15/04/2026
**নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পয়লা বৈশাখের পুণ্য লগ্নে বাঙালির ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস ও ভোটাধিকার রক্ষায় কলকাতায় বাংলা পক্ষর বর্ণাঢ্য মিছিল**
নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পয়লা বৈশাখের পুণ্য লগ্নে বাঙালির ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস ও ভোটাধিকার রক্ষায় কলকাতায় রাসবিহারী মোড় থেকে গড়িয়াহাট পর্যন্ত বর্ণাঢ্য মিছিল করল বাংলা পক্ষ। ঢাক, রণ পা সহযোগে মিছিল হয়। বারবার নিয়ম মেনে সুবিধা এপে আবেদন করলেও প্রথমে উত্তর কলকাতায় বাংলা পক্ষর নববর্ষের মিছিল এবং আজ সকালে দক্ষিণ কলকাতায় বাংলা পক্ষর নববর্ষের মিছিলের অনুমতি বাতিল করে বিজেপির নির্বাচন কমিশন।
পয়লা বৈশাখ পালন নিয়ে বিজেপির এবং নির্বাচন কমিশনের এত সমস্যা কেন? বাঙালিয়ানা কে কিসের এত ভয়? নববর্ষ উদযাপনের মিছিলের উপর নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তায় নামে বাঙালি। যথা সময়ে কলকাতার রাসবিহারী মোড় থেকে গড়িয়াহাট মোড় পর্যন্ত মিছিল হয়। বিখ্যাত বাঙালি শিল্পপতি, বাঙালি মনীষী থেকে SIR এ মৃত বাঙালি ও BLO দের ছবি সহযোগে এই মিছিল হয়। বাঙালির মাছ কাড়তে এলে যুদ্ধ হবে, ভাষা কাড়তে এলে প্রতিরোধ হবে- এই সমস্ত বার্তা দিয়েই এই মিছিল হয়।
পয়লা বৈশাখ মানে হালখাতার দিন, বাঙালির ব্যবসা উদযাপনের দিন। তাই বাঙালির দোকান থেকে কেনাকাটা করা, বড়বাজার পুনঃদখল থেকে বাঙালি ব্যবসায়ীদের সোনালী হাত শক্ত করার ডাক দেওয়া হয় এই মিছিল থেকে।
মিছিলে নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চট্টোপাধ্যায়, মহঃ সাহীন এবং জেলা সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন সৌম্য বেরা, কৌশিক চট্টোপাধ্যায় এবং কুশনাভ মন্ডল প্রমুখ।।
গর্গ চট্টোপাধ্যায় বলেন, "বাংলায় হাজার বছরের বেশি সময় ধরে পয়লা বৈশাখ উদযাপন হচ্ছে। এখন জ্ঞানেশ কুমার ও বিজেপি বাঙালি নববর্ষের মিছিলে নিষেধাজ্ঞা দিচ্ছে। বাঙালি এই নিষেধাজ্ঞা মানে না। বাঙালি আজ মিছিলে হাঁটলো। বাঙালি হিসাবে গর্ব করে হাঁটলো, বাঙালি হিসাবে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিল। বাঙালির শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মন্ত্র নিয়ে এই মিছিল হল।"
কৌশিক মাইতি বলেন, "আজ বাঙালির রক্তে স্বাধীন ভারতে বাঙালির ভাষা, সংস্কৃতি, খাদ্যাভাস, ইতিহাস, ভোটাধিকার আক্রান্ত। পূর্ব পাকিস্তানে বাঙালির শত্রুরা পয়লা বৈশাখকে ভয় পেত৷ এখানে ভারতে বিজেপি ও জ্ঞানেশ কুমাররা পয়লা বৈশাখের বিরোধী। বাঙালির উপর আক্রমণ এসেছে, বাঙালি তার ভাষার অস্ত্রে এবং পয়লা বৈশাখের অস্ত্রে বাঙালির শত্রুদের পরাস্ত করবে।"
সমস্ত বাঙালিকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানায় বাংলা পক্ষ এবং প্রতিটা বাঙালির মঙ্গল কামনা করি আমরা।
শুভ নববর্ষ
জয় বাংলা