26/09/2025
আপনি "ভালো সন্তান" নন, আপনি আপনার পরিবারের ইমোশনাল ডাস্টবিন!
রাত বাজে দুটো। আপনার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখেই আপনার বুকের ভেতরটা ধক্ করে উঠল—"মা" বা "বাবা"। ফোনটা ধরার আগেই আপনি জানেন কী হতে চলেছে। হয়তো আপনার ভাইয়ের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়েছে, নয়তো বোনের শ্বশুরবাড়িতে নতুন কোনো সমস্যা, কিংবা তাদের নিজেদের শরীর খারাপ বা আর্থিক কোনো সংকট। আপনি ফোনটা ধরেন, আর অপর প্রান্ত থেকে ভেসে আসে একরাশ দুশ্চিন্তা, অভিযোগ আর সমস্যার স্রোত। আপনি ঘন্টার পর ঘন্টা ধরে শোনেন, সমাধান দেন, সান্ত্বনা দেন, আর ফোনটা রাখার পর একরাশ ক্লান্তি আর শূন্যতা নিয়ে বিছানায় পড়ে থাকেন।
সকালে উঠে আবার ছোটেন নিজের কাজ, নিজের সংসার, নিজের জীবনের সংগ্রামে। কিন্তু আপনার মাথার ভেতরে ঘুরতে থাকে আপনার পরিবারের সমস্যাগুলো। আপনি নিজের অজান্তেই তাদের জীবনের সমস্ত আবর্জনা নিজের মাথায় বয়ে বেড়ান।
সমাজ আপনাকে দেখে বলে, "ছেলে/মেয়ে বটে একখান! বাবা-মায়ের কী ভাগ্য!" আপনি নিজেও হয়তো এই তকমাটা নিয়ে গর্ববোধ করেন। কিন্তু আজ আমি আপনার এই গর্বের মুখোশটা ছিঁড়ে ফেলব। এই সত্যটা শুনুন এবং হজম করার চেষ্টা করুন: আপনি "ভালো সন্তান" নন। আপনি আপনার পরিবারের জন্য একটি চলমান ইমোশনাল ডাস্টবিন, যেখানে তারা তাদের যাবতীয় মানসিক বর্জ্য, দুশ্চিন্তা আর ব্যর্থতা নিক্ষেপ করে নিজেদের হালকা রাখে, আর বিনিময়ে আপনি ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে যান।
এই লেখাটি কোনো প্রশংসা-পত্র নয়। এটি একটি নির্মম ব্যবচ্ছেদ—যেখানে আমরা দেখব, কীভাবে "দায়িত্ব" এবং "কর্তব্য"-এর নামে আপনাকে এক ভয়ংকর মানসিক দাসে পরিণত করা হয়েছে এবং কীভাবে আপনি নিজের জীবনকে উৎসর্গ করে অন্যের জীবনের ধ্বংসস্তূপ পরিষ্কার করার এক অন্তহীন ঠিকাদারি নিয়েছেন।
কোনো শিশু ইমোশনাল ডাস্টবিন হয়ে জন্মায় না। তাকে তৈরি করা হয়। এই নির্মাণ প্রক্রিয়া শুরু হয় আপনার শৈশবে, খুব সূক্ষ্ম এবং পরিকল্পিতভাবে।
আপনি হয়তো পরিবারের বড় সন্তান, অথবা স্বভাবগতভাবেই অন্যদের চেয়ে একটু বেশি সংবেদনশীল এবং শান্ত। ছোটবেলা থেকেই আপনি দেখেছেন, আপনার অন্য ভাই-বোনেরা হয়তো জেদি, চঞ্চল বা আত্মকেন্দ্রিক। আর আপনি তাদের চেয়ে আলাদা। আপনি বাবা-মায়ের কষ্ট বোঝেন, সংসারের অভাব-অনটন অনুভব করেন।
