09/10/2025
এরা কিন্তু কেউ বসে খালি রিডিং পড়ছে না। এরা সবাই শেখার চেষ্টায় আছে গুণনীয়ক আর গুণিতক কী জিনিস, আমরা কেন লসাগু ও গসাগু করি, কীভাবে এগুলোকে প্রতিদিনের জীবনে কাজে লাগাবো।
এরা সবাই ক্লাস সিক্স থেকে নাইনের ছাত্রছাত্রী (আমরা বলে থাকি বাচ্চাকাচ্চা)।
মুশকিল কোথায় জানেন?
নির্দিষ্ট ক্লাসের এমন অনেক জিনিস রয়ে গেছে যা সেই নির্দিষ্ট শিক্ষাবর্ষে এরা শেখেনি। তাই, থেকে গেছে খামতি। এই বুনিয়াদি ভিতটা পোক্ত না হওয়ার ফলে বর্তমান শিক্ষাবর্ষের পাঠ এদের বুঝতে অসুবিধা হয়। ফলে তৈরি হচ্ছে শিক্ষার প্রতি ভয়, হারাচ্ছে আগ্রহ আর আত্মবিশ্বাস।
পূজোর ছুটির কটা দিন তাই বিভিন্ন উপায় অবলম্বন করে সেসব শেখানোর চেষ্টা চলছে, যা বাচ্চার ভিতটা একটু হলেও মেরামতি করবে। দম কম নয় এই বাচ্চাকাচ্চাদের - দিন শেষে তারা ভেদ করে ছেড়েছে লসাগু আর গসাগুর রহস্য। কাল আসবে সেটা যেচে বলে গেছে। ওরা আসছে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত - নিজের ক্লাসের আগে এখানে সেখানে যা যা বাকি তা শিখতে আর একটু ঝালিয়ে নিতে!
শিক্ষায় স্লো-ফাস্ট হয়না, হয়না শিখতে খুব দেরী। যেটা হয় সেটা অসম্পূর্ণতা - আর, সেটা কিছুটা সারানোর জন্যই এই প্রয়াস!