05/09/2024
♦ওযুর সময়/শুরুতে বিসমিল্লাহ না বললে ওযু হবে কিনা??
অযূর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত। কেননা রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী পূর্ণাঙ্গভাবে অযূ না করলে কারো সালাত শুদ্ধ হবে না। সুতরাং সে তার মুখমণ্ডল এবং উভয় হাত কনুই পর্যন্ত ধুবে, মাথা মাসাহ করবে এবং উভয় পা গোড়ালীসহ ধুবে...’ (আবূ দাঊদ, হা/৮৫৮)। এই হাদীছে রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলার কথা বর্ণনা করেননি। সুতরাং এই হাদিস সহ আরো অন্য বর্ণনা প্রমাণ করে যে, অযূতে বিসমিল্লাহ বলা ফরয নয়, বরং তা সুন্নাত। অযূর শুরুতে বিসমিল্লাহ বলাই উত্তম। তবে কেউ যদি অযূতে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তাহলে তার অযূ হয়ে যাবে। (আল মাজমূ, ১/৩৪৬; শারহুল মুমতে, ১/১৩০)।
উল্লেখ্য যে, একটি হাদীছে রয়েছে, যে ব্যক্তি অযূতে বিসমিল্লাহ বলে না, তার অযূই হয় না (আবূ দাঊদ, হা/১০২, ইবনু মাজাহ, হা/৩৯৭)। এখানে উদ্দেশ্য হলো, বিসমিল্লাহ না বললে তার পূর্ণাঙ্গ অযূ হবে না। বিসমিল্লাহ বলা ছাড়া অযূকে একেবারে নাকচ করা এখানে উদ্দেশ্য নয়। (আল-মাজমূ, ১/৩৪৭; আল-মুগনী, ১/১৪৬)।
--------------------------------------------
হাদীসে ওযুর শুরুতেই বিসমিল্লাহ বলার কথা এসেছে। তাই ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া না হলে উক্ত সুন্নত আদায় হবে না। তবে ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে স্মরণ হওয়ার পর মাঝে বিসমিল্লাহ পড়া যাবে না- এমনটাও নয়; বরং ওযুর মাঝে বিসমিল্লাহর কথা স্মরণ হলেও কোনো কোনো ফকীহ তখন তা পড়ে নিতে বলেছেন। এছাড়া কোনো কোনো ফকীহ ওযুর প্রত্যেক অঙ্গ ধোয়ার সময়ও বিসমিল্লাহ পড়ার কথা বলেছেন। তাই ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলেও মাঝখানে পড়ে নেবে।
— মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদীস ১৪, ১৭; মুসনাদে আবি ইয়ালা, হাদীস ৪৬৬৮; নুখাবুল আফকার ১/১৩৯; তাবয়ীনুল হাকায়েক ১/৩৪; ফাতহুল কাদীর ১/২১; আলবাহরুর রায়েক ১/২০; ইমদাদুল ফাত্তাহ পৃ. ৮২; আলমুগনী, ইবনে কুদামা ১/১৪৬
[সূত্র : মাসিক আল কাউসার
যিলহজ্ব ১৪৪৩ || জুলাই ২০২২]