11/08/2026
🇰🇷 কোরিয়ায় ক্ষেতে কাজ করতে গিয়ে নিখোঁজ—একদিন পর মৃত অবস্থায় উদ্ধার বিদেশি নারী শ্রমিক
গিয়ংগি প্রদেশের ইয়োজু (여주) এলাকায় ক্ষেতে কাজ করার সময় হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া ৩০-এর কোঠার এক লাওসের নারী মৌসুমি শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
গত ৭ আগস্ট দুপুর ১টা ৪০ মিনিটের দিকে তিনি খামারে ফসলের বীজ রোপণের কাজ করছিলেন। এ সময় এক সহকর্মীকে জানান, “হঠাৎ শরীর ভালো লাগছে না।” এরপর ছায়ায় বিশ্রাম নেওয়ার একপর্যায়ে তিনি নিখোঁজ হন।
খামারের মালিকের অভিযোগের পর পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে তল্লাশি চালায়। প্রায় ২৮ ঘণ্টা পর, ক্ষেত থেকে প্রায় ২০০ মিটার দূরের ঝোপের মধ্যে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ওই নারী ৫ আগস্ট ৮ মাসের মৌসুমি কর্মী ভিসায় কোরিয়ায় প্রবেশ করেন এবং পরদিন ৬ আগস্ট থেকেই খামারে কাজ শুরু করেছিলেন। তার স্বামী ও সন্তান লাওসে রয়েছেন।
নিখোঁজের দিন তিনি সকাল ৭টা থেকে প্রচণ্ড গরমের মধ্যে বাইরে ক্ষেতে কাজ করছিলেন। সে সময় ওই এলাকার তাপমাত্রা ছিল ৩৬.২°C। পুলিশ তাপজনিত অসুস্থতায় তার মৃত্যু হয়ে থাকতে পারে—এমন সম্ভাবনাও বিবেচনায় রেখেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।
📰 নিউজ সূত্র: 연합뉴스 (ইয়োনহাপ নিউজ)