29/09/2025
"*সংকল্প ওয়েলফেয়ার সোসাইটি শিবমন্দির*" আমাদের এই ওয়েলফেয়ার সংস্থাটি গত ৬ বছর ধরে শিবমন্দির এবং পার্শ্ববর্তী এলাকার জনপদগুলিতে দুর্গা পুজোর সময় আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের মুখে একটু হাসি ফোটানোর জন্য নতুন জামাকাপড় এবং শাড়ি বিতরণ করে আসছে, এবারও তার ব্যতিক্রম হয় নি। শিবমন্দির থেকে ১৫ কিলোমিটার দূরে টাইপু চা বাগানের ভারিয়া ডাঙ্গা গ্রামে ক'দিন আগেই সংস্থার সদস্যরা গিয়ে ওখানকার শিশু - কিশোর - কিশোরী এবং মহিলাদের জামাকাপড় এবং শাড়ি দেওয়া যেতে পারে তার হিসেব নিয়ে এসে ছিলেন। তারপর পূর্ব পরিকল্পনা মতো আজ অর্থাৎ ২৭ সেপ্টেম্বর বিকেল ৩ টের সময় আমরা ৮৫ জন শিশু - কিশোর - কিশোরী এবং ৭০ জন মহিলার জন্যে শাড়ি নিয়ে হাজির হয়েছিলাম। চা বাগানের মধ্যস্থিত ছোট্ট একটি জনপদ, পাশ দিয়ে ছোট একটি নদী বয়ে যাচ্ছে, তার মাঝে একটি শিবমন্দির প্রাঙ্গণে আমাদের বসার ব্যাবস্থা হলো। বাচ্চাদের উৎসাহ চোখে পড়ার মতো, তারা সবাই দল বেধে উপস্থিত ছিল। খুব সুষ্ঠ ভাবে জামা কাপড় বিতরণ শেষ হয়ে গেলে , তাঁরা সবাই আমাদের ধন্যবাদ জানিয়ে যে যার বাড়ি চলে গেলেন।
বাচ্চাদের মুখের হাসি আমাদের মধ্যে প্রত্যয় এনে দিলো আমরা পরের বছরের জন্যে তৈরী আছি।
যাদের অকুণ্ঠ সহযোগিতা আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে প্রত্যেক বছর সফল ভাবে রূপায়ণে সাহায্য করে , যাঁরা পর্দার আড়াল থেকে প্রত্যেক বছর আমাদের সাহায্য করে চলেছেন তাদের জন্যে রইলো আমাদের কৃতজ্ঞতা।