08/28/2021
আমরা গভীর শোকাহত
ডাক বিভাগের সাবেক মহাপরিচালক ও কূটনৈতিক আতাউর রহমান ইন্তেকাল করেছেন।
ডাক বিভাগের সাবেক মহাপরিচালক প্রখ্যাত রম্য লেখক আতাউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার সকাল ৬টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
১৯৪২ সালে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের নগর গ্রামে জন্মগ্রহণকারী আতাউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি নেয়ার পর সিলেটের দুটি প্রতিষ্ঠান এমসি কলেজ ও মদনমোহন কলেজে কিছুদিন শিক্ষকতা করেন। তিনি সেখানে ইংরেজি সাহিত্য পড়াতেন। পরবর্তীতে তৎকালীন পাকিস্তান কেন্দ্রীয় সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাকিস্তান ডাক বিভাগে যোগ দেন। সরকারি চাকরিতে থাকা অবস্থায় প্রেষণে তিনি লন্ডন ও রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে বাণিজ্যিক ও কূটনৈতিক দায়িত্ব পালন করেন। ২০০২ সালে বাংলাদেশ ডাক বিভাগের সর্বোচ্চ পদ মহাপরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। বরেণ্য ওই লেখক আমৃত্যু ঢাকাস্থ সিলেটবাসীদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। জালালাবাদের কার্যনির্বাহী কমিটিতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অবসর জীবনের পুরোটা সময় তিনি শিক্ষকতা ও লেখাজোখায় কাটিয়েছেন। পড়িয়েছেন দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। আমলা, লেখক, শিক্ষক, কূটনীতিক- বহু পরিচয়ে পরিচিত আতাউর রহমানের জীবদ্দশায় ২৪টি সুখপাঠ্য প্রকাশিত হয়েছে। ‘দুই দুগুণে পাঁচ’ শিরোনামে বাস্তব অসঙ্গতি তুলে ধরে সংবাদপত্রে তার রম্য রচনা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল।
গোলাপগঞ্জ সোসাইটি ইউএস এ ইনকের কার্যকরী ও উপদেষ্টা মন্ডলী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।তাঁর মৃত্যুতে গোলাপগঞ্জ সোসাইটি ইউএস এ ইনকের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন গোলাপগঞ্জ সোসাইটি ইউএসএ ইনক এর সভাপতি -রিয়াজ উদ্দিন, সহসভাপতি -এমজেড ফয়ছল , সহসভাপতি- আব্দুর রকিব (চুনু ) সাধারণ সম্পাদক -জাহিদ উদ্দিন জাইন, সহ সাধারণ সম্পাদক -শেখ অলি আহাদ , কার্যকরী কমিটির -জিয়া উদ্দিন , আহমেদুর রহমান , জুবের আহমেদ , জিল্লুর রহমান , মঞ্জুর মুর্শেদ , মোহাম্মেদ কামাল , শাহিদ সৌরভ , এনায়েত করিম খোকা ,তাসমিনা আহমেদ , প্রমুখ ।