18/06/2026
সর্ব প্রথমে অভিনন্দন জানাই 'বিবেকানন্দ ফুটবল একাডেমি'র সঙ্গে যুক্ত আমার স্নেহের ফুটবলারদের, সংশ্লিষ্ট ক্লাব অফিসিয়ালদের এবং বিশেষ করে যার কথা না বললে নয় যিনি পর্দার আড়ালে থেকে, এরকম এক কর্মকাণ্ড ঘটিয়ে চলেছেন, সেই ভ্রাতৃপ্রতিম ডক্টর প্রশান্ত মাহাতোকে।
স্রোতের বিরুদ্ধে হেঁটে, যাকে বলা যেতে পারে একেবারে অসাধ্য সাধন, যা 'বিবেকানন্দ ফুটবল একাডেমি'র ছেলেরা করে দেখালো। সমস্ত রকম প্রতিকূলতাকে জয় করে, জঙ্গলমহলের খেটে খাওয়া বাড়ির ফুটবলাররা প্রমাণ করল, কলকাতা মাঠে, তাদের মত গ্রামের ছেলেরা, যারা কোন অংশে, কলকাতার তথাকথিত তারকাদের থেকে কম নয়।
প্রথমবার, আইএফএ পরিচালিত, অনূর্ধ্ব ১৭ বিভাগে, ইউথ লিগের খেলায়, সুদূর পুরুলিয়া থেকে কলকাতার মাঠে এসে, একে একে নামধারী, ভারী ক্লাবগুলোকে ধরাশায়ী করে, সুপার সিক্স সে উঠে, একেবারে ফাইনালে পৌঁছে যাওয়া, সেটা যেন একেবারে স্বপ্নের যাত্রাপথ। যদিও, যাত্রাপথ একেবারেই মসৃণ ছিল না।
গতকাল ( 16.06.2026), চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায়, 'বেঙ্গল ফুটবল একাডেমি'র সঙ্গে পরাজিত হয়ে, রানার্সের তকমা নিয়ে, 'বিবেকানন্দ ফুটবল একাডেমি'র ছেলেরা বীরের মর্যাদা নিয়ে ফিরে আসছে। এ যেন, শুধু ফিরে আসা নয়, সঙ্গে সঙ্গে, আরও বড় প্লাটফর্মে পদার্পন।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর, একই দিনে, 'শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমি' এবং 'বিবেকানন্দ ফুটবল একাডেমি' আইএফএ স্বীকৃতি পেয়েছিলো।
'শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমি', আর্থিক কারণে, এই বছর, আই এফ এ পরিচালিত ইউথ লিগে খেলতে পারেনি, তবে, সুদূর পুরুলিয়া থেকে, 'বিবেকানন্দ ফুটবল একাডেমি', প্রথম বছরেই, এই প্লাটফর্মে খেললো শুধু নয়, পুরুলিয়া, তথা বাংলা, তথা কলকাতা ময়দানের মন জয় করে নিল।
কলকাতা ময়দানের, অনেক বড় দলের কোচ (সবাই নয়), গ্রামের ট্রাইবাল ছেলেদের উপর ভরসা রাখতে পারেনা, তারা সব সময়ই, কলকাতার প্রতিষ্ঠিত প্লেয়ারদের উপর ভরসা করে।
দায়িত্ব নিয়ে, আমরা বলতে পারি, আগামী দিনে, জঙ্গলমহলের 'বিবেকানন্দ ফুটবল একাডেমি' এবং বীরভূমের 'শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমি' বাংলা ফুটবলে রাজ করবে।
এ বছরও, যে সকল কলকাতার কোচেরা, আমাদের ফুটবলারদের উপর, ভরসা করে, আসন্ন কলকাতা ফুটবল লিগে, দল করেছেন, দায়িত্ব নিয়ে বলছি, আমাদের ছেলেরা, নিরাশ করবে না।
সকলের জ্ঞাতার্থে জানাই, আগামী বছর, 'শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমি', আই এফ এ পরিচালিত, ইউথ লিগে, অংশগ্রহণ করবে।
বীরভূমের, একমাত্র, আইএফএ স্বীকৃত ফুটবল একাডেমি, প্রত্যেক ফুটবলপ্রেমী, ক্রীড়া প্রেমী মানুষদেরকে, আমাদের পাশে থাকার জন্য, সহযোগিতা করার জন্য, সাহায্যের জন্য বিনম্র অনুরোধ জানাই।