01/09/2026
"জাপানে সর্ববৃহৎ আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতা সম্পন্ন"
জাপানের প্রধান শহরগুলোতে প্রায় আট শতাধিক প্রতিযোগীর বাছাইপর্ব পেরিয়ে গ্র্যান্ড ফাইনালে শতাধিক প্রতিযোগী বিজয়ী হিসেবে পুরস্কৃত হলো
জাপানের মাটিতে পবিত্র কোরআনের সুমধুর তিলাওয়াত, শিশু-কিশোরদের প্রাণচাঞ্চল্য আর জাপানে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মুসলিমদের মিলনমেলায় সম্পন্ন হলো জাপানের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতা।
ইসলামিক কালচারাল ফাউন্ডেশন জাপানের প্রযোজনায় এবং ইসলামিক মিশন জাপানের সহযোগিতায় আয়োজিত এই ব্যতিক্রমী প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ৩০ আগস্ট ২০২৬, রোববার, সাইতামা প্রিফেকচারের কোশিগায়া শহরের গামো বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে। দুপুর ২টা থেকে শুরু হয় বহুল প্রতীক্ষিত এই আয়োজন।
এর আগে জাপানের বিভিন্ন প্রান্তে মাসব্যাপী অনুষ্ঠিত হয় আঞ্চলিক বাছাইপর্ব। দেশজুড়ে অনুষ্ঠিত এসব বাছাইপর্বে অংশ নেয় প্রায় আট শতাধিক প্রতিযোগী। তাদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত ১২০ প্রতিযোগী গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণের সুযোগ লাভ করে।
*কোরআনের সুরে মুখরিত মসজিদ প্রাঙ্গণ*
দুপুর গড়িয়ে আসার আগেই কচিকাঁচাদের কলকাকলি, অভিভাবকদের আগমন এবং দূর-দূরান্ত থেকে ছুটে আসা প্রতিযোগী ও অতিথিদের পদচারণায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। সালাতুল জোহর শেষে অতিথি, প্রতিযোগী ও অভিভাবকেরা যখন নিজ নিজ আসনে আসীন হন, তখন পুরো আয়োজনটি রূপ নেয় এক প্রাণবন্ত বর্নিল উৎসবে।
ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মারুফের সার্বিক পরিচালনা এবং Young Muslim Japan এর পরিচালক, ও জাপান বাংলা নিউজ সম্পাদক আতিকুর রহমানের ব্যবস্থাপনায় আয়োজক কমিটির সদস্যরা আয়োজনটিকে জাপানে বসবাসরত বিভিন্ন দেশের মুসলিমদের এক অনন্য মিলনমেলায় পরিণত করেন।
দুপুর ২টায় অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হলে ড. মেহেদী হাসান মাহফুজ ও ইঞ্জিনিয়ার শাহ জামালের সঞ্চালনায় পবিত্র কোরআনুল কারিমের তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় প্রতিযোগিতার আনুষ্ঠানিক পর্ব।
*ইসলামী সংস্কৃতি চর্চার ওপর গুরুত্বারোপ*
উদ্বোধন করেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি ও জাপানের সুপরিচিত দাঈ হাফেজ মাওলানা সাবের আহমদ।
বিশেষ অতিথি ইসলামিক ট্রাস্ট জাপানের সেক্রেটারি জনাব হারুন কুরেশী
প্রধান অতিথি জাপানে নিযুক্ত মালদ্বীপের মান্যবর রাষ্ট্রদূত আহমাদ মাহলুফ সম্মানিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে তুলে দেন পুরস্কার ও ক্রেস্ট।
• প্রথম স্থান: ৩০,০০০ ইয়েন ও ক্রেস্ট
• দ্বিতীয় স্থান: ২০,০০০ ইয়েন ও ক্রেস্ট
• তৃতীয় স্থান: ১০,০০০ ইয়েন ও ক্রেস্ট
• চতুর্থ থেকে দশম স্থান: প্রত্যেকে ১,০০০ ইয়েন ও ক্রেস্ট
এছাড়া গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতি ইসলামিক কালচারাল ফাউন্ডেশন জাপানের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আব্দুল মালেক।
Japanbanglanews
Islamic Cultural Foundation Japan
Baitul Aman Academy Japan
Young Muslim Japan-YMJ