সঠিক পথের দিশারী - Sotik Pother Dishari

  • Home
  • India
  • Lala
  • সঠিক পথের দিশারী - Sotik Pother Dishari

সঠিক পথের দিশারী - Sotik Pother Dishari আর বল, ‘হক এসেছে এবং বাতিল বিলুপ্ত হয়েছে। নিশ্চয় বাতিল বিলুপ্ত হওয়ারই ছিল’। আল-বায়ান

#সঠিকপথেরদিশারী

🌿 বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি 🌿আলহামদুলিল্লাহ।সঠিক পথের দিশারীর সদস্য এবং আসাম বিশ্ববিদ্যালয়ের আরবি বি...
04/06/2026

🌿 বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি 🌿

আলহামদুলিল্লাহ।

সঠিক পথের দিশারীর সদস্য এবং আসাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক জনাব ড. মাওলানা নজমুল ইসলাম সাহেবের পরামর্শ ও বিশেষ তত্ত্বাবধানে, সঠিক পথের দিশারীর সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শরিফ আহমেদ লস্কর সাহেব আজ হাইলাকান্দি জেলা বন বিভাগের নিকট আবেদন করে ১০০টি বৃক্ষের চারা সংগ্রহ করেছেন।

আগামীকাল, ৫ জুন (বিশ্ব পরিবেশ দিবস) উপলক্ষে সঠিক পথের দিশারীর উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।

🕙 সময়: সকাল ১০:০০টা
📍 স্থান: সঠিক পথের দিশারীর কার্যালয় থেকে যাত্রা শুরু

পরিবেশ সংরক্ষণ ও সবুজ পৃথিবী গড়ার এই মহৎ উদ্যোগে অংশগ্রহণের জন্য সকল শুভানুধ্যায়ী, সদস্য ও সচেতন নাগরিককে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

আসুন, আমরা সবাই মিলে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় নিজেদের দায়িত্ব পালন করি।

বিনীত
(মাওলানা) মিসবাহুজ্জামান সিদ্দিকী
সেক্রেটারি, অর্গানাইজেশন, মিডিয়া অ্যান্ড পাবলিসিটি
সঠিক পথের দিশারী 🌱

27/05/2026

বিজ্ঞপ্তি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুরবানির পশু ক্রয়, পরিবহন, জবাই ও বর্জ্য অপসারণের ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও স্থানীয় প্রশাসনের বিধি-বিধান অবশ্যই মেনে চলতে হবে।

সকলের প্রতি বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে যে—

1. নির্ধারিত স্থান ছাড়া রাস্তা, ফুটপাত বা জনসমাগমস্থলে পশু জবাই করা থেকে বিরত থাকুন।

2. নিষিদ্ধ বা অসুস্থ পশু কুরবানি করবেন না।

3. পরিবেশ দূষণ রোধে কুরবানির বর্জ্য যথাযথভাবে অপসারণ করুন।

4. জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও পৌরসভার নির্দেশনা অনুসরণ করুন।

5. আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।

6. পবিত্র ঈদুল আজহার ধর্মীয় ভাবগাম্ভীর্য, সৌহার্দ্য ও সামাজিক দায়িত্ববোধ বজায় রেখে কুরবানি সম্পন্ন করার জন্য সকলের প্রতি অনুরোধ রইল।

অনুরোধ ক্রমে

মিছবাহুজ্জামান ছিদ্দিকী
সেক্রেটারি, সঠিক পথের দিশারী
তারিখ: 27 / 05 / ২০২৬

কুরবানীর প্রকৃত শিক্ষা : অন্তরের পশুত্বকে ত্যাগ করার আহ্বানকুরবানী ইসলামের এক মহান ইবাদত। এর বাহ্যিক রূপ হলো আল্লাহর সন্...
21/05/2026

কুরবানীর প্রকৃত শিক্ষা : অন্তরের পশুত্বকে ত্যাগ করার আহ্বান

কুরবানী ইসলামের এক মহান ইবাদত। এর বাহ্যিক রূপ হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট পশু জবাই করা; কিন্তু এর অন্তর্নিহিত শিক্ষা আরও গভীর। কুরবানীর প্রকৃত উদ্দেশ্য কেবল রক্ত প্রবাহিত করা বা মাংস বিতরণ নয়, বরং মানুষের অন্তরে থাকা অহংকার, হিংসা, লোভ, স্বার্থপরতা, ক্রোধ, অন্যায় ও কুপ্রবৃত্তিকে দমন করা। অর্থাৎ, মানুষ যেন নিজের নফসের অনৈতিক প্রবৃত্তিকে আল্লাহর আদেশের সামনে কুরবানী করতে শেখে—এটাই কুরবানীর আসল চেতনা।

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেনঃ
“আল্লাহর নিকট তাদের গোশত কিংবা রক্ত পৌঁছে না; বরং পৌঁছে তোমাদের তাকওয়া।”
সূরা আল হাজ্জ : ৩৭

এই আয়াত অত্যন্ত স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে, কুরবানীর মূল বিষয় পশুর দেহ নয়, বরং মানুষের হৃদয়ের তাকওয়া ও আত্মসমর্পণ। তাই যে ব্যক্তি কুরবানী করল কিন্তু তার অন্তরে অহংকার, প্রতারণা, ঘৃণা ও অন্যায়ের প্রবণতা রয়ে গেল, সে কুরবানীর প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারল না।

কুরবানীর ইতিহাস আমাদের নিয়ে যায় হযরত ইবরাহীম (আ.) ও হযরত ইসমাঈল (আ.)-এর অনন্য আত্মত্যাগের দিকে। আল্লাহ তাআলা যখন ইবরাহীম (আ.)-কে তাঁর সবচেয়ে প্রিয় বস্তু কুরবানী করার নির্দেশ দিলেন, তখন তিনি বিনা দ্বিধায় তা মেনে নিলেন। আর ইসমাঈল (আ.)-ও বলেছিলেনঃ
“হে আমার পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে তা-ই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।”
সূরা আস সাফফাত : ১০২

এই ঘটনাটি কেবল পশু জবাইয়ের শিক্ষা দেয় না; বরং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তু, অহংকার, স্বার্থ ও নফসকে ত্যাগ করার শিক্ষা দেয়। তাই কুরবানী মানে কেবল ছুরি চালানো নয়; বরং নিজের অন্তরের অমানবিক প্রবৃত্তির উপর ছুরি চালানো।

বর্তমান সমাজে আমরা দেখতে পাই—মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, কুরবানীও দেয়; কিন্তু মিথ্যা বলা, ঘুষ গ্রহণ, দুর্নীতি, প্রতারণা, হিংসা, পরনিন্দা, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা ইত্যাদি কাজ থেকে বিরত থাকে না। অথচ এসব কুস্বভাবকে ত্যাগ করাই কুরবানীর প্রকৃত দাবি। একজন ব্যক্তি যদি কুরবানীর মাধ্যমে শিক্ষা নেয় যে, সে আর অন্যায় করবে না, মানুষের অধিকার নষ্ট করবে না, অহংকার করবে না—তবেই তার কুরবানী অর্থবহ হয়ে ওঠে।

রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ
“যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ পরিত্যাগ করল না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই।”
সহীহ বুখারী

যদিও এই হাদীস রোজা সম্পর্কে বলা হয়েছে, কিন্তু এর শিক্ষা সব ইবাদতের ক্ষেত্রেই প্রযোজ্য। ইবাদতের প্রকৃত উদ্দেশ্য মানুষের চরিত্রকে পরিশুদ্ধ করা। তাই কুরবানীও এমন একটি ইবাদত, যা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য এসেছে।

কুরবানীর অন্যতম শিক্ষা হলো ত্যাগ ও সহমর্মিতা। সমাজে অসংখ্য দরিদ্র ও অসহায় মানুষ রয়েছে, যারা বছরের অনেক সময় ভালো খাবার পায় না। কুরবানীর সময় সামর্থ্যবান মানুষ যখন দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করে, তখন সামাজিক ভ্রাতৃত্ব ও মানবিকতা বৃদ্ধি পায়। ইসলামে কুরবানীর গোশত আত্মীয়স্বজন, প্রতিবেশী ও অভাবগ্রস্তদের মধ্যে বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি হয়।

ভারতের মতো বহু ধর্মীয় ও বহু সাংস্কৃতিক দেশে কুরবানীর বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ও দায়িত্বশীলভাবে পালন করা প্রয়োজন। ভারতের বিভিন্ন রাজ্যে পশু জবাই ও বিশেষ করে গবাদিপশু সংক্রান্ত আলাদা আইন ও বিধিনিষেধ রয়েছে। একজন সচেতন নাগরিক ও দায়িত্বশীল মুসলমান হিসেবে প্রত্যেকের উচিত দেশের আইন মেনে চলা এবং অন্য সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রতিও সম্মান প্রদর্শন করা। ইসলাম কখনো বিশৃঙ্খলা, উসকানি বা সামাজিক অশান্তিকে সমর্থন করে না। বরং ইসলাম শান্তি, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতির শিক্ষা দেয়।

পবিত্র কুরআনে বলা হয়েছেঃ
“তোমরা ফিতনা সৃষ্টি করো না।”
সূরা আল বাকারা : ১১

সুতরাং কুরবানীর প্রকৃত শিক্ষা হলো এমন আচরণ করা, যাতে সমাজে শান্তি বজায় থাকে এবং মