চিরভাস্বর হয়ে থাকবে।
জন্ম ও জন্মজনপদ : শাসন-শোভন, প্রজ্ঞাপূর্ণ সংঘরাজ শাসনশ্রী মহাস্থবিরের জন্ম ১৯২১ খ্রিষ্টাব্দের ২৩ নভেম্বর (১৫ অগ্রহায়ণ) দক্ষিণ চট্টগ্রামের সাগরবিধৌত বাঁশখালীর ঐতিহ্যবাহী শীলকূপ গ্রামে। বহু জ্ঞানী-গুণী, কীর্তিমান ব্যক্তিত্ব ও সাংঘিক মহাপুরুষের জন্মধন্য এই জনপদেই তাঁর শুভ আবির্ভাব ঘটে।
তাঁর পিতা ছিলেন কেশব চন্দ্র বড়ুয়া এবং মাতা বাসিনী বালা বড়ুয়া। দুর্ভাগ্যজনকভাবে তাঁর জন্মের এক মাস পূর্বেই পিতার মৃত্যু হয়। মাতুলালয় কাঁহারঘোনার মির্জিতলার প্রসিদ্ধ জমিদার পরিবারে এই মহান সংঘপুরুষের জন্ম হয়েছিল। শতাব্দীর মহাপুরুষ সব সদ্ধর্মকীর্তি সপ্তম সংঘরাজ অভয়তিষ্য মহাস্থবির ছিলেন তাঁর আপন মামা। এছাড়াও জমিদার উমাচরণ বড়ুয়া, নবীন চন্দ্র বড়ুয়া, লালা মহাজন, মহেশ চন্দ্র প্রমুখ কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব এবং বারাণসী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও বহু গ্রন্থের প্রণেতা অধ্যাপক অনোমদর্শী বড়ুয়ার মতো কৃতীজনের কারণে শীলকূপ গ্রাম ছিল বিশেষভাবে সমুজ্জ্বল।
শিক্ষাজীবন : মাত্র ছয় বছর বয়সে মনমোহনকে পার্শ্ববর্তী জলদী গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়। পিতৃহীন শিশুটির শিক্ষার দায়িত্ব গ্রহণ করেন তাঁর মামা রমেশ চন্দ্র বড়ুয়া। তিনি মনমোহন ও তাঁর মায়ের ভরণ-পোষণের ভারও বহন করতেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে রমেশ চন্দ্রের অকাল মৃত্যু হলে বাসিনী বালা একমাত্র সন্তানকে নিয়ে চরম অসহায়ত্বের মধ্যে পড়েন। ফলে মনমোহনের প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনে সাময়িক বিরতি নেমে আসে। পরবর্তীতে ১৯৩১ খ্রিষ্টাব্দে তাঁর আরেক মামা সদ্ধর্মকীর্তির উদ্যোগে শিক্ষানুরাগী মনমোহন সাতবাড়িয়া মডেল স্কুলের চতুর্থ শ্রেণিতে ভর্তি হন। ধীরে ধীরে তিনি সাতবাড়িয়া শান্তি বিহারের সান্নিধ্যে জ্ঞানচর্চায় আত্মনিয়োগ করেন। ভদন্ত ধর্মজ্যোতি মহাস্থবির ও জ্ঞানসেন মহাস্থবির তাঁর শিক্ষাজীবনে বিশেষ সহায়তা প্রদান করেন। নিজের মেধা, অধ্যবসায় ও অনুরাগের বলে তিনি ক্রমান্বয়ে উচ্চশ্রেণিতে উত্তীর্ণ হন।
সেই সময় সাতবাড়িয়া শান্তি বিহার ছিল ধর্ম-বিনয় শিক্ষা ও বৌদ্ধ সংস্কৃতিচর্চার এক উজ্জ্বল কেন্দ্র। সাতবাড়িয়া প্রজ্ঞালংকার পালি বিদ্যালয়কে ঘিরে গড়ে উঠেছিল এক প্রাণবন্ত ধর্মীয় ও জ্ঞানচর্চার পরিবেশ। বাংলাদেশ বৌদ্ধ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাজির কৃষ্ণ চন্দ্র চৌধুরী, হরকিশোর চৌধুরীসহ বহু গুণীজনের আন্তরিক প্রচেষ্টায় বিহারটি সমতলীয় বৌদ্ধ সমাজের অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল। সংঘের পবিত্র সান্নিধ্যে মনমোহনের শিক্ষাজীবন নতুন গতিপ্রাপ্ত হয়।
১৯৪৪ খ্রিষ্টাব্দে রামুর বিশিষ্ট দানবীর মতিসেন মহাজনের সহায়তায় তিনি রামু খিজারী স্কুলে সপ্তম শ্রেণিতে ভর্তি হন এবং কৃতিত্বের সঙ্গে অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হন। পরের বছর তিনি সাতবাড়িয়ায় ফিরে এসে পটিয়ার বরমা ত্রাহিমেনকা উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে ভর্তি হন। ১৯৪৭ খ্রিষ্টাব্দে প্রাক-নির্বাচনী পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেও আর প্রবেশিকা পরীক্ষায় অংশ নেওয়া হয়নি। এখানেই তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনের সমাপ্তি ঘটে। তবে তিনি পালি ও সংস্কৃত শিক্ষা বোর্ড থেকে সূত্র, বিনয় ও উপাধি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে ধর্মীয় শিক্ষায় গভীর পাণ্ডিত্য অর্জন করেন।
প্রব্রজ্যা জীবন : সাতবাড়িয়া শান্তি বিহারের তৎকালীন অধ্যক্ষ অভয়তিষ্য মহাস্থবির, যিনি ছিলেন মনমোহনের আপন মামা, একসময় স্বগ্রামে এসে তাঁর বোন বাসিনী বালার দুঃখময় জীবন প্রত্যক্ষ করে গভীরভাবে ব্যথিত হন। তিনি মনমোহনকে সঙ্গে নিয়ে গিয়ে বুদ্ধশাসনের সেবায় নিয়োজিত করার ইচ্ছা প্রকাশ করেন। সন্তানের মঙ্গলময় ভবিষ্যতের কথা চিন্তা করে বাসিনী বালা সস্নেহে সেই প্রস্তাবে সম্মতি জানান এবং পুত্রকে বুদ্ধশাসনে দান করেন। অতঃপর ১৯৩১ খ্রিষ্টাব্দে মনমোহন তাঁর মামা অভয়তিষ্য মহাস্থবিরের সঙ্গে সাতবাড়িয়া শান্তি বিহারে গমন করেন। সেখান থেকেই শুরু হয় তাঁর মহান প্রব্রজ্যা জীবন ও পরবর্তী আধ্যাত্মিক সাধনার দীপ্তিময় পথচলা।
শ্রামণ্যধর্মে দীক্ষা : যথাসময়ে বালক মনমোহনকে সাতবাড়িয়া মডেল স্কুলের চতুর্থ শ্রেণিতে ভর্তি করা হয়। সাতবাড়িয়া শান্তি বিহারের পবিত্র ও ধর্মময় পরিবেশে অবস্থানকালেই তাঁর জীবনে আধ্যাত্মিকতার নতুন দিগন্ত উন্মোচিত হয়। ১৯৩৩ খ্রিষ্টাব্দে ঐতিহাসিক ঠেগরপনি পুণ্যতীর্থে মহামান্য অভয়তিষ্য মহাস্থবির তাঁকে শ্রামণ্যধর্মে দীক্ষিত করেন। প্রব্রজ্যার পর তাঁর নতুন নাম রাখা হয় “শাসনশ্রী শ্রামণ”। সেই মুহূর্ত থেকেই শুরু হয় তাঁর ত্যাগ, সাধনা ও বুদ্ধশাসনময় জীবনযাত্রার দীপ্ত অধ্যায়।
উপসম্পদা, দীর্ঘ সাধনা ও শিক্ষাজীবন : জীবনের ধারাবাহিকতায় ১৯৪৩ খ্রিষ্টাব্দে উখিয়ার পাতাবাড়ি আনন্দ বিহারে শাসনশ্রী শ্রামণ পূর্ণ উপসম্পদা লাভ করেন। আনন্দমিত্র মহাস্থবিরসহ বহু সংঘমনীষীর উপস্থিতিতে উ কেতুমালা মহাস্থবিরের উপাধ্যায়ত্বে তিনি ভিক্ষু জীবন গ্রহণ করেন। উপসম্পদার পর তাঁর নামকরণ করা হয় “শাসনশ্রী ভিক্ষু”। জীবন পরিক্রমায় সদ্ধর্মের কল্যাণ সাধন করতে করতেই কালক্রমে এই নামই বৌদ্ধ সমাজে এক গৌরবোজ্জ্বল ইতিহাসে পরিণত হয়। একুশে ও স্বাধীনতা পদক প্রাপ্ত, বিশ্ববরেণ্য,মহামান্য দশম সংঘরাজ পণ্ডিতপ্রবর জ্যোতিঃপাল মহাথেরের মহাপ্রয়াণের পর ২০০৩ খ্রিষ্টাব্দের ৯ জানুয়ারি কুমিল্লার বরইগাঁওয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ভিক্ষু মহাসভার ৬৩তম অধিবেশনে শাসনশ্রী মহাস্থবিরকে একাদশ সংঘরাজ ও বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু হিসেবে অভিষিক্ত করা হয়। পরদিন ১০ জানুয়ারি আন্তর্জাতিকভাবে খ্যাতিমান দশম সংঘরাজ জ্যোতিঃপাল মহাথেরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে তিনি একাদশ সংঘরাজ হিসেবে সভাপতিত্ব করেন। উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাতজন মন্ত্রী, ভারতীয় সংঘরাজ বিদর্শনাচার্য প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির, অখিল ভারতীয় সংঘরাজ ভদন্ত ধর্মপাল মহাস্থবিরসহ শত শত ভিক্ষু-শ্রামণ এবং প্রায় ত্রিশ হাজার ধর্মানুরাগী উপস্থিত ছিলেন। পরবর্তীতে ১১ জানুয়ারি পূর্ব জোয়ারা শ্রদ্ধানন্দ বিহারে বিশাল মোটর শোভাযাত্রার মাধ্যমে গ্রামবাসী ও ভক্তরা তাদের নবনিযুক্ত একাদশ সংঘরাজকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসায় বরণ করে নেন।
পরম শ্রদ্ধেয় সংঘরাজ শাসনশ্রী মহাস্থবিরের পবিত্র ভিক্ষু জীবন ছিল দীর্ঘ সাধনা, সেবা ও নেতৃত্বের এক উজ্জ্বল ইতিহাস। ১৯৪৩ থেকে ১৯৪৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি উখিয়া আনন্দ বিহারে অবস্থান করেন। ১৯৪৫ থেকে ১৯৪৭ খ্রিষ্টাব্দে সাতবাড়িয়া শান্তি বিহারে ধর্মচর্চা ও সংঘসেবায় নিয়োজিত ছিলেন। ১৯৪৭ খ্রিষ্টাব্দে নবনির্মিত শীলকূপ সাধন কুঠিরের প্রথম বিহারাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৫০ থেকে ১৯৬৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রায় চৌদ্দ বছর কোটবাজার উখিয়া, পশ্চিমরত্না, শীলপাড়া ও সুদর্শন বিহারের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৬৪ থেকে ১৯৭৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রায় এক দশক রুদুরা বিহারের বিহারাধ্যক্ষ ছিলেন। ১৯৭৪ থেকে ১৯৯৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত দীর্ঘ বিশ বছর ওষখাইন সদ্ধর্মানন্দ বিহারের অধ্যক্ষ হিসেবে ধর্মপ্রচার ও সংঘকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯৪ থেকে ২০০৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত পূর্ব জোয়ারা শ্রদ্ধানন্দ বিহারের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
সাংগঠনিক: তিনি বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালনের মাধ্যমে সমাজ সদ্ধর্মের মহাকল্যাণ সাধন করেছেন। বিশেষ করে শ্রদ্ধেয় শাসনশ্রী মহাস্থবির বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি হিসেবে প্রায় ছয় বছর অত্যন্ত দক্ষতা, প্রজ্ঞা ও দূরদর্শিতার সাথে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে মহাসভা সাংগঠনিকভাবে আরও সুদৃঢ় ও কার্যকর হয়ে ওঠে।
আন্তর্জাতিক : আন্তর্জাতিক পরিমণ্ডলে শাসনশ্রী মহাস্থবির দেশে, আন্তর্জাতিক অঙ্গনেও বৌদ্ধধর্ম ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতিনিধি ছিলেন। ১৯৫২ খ্রিষ্টাব্দে তিনি ভারতের সাঁচীতে বুদ্ধশিষ্য সারিপুত্র ও মৌদগল্যায়নের পবিত্র অস্থিধাতু সংরক্ষণের উদ্দেশ্যে নবনির্মিত বিহার প্রতিষ্ঠার আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করেন। পরবর্তীতে ১৯৬৪, ১৯৭৪, ১৯৮১ ও ১৯৯২ খ্রিষ্টাব্দে তিনি ভারতের বিভিন্ন বৌদ্ধ তীর্থস্থান পরিদর্শন করেন। এসব সফরে তিনি বিভিন্ন ভাষাভাষী নবদীক্ষিত বৌদ্ধদের ধর্মদেশনা প্রদান করে বুদ্ধের শান্তির বাণী প্রচার করেন। ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৮ নভেম্বর বুদ্ধগয়ায় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কর্তৃক নির্মাণাধীন বাংলাদেশ বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। উক্ত ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংঘের সভাপতি মহামান্য বিশুদ্ধানন্দ মহাথের।
এছাড়াও ১৯৯৬ খ্রিষ্টাব্দে তিনি মায়ানমার ও থাইল্যান্ড সফর করে সেসব দেশের সমৃদ্ধ বৌদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় জীবন গভীরভাবে পরিদর্শন করেন। তাঁর এসব আন্তর্জাতিক সফর বৌদ্ধ বিশ্বের সঙ্গে বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়ক হয়েছিল।