আপনার এই সংবেদনশীলতাই আপনার জন্য কাল হয়ে দাঁড়ায়। আপনার বাবা-মা আপনার এই গুণটিকে আবিষ্কার করেন এবং নিজেদের অজান্তেই এর সুযোগ নিতে শুরু করেন। যখনই সংসারে কোনো অশান্তি হয়, তারা আপনার কাছেই তাদের দুঃখের কথা বলেন। "তোর বাবাকে দেখছিস? কোনো দায়িত্বজ্ঞান নেই," কিংবা "তোর মা-কে তো কিছুই বোঝানো যায় না।" আপনি, ছোট্ট শিশু, দুই প্রাপ্তবয়স্ক মানুষের মাঝখানে এক অসহায় মধ্যস্থতাকারী হয়ে ওঠেন। আপনি তাদের কষ্ট দেখে কষ্ট পান এবং তাদের খুশি করার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেন।
আপনাকে প্রশংসা করা হয়। "আমার এই ছেলে/মেয়েটাই আমার দুঃখটা বোঝে," "ও না থাকলে আমাদের কী যে হতো!"—এই প্রশংসাগুলো আপনার জন্য হয়ে ওঠে মাদকের মতো। আপনি শিখতে শুরু করেন যে, অন্যের সমস্যার সমাধান করলেই, অন্যের ভার বহন করলেই ভালোবাসা আর স্বীকৃতি পাওয়া যায়। আপনার নিজের চাওয়া-পাওয়া, আপনার নিজের কষ্ট—এগুলো অপ্রয়োজনীয়। আপনার মূল্য আপনার উপযোগিতার ওপর নির্ভরশীল। আপনি পরিবারের জন্য কতটা করতে পারছেন, তার ওপরই আপনার আত্মসম্মান নির্ভর করে।
এভাবেই আপনার মাথায় পরিয়ে দেওয়া হয় এক অদৃশ্য শহীদের মুকুট। যে মুকুটের ভারে আপনার নিজের সত্তা, আপনার শৈশব, আপনার স্বপ্ন ধীরে ধীরে পিষ্ট হতে শুরু করে। আপনি হয়ে ওঠেন একজন "ক্ষুদ্র প্রাপ্তবয়স্ক", যার কাঁধে তার বয়সের চেয়ে অনেক বেশি ভার চাপিয়ে দেওয়া হয়েছে।
বড় হওয়ার সাথে সাথে এই ভূমিকাটি আরও ভয়ংকর রূপ নেয়। আপনার পরিবার, বিশেষ করে আপনার বাবা-মা, হয়ে ওঠেন "মানসিক রক্তচোষা" বা Emotional Vampire। তারা নিজেরা তাদের মানসিক পরিপক্কতার অভাবে নিজেদের জীবনের সমস্যা বা দাম্পত্য কলহের সমাধান করতে পারেন না। তাই তারা সবচেয়ে সহজ রাস্তাটি বেছে নেন—আপনার ওপর তাদের সমস্ত নেতিবাচকতা নিক্ষেপ করা।
তারা আপনাকে ফোন করে ঘন্টার পর ঘন্টা ধরে একই অভিযোগ, একই সমস্যার কথা বলতে থাকেন। তারা কোনো সমাধান চান না, তারা শুধু তাদের ভেতরের বিষটা উগরে দেওয়ার জন্য একটি পাত্র চান। আর আপনি, সেই স্বেচ্ছায় রক্তদাতা, সেই পাত্রটি হয়ে ওঠেন। আপনি তাদের সমস্ত বিষাক্ততা নিজের ভেতরে শুষে নেন।
এই চক্রের কিছু ভয়ংকর লক্ষণ হলো:
একতরফা কথপোকথন: তাদের ফোন কলগুলো খেয়াল করুন। ৯০% কথাই হয় তাদের সমস্যা নিয়ে। তারা খুব কমই জানতে চায়, "তোর দিন কেমন কাটল?" বা "তোর কোনো সমস্যা হচ্ছে না তো?" আপনার জীবন তাদের কাছে গৌণ, তাদের সমস্যাই মুখ্য।
দায়িত্বের সীমানা লঙ্ঘন: আপনার ভাই-বোনেরা প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও তাদের জীবনের দায়ভারও আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হয়। "তোর ভাইকে একটু বোঝা না," "তোর বোনের শ্বশুরবাড়িতে ফোন করে একটু কথা বল।" আপনি হয়ে ওঠেন পুরো পরিবারের অঘোষিত অভিভাবক।
