05/06/2026
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ,
সম্মানিত দক্ষিণ আফ্রিকা প্রবাসী ভাই ও বোনেরা,
আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সুস্থতা, নিরাপত্তা ও কল্যাণই আমাদের একান্ত কাম্য।
আপনারা অবগত আছেন যে, দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশে এক মর্মান্তিক সশস্ত্র ডাকাতির ঘটনায় আমাদের প্রিয় ভাই মরহুম ঝুমুর কর্মকার ইন্তেকাল করেছেন। শনিবার, ৩০ মে ২০২৬, স্থানীয় সময় রাত আনুমানিক ৯টার দিকে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
মরহুম ঝুমুর কর্মকারের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা স্টেশন সংলগ্ন এলাকায়। জানা যায়, দোকান বন্ধ করার ঠিক পূর্ব মুহূর্তে একদল সশস্ত্র ডাকাত তার দোকানে প্রবেশ করে। নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করার সময় তারা ঝুমুর কর্মকারকে গুলি করে। ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
এই কঠিন ও শোকের মুহূর্তে মরহুমের মরদেহ দেশে পাঠানোর জন্য নোয়াখালী অ্যাসোসিয়েশন অফ সাউথ আফ্রিকার সম্মানিত কমিটির সদস্যবৃন্দ এবং অসংখ্য মানবিক হৃদয়ের মানুষ যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই সকল দানশীল ব্যক্তি, শুভাকাঙ্ক্ষী এবং সংগঠনের সদস্যদের, যাদের আর্থিক ও নৈতিক সহযোগিতার মাধ্যমে এই মানবিক উদ্যোগ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সম্মানিত সভাপতি জনাব,মোস্তাফিজুর রহমান ভাইয়ের প্রতি, যার আন্তরিক প্রচেষ্টা, দিকনির্দেশনা ও সহযোগিতায় মানবিক তহবিল সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় আমরা মোট R26,100 (ছাব্বিশ হাজার একশত র্যান্ড) সংগ্রহ করতে সক্ষম হয়েছি এবং মরহুমের নিকটাত্মীয়ের ব্যাংক অ্যাকাউন্টে সম্পূর্ণ অর্থ হস্তান্তর করা হয়েছে। এর প্রমাণস্বরূপ ট্রান্সফারের স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে।
আপনাদের এই মূল্যবান অনুদান শুধু একজন প্রবাসীর মরদেহ নিজ মাতৃভূমিতে পৌঁছে দিতে সহায়তা করেনি, বরং মানবতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আল্লাহ তাআলা আপনাদের সকলের দান, সহযোগিতা ও মানবিকতার উত্তম প্রতিদান দান করুন। আমিন
পরিশেষে, মরহুম ঝুমুর কর্মকারের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা আশা করি, এই কঠিন সময়ে তারা সকলের ভালোবাসা, সহানুভূতি ও সমর্থন থেকে শক্তি লাভ করবেন।
আপনাদের সকলের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ কামনা করছি।
ধন্যবাদ আপনাদের সবাইকে।
ধন্যবাদান্তে,
নোয়াখালী অ্যাসোসিয়েশন অফ সাউথ আফ্রিকা