14/04/2026
আম্বেদকর জয়ন্তীতে দুই কৃতি ছাত্রীকে সংবর্ধনা জানালো আমাদের শিক্ষাঅঙ্গ - গুরুচাঁদ মেমোরিয়াল ফাউন্ডেশন
ডা. ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে এক গর্বের মুহূর্তের সাক্ষী থাকল শিলচর। এই পবিত্র দিনে মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী দুই কৃতি ছাত্রীকে সংবর্ধনা জানাল গুরুচাঁদ মেমোরিয়াল ফাউন্ডেশন, শিলচর।
পশ্চিমবঙ্গের মতুয়া আদর্শে উদ্বুদ্ধ হয়ে সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলা এই সংগঠনের আসাম রাজ্যিক শাখার উদ্যোগে পালংঘাটের পি.এম. শ্রী সি.সি.জে. সি. হায়ার সেকেন্ডারি স্কুলের দুই মেধাবী ছাত্রী—সাক্ষী রায় ও নিহিতা রায়—তাদের কৃতিত্বের জন্য বিশেষভাবে সম্মানিত হন। মাধ্যমিক পরীক্ষায় সাক্ষী রায় কাছাড় জেলার সরকারি বিদ্যালয়গুলির মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে এক অনন্য নজির স্থাপন করেছে। অন্যদিকে, নিহিতা রায়ও অসাধারণ ফলাফল করে জেলার সরকারি বিদ্যালয়গুলির মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে সবার প্রশংসা কুড়িয়েছে।
অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই দুই ছাত্রীর এমন সাফল্য শুধু তাদের পরিবার নয়, সমগ্র এলাকার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের সঞ্চার করেছে। তাদের এই সাফল্য প্রমাণ করে যে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং অদম্য ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই পথ রোধ করতে পারে না।
আজ আম্বেদকর জয়ন্তীর এই তাৎপর্যপূর্ণ দিনে গুরুচাঁদ মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে অসীম বিশ্বাস, ডা. মিঠুন রায় এবং পিনাক রায় সরাসরি ছাত্রীদের বাড়িতে গিয়ে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এই সম্মাননা প্রদানের মাধ্যমে তাদের আরও উৎসাহিত করার পাশাপাশি সমাজের অন্যান্য ছাত্রছাত্রীদের জন্য এক অনুপ্রেরণার বার্তা দেওয়া হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব ও জেলা পরিষদ সদস্য মিহির রায় সহ পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় বাসিন্দারা, যারা এই গর্বের মুহূর্তে অংশগ্রহণ করে আনন্দ ভাগ করে নেন।
উল্লেখ্য, দিনের শুরুতেই ফাউন্ডেশনের পক্ষ থেকে ডা. ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয় এবং তাঁর আদর্শ ও শিক্ষাকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এই ধরনের উদ্যোগ সমাজে শিক্ষার প্রসার ও মেধাবী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই সকলের বিশ্বাস।