19/07/2026
আজ আমরা, রানাঘাট রুরাল কেয়ার ওয়েলফেয়ার সোসাইটির সদস্য-বন্ধুরা উপস্থিত ছিলাম দেবগ্রাম পন্ডেপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। এখানে আমরা বিদ্যালয়ের ছোট ছোট ছাত্র-ছাত্রীদের জন্য একটি স্বাস্থ্যশিবিরের আয়োজন করি, এবং এর সাথে সাথেই আমাদের ঐকান্তিক প্রয়াস স্বরূপ এদের প্রত্যেকের হাতে তুলে দিই বর্ষাতি। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে যাতে বৃষ্টি এদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, যাতে পঠনপাঠনে বিঘ্ন না ঘটায়, বা বৃষ্টিতে ভিজে যাতে ওদের জরা-ব্যাধি না হয়, সেই উদ্দেশ্যেই আমাদের এই যৎসামান্য প্রয়াস। আজ শতাধিক শিশুদের হাতে এই সামান্য উপহার তুলে দিতে পেরে আমরা যারপরনাই আপ্লুত ও আনন্দিত। প্রতিবারের মতোই এবারো আমরা পাশে পেয়েছি বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষকমন্ডলী এবং কর্মীবৃন্দদের, যাদের উপস্থিতি ব্যতীত এই মহৎ কর্মকাণ্ড এককথায় অসম্ভবপর ছিল।
বলাবাহুল্য, এই প্রথমবার কোনো স্বাস্থ্য-পরীক্ষা শিবিরে আমরা এত স্বাস্থ্য-সচেতন শৈশব প্রত্যক্ষ করলাম। এক অনন্য অভিজ্ঞতা সঞ্চয় করলাম আমরা, তা হলো এই, যে, আজকের এই প্রযুক্তিসর্বস্ব যুগে, যেখানে প্রযুক্তি শিশুদের শৈশবের নিখাদ আনন্দ গুলোকে কেড়ে নিচ্ছে, উৎকর্ষ ও স্বাভাবিক বিকাশের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, কৃত্রিম সাময়িক ও স্বলমেয়াদী সুখের প্রলোভন দেখিয়ে শিশুমনের সারল্যকে গ্রাস করছে, সেখানে এই প্রযুক্তির মোহ এদের স্পর্শ অবধি করতে পারেনি। এরা সবুজের সংস্পর্শে, অকৃত্রিম পরিবেশে, প্রকৃতির সান্নিধ্যে মানুষ হয়ে উঠছে— খেলাধুলা, শরীরচর্চা ও নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে। বলে বোঝানো সম্ভব নয়, যে এই বিষয়ে বিদ্যালয়ের শ্রদ্ধাভাজন শিক্ষকমণ্ডলীর অবদান ঠিক কতটা হলে এইরকম একটা সুষ্ঠু পরিকাঠামো পাওয়া যায়। যেভাবে অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে শিশুদের প্রকৃতির সংস্পর্শে রেখেছেন তারা, তা সত্যিই প্রশংসনীয়।