আর্থিক শোষণ: আপনি পরিবারের মধ্যে সবচেয়ে সফল বা দায়িত্বশীল হওয়ায় সমস্ত আর্থিক চাপ আপনার ওপর এসে পড়ে। অন্য ভাই-বোনেরা হয়তো নিজেদের আয় নিজেদের মতো খরচ করে, কিন্তু পরিবারের যেকোনো প্রয়োজনে আপনার দিকেই সবাই তাকিয়ে থাকে। আপনি 'না' বলতে পারেন না, কারণ 'না' বলাটা আপনার "ভালো সন্তান"-এর ইমেজের সাথে খাপ খায় না।
আপনার জীবনকে নিয়ন্ত্রণ: আপনার বিয়ে, আপনার ক্যারিয়ার, আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত—সবকিছুতেই তারা তাদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। কারণ তারা আপনাকে একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে দেখে না, তারা আপনাকে তাদের বর্ধিত অংশ বা তাদের জীবনের একটি প্রজেক্ট হিসেবে দেখে।
আপনি এই রক্তক্ষরণ নীরবে সহ্য করে যান। কারণ আপনাকে শেখানো হয়েছে, এটাই "কর্তব্য"। এটাই "ভালোবাসা"। কিন্তু এটা ভালোবাসা নয়। এটা এক ধরনের শোষণ। যে সম্পর্কে আপনার মানসিক শান্তি কেড়ে নেওয়া হয়, যেখানে আপনার সীমানাকে সম্মান করা হয় না, সেটা ভালোবাসা হতে পারে না।
এই "ভালো সন্তান"-এর ভূমিকা পালন করার জন্য আপনাকে যে মূল্য দিতে হয়, তা অকল্পনীয়। আপনার ব্যক্তিগত জীবন ধীরে ধীরে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়।
আপনি আপনার নিজের দাম্পত্য বা প্রেমের সম্পর্কে কখনো শতভাগ দিতে পারেন না। কারণ আপনার মানসিক শক্তির একটা বড় অংশ আপনার পৈতৃক পরিবার শুষে নেয়। আপনার সঙ্গী বা সঙ্গিনী যখন আপনার মনোযোগ চায়, তখন আপনি শারীরিকভাবে উপস্থিত থাকলেও মানসিকভাবে ক্লান্ত এবং অনুপস্থিত থাকেন। আপনার সঙ্গী ধীরে ধীরে অনুভব করে যে, আপনার জীবনে সে সবসময় দ্বিতীয়। আপনার কাছে আপনার বাবা-মা এবং ভাই-বোনদের সমস্যাই বেশি গুরুত্বপূর্ণ। এই কারণেই বহু "ভালো সন্তান"-এর নিজের সংসারটা টিকে থাকে না। তারা পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে নিজের সঙ্গীকে হারিয়ে ফেলে।
আপনি কে? আপনার কী ভালো লাগে? আপনার স্বপ্ন কী?—এই প্রশ্নগুলোর কোনো উত্তর আপনার কাছে থাকে না। কারণ আপনি সারাজীবন অন্যের প্রয়োজন মেটাতেই ব্যস্ত ছিলেন। আপনি নিজের জন্য কখনো বাঁচেনইনি। আপনার পরিচয় হয়ে গেছে "অমুকের ছেলে/মেয়ে" বা "অমুকের ভাই/বোন"। এর বাইরে আপনার নিজস্ব কোনো সত্তাই তৈরি হয়নি।
যে সময় এবং মানসিক শক্তি আপনার নিজের ক্যারিয়ার বা পেশাগত উন্নতিতে দেওয়ার কথা ছিল, তার পুরোটাই আপনি ব্যয় করেছেন পারিবারিক কলহ মেটাতে। ফলে, আপনি আপনার সম্ভাবনার শিখরে পৌঁছাতে পারেন না। আপনি একধরনের অতৃপ্তি এবং হতাশা নিয়ে বেঁচে থাকেন।
ক্রমাগত অন্যের দুশ্চিন্তা বহন করার ফলে আপনার শরীরে বাসা বাঁধে দীর্ঘস্থায়ী অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং বার্নআউট। আপনার ঘুম নষ্ট হয়ে যায়, হজমের সমস্যা দেখা দেয়, রক্তচাপ বেড়ে যায়। আপনার শরীর আপনার মনের এই unbearable ভার আর বহন করতে পারে না। আপনি অল্প বয়সেই বুড়িয়ে যান।
আপনি আসলে আপনার পরিবারের জন্য জীবন দিচ্ছেন না, আপনি তাদের অকর্মণ্যতা এবং অপরিপক্কতার জন্য ধীরে ধীরে আত্মহত্যা করছেন।
এই নাটকের সবচেয়ে দুঃখজনক চরিত্রটি হলো আপনার অন্য ভাই-বোনেরা। তারা আপনার এই ত্যাগকে সম্মান করার পরিবর্তে এর পুরো সুযোগ নেয়।
তারা জানে, পরিবারের যেকোনো সমস্যায় আপনিই ঝাঁপিয়ে পড়বেন। তাই তারা দায়িত্ব নিতে শেখে না। তারা নিজেদের জীবন নিয়ে, নিজেদের শখ-আহ্লাদ নিয়ে কুল থাকে। বাবা-মায়ের প্রতি তাদের যে দায়িত্ব, সেটাও তারা আপনার কাঁধে চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকে।
তারা আপনাকে দেখে একদিকে ঈর্ষা করে (কারণ বাবা-মা আপনার ওপর বেশি নির্ভরশীল), আবার অন্যদিকে আপনাকে মনে মনে "বোকা" ভাবে। তারা জানে, আপনি আছেন বলেই তাদের কোনো চিন্তা করতে হয় না। আপনি হলেন সেই সেফটি নেট, যা তাদের সমস্ত পতন থেকে বাঁচিয়ে নেয়।
যখন সম্পত্তির ভাগ-বাটোয়ারার সময় আসে, তখন হঠাৎ করেই তাদের "অধিকারবোধ" জেগে ওঠে। যে সন্তানটি সারাজীবন বাবা-মায়ের মানসিক ও আর্থিক ভার বহন করল, তাকে তখন সমানে সমান ভাগ দেওয়া হয়। অনেক ক্ষেত্রে তাকে বঞ্চিতও করা হয়। এটাই হলো আপনার এত বছরের ত্যাগের পুরস্কার। আপনি শুধু তাদের ডাস্টবিনই ছিলেন না, আপনি তাদের সিঁড়িও ছিলেন, যা বেয়ে তারা আরামে ওপরে উঠেছে।
আপনি হয়তো এতক্ষণে আপনার জীবনের বাস্তবতার সাথে এই কথাগুলো মেলাতে পারছেন। আপনি হয়তো ভাবছেন, "আমি আর এই ভার বইতে পারছি না। আমার এবার নিজের জন্য বাঁচা উচিত।"
কিন্তু যেই মুহূর্তে আপনি নিজের জন্য একটু ভাবতে শুরু করবেন, নিজের সীমানা তৈরি করার চেষ্টা করবেন, তখনই আপনার ওপর প্রয়োগ করা হবে সবচেয়ে শক্তিশালী এবং প্রাচীনতম অস্ত্রটি—অপরাধবোধ (Guilt)।
আপনাকে বলা হবে:
"তুই তো এখন অনেক বদলে গেছিস।"
"বিয়ে করে/টাকা-পয়সা কামিয়ে আমাদের ভুলেই গেলি।"
"আমাদের বুড়ো বয়সে দেখার কেউ রইল না।"
"তোর জন্য এতকিছু করলাম, আর আজ তুই আমাদের পর করে দিচ্ছিস?"
এই কথাগুলো বিষাক্ত তীরের মতো আপনার হৃদয়ে এসে বিঁধবে। আপনি ভেতরে ভেতরে ছটফট করবেন। আপনার মনে হবে, আপনি একজন স্বার্থপর, অকৃতজ্ঞ এবং "খারাপ" সন্তান। এই অপরাধবোধের কারাগারে আপনি আবার বন্দী হয়ে যাবেন। আপনি আবার ফিরে যাবেন সেই পুরনো ভূমিকায়, সেই ইমোশনাল ডাস্টবিনের জীবনে। কারণ "খারাপ সন্তান" হওয়ার ভয়, সমাজের চোখে নিন্দিত হওয়ার ভয় আপনার কাছে নিজের মানসিক শান্তির চেয়েও বড় হয়ে দাঁড়ায়।
আমি আপনাকে কোনো সমাধান দিতে আসিনি। কারণ এর কোনো সহজ সমাধান নেই। আমি শুধু আপনার হাতে একটি জ্বলন্ত মশাল তুলে দিতে এসেছি, যা দিয়ে আপনি আপনার কারাগারের দেওয়ালগুলো স্পষ্ট দেখতে পাবেন। এবার নিজেকে এই প্রশ্নগুলো করার সাহস সঞ্চয় করুন।
আপনার পরিবারের সদস্যরা কি আপনার জন্য শক্তির উৎস, নাকি আপনার মানসিক শক্তি নিঃশেষ করার কারণ? আপনি যখন তাদের ফোন ধরেন, আপনার কি আনন্দ হয়, নাকি অজানা আতঙ্ক হয়?
কল্পনা করুন, আপনার নিজের সন্তানও যদি আপনার মতোই একজন "ভালো সন্তান" হয়ে ওঠে এবং নিজের জীবনকে আপনার জন্য ধ্বংস করে দেয়, আপনি কি সেটা মেনে নিতে পারবেন? যদি না পারেন, তবে আপনি নিজে কেন এই জীবনযাপন করছেন?
যে ভাই-বোনেরা আপনার ত্যাগের ওপর দাঁড়িয়ে নিজেদের সুখী জীবনযাপন করছে, তারা কি সত্যিই আপনার আপনজন, নাকি আপনার জীবনের সবচেয়ে বড় পরজীবী?
আপনি কি ভালোবাসা এবং কর্তব্যের মধ্যে পার্থক্য করতে ভুলে গেছেন? যে "কর্তব্য" আপনাকে ভেতর থেকে মেরে ফেলে, সেটা কি পালন করাটা মহত্ত্ব, নাকি চরম বোকামি?
আর সবশেষে, নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেক "ভালো সন্তান"-এর জন্য একটাই অন্তিম, হাড় কাঁপানো প্রশ্ন, যা আজ রাতে আপনাকে ঘুমাতে দেবে না: একদিন যখন আপনার বাবা-মা থাকবেন না, যখন আপনার কাঁধ থেকে এই তথাকথিত "দায়িত্ব" নেমে যাবে, সেদিন পিছনে তাকিয়ে আপনি কী দেখবেন? একটি পরিপূর্ণ, নিজের যাপন করা জীবন? নাকি অন্যের আবর্জনা পরিষ্কার করতে করতে নষ্ট হয়ে যাওয়া এক জীবনের ধ্বংসাবশেষ? সেদিন আপনার এই ত্যাগের জন্য কে আপনাকে মনে রাখবে?
©️ফারহানা