সংবর্ধনা ও সম্মাননা : একাদশ সংঘরাজ পদে অভিষিক্ত হওয়ার পর শ্রীমৎ শাসনশ্রী মহাস্থবিরকে দেশের বিভিন্ন বৌদ্ধ জনপদ, বিহার ও সংগঠনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মানের সঙ্গে সংবর্ধিত করা হয়। তাঁর জ্ঞান, প্রজ্ঞা, বিনয় ও সংঘনেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে সর্বস্তরের বৌদ্ধ সমাজ তাঁকে আপন করে বরণ করে নেয়। ২০০৩ খ্রিষ্টাব্দের ৩১ জানুয়ারি বাঁশখালী বৌদ্ধ সমিতি তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করে। এরপর একই বছরের ১৪ ফেব্রুয়ারি সাতকানিয়া ও লোহাগাড়ার প্রায় চব্বিশটি বৌদ্ধ অধ্যুষিত জনপদের উদ্যোগে চেদিরপুনিতে তাঁকে এক বিশাল গণসংবর্ধনা দেওয়া হয়। এ আয়োজন ছিল ভক্ত-অনুরাগীদের অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসার এক স্মরণীয় বহিঃপ্রকাশ।
২০০৩ খ্রিষ্টাব্দের ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ তাঁকে সম্মানসূচক “বিশুদ্ধানন্দ শান্তি পদক” প্রদান করে। এই পদক তাঁর আজীবন ধর্মসেবা, সংঘঐক্য প্রতিষ্ঠা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।
একই বছরের ২১ মার্চ বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান দানবীর রাখাল চন্দ্র বড়ুয়ার অর্থায়নে নির্মিত পূর্ব জোয়ারা পরমানন্দ বিহারের উৎসর্গ অনুষ্ঠানে শাসনশ্রী মহাস্থবিরকে যে অভূতপূর্ব সংবর্ধনা প্রদান করা হয়, তা বৌদ্ধ ইতিহাসে এক বিরল ও স্মরণীয় ঘটনা হিসেবে বিবেচিত। প্রায় চৌদ্দশত ভিক্ষু-শ্রামণ এবং হাজার হাজার উপাসক-উপাসিকার উপস্থিতিতে আয়োজিত সেই রাজকীয় অভ্যর্থনা ছিল এক অনন্য ধর্মীয় মহাসমাবেশ।
পরবর্তীতে ২৬ মার্চ সাতবাড়িয়া বেপারীপাড়া রত্নাংকুর বিহারে এবং ২৭ মার্চ সাতবাড়িয়া শান্তি বিহারে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও খুসাঙ্গের পাড়া মহাবোধি বিহার, তালসরা আনন্দরাম বিহার, ছত্তরপুটিয়া উত্তরভূষী পূর্ণানন্দ বিহারসহ বহু বিহার ও ধর্মীয় সংগঠন তাঁকে একাদশ সংঘরাজ হিসেবে শ্রদ্ধা ও সম্মানের সাথে বরণ করে নেয়।
মহাপ্রয়াণ: ২০০৩ খ্রিষ্টাব্দের ১২ মে থেরবাদী বৌদ্ধধর্মের প্রখ্যাত সংঘমনীষা, একাদশ সংঘরাজ শ্রীমৎ শাসনশ্রী মহাস্থবির মহাপ্রয়াণ করেন। তাঁর মহাপ্রয়াণে সমগ্র বৌদ্ধ সমাজে গভীর শোকের ছায়া নেমে আসে। একজন প্রজ্ঞাবান ধর্মাচার্য, সংঘসংগঠক ও মানবকল্যাণে নিবেদিত মহাপুরুষকে হারিয়ে দেশ ও জাতি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়। পরবর্তীতে ২০০৪ খ্রিষ্টাব্দের ৩০ জানুয়ারি জাতীয় ভাবে পূর্ণ ধর্মীয় মর্যাদা ও ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে তাঁর নশ্বর দেহ দাহক্রিয়া সম্পন্ন করা হয়। সেই দিনটি বৌদ্ধ সমাজের জন্য ছিল একইসঙ্গে শোক, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার এক গভীর আবেগময় স্মৃতি। তাঁর কর্ম, আদর্শ ও অবদান আজও বৌদ্ধ সমাজকে পথপ্রদর্শন করে চলেছে।
তথ্যসূত্র -
* শাসনশ্রী স্মারক,
* সাংঘিক মহাজীবন
* অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া
* প্রফেসর ডঃ অর্থদর্শী বড়ুয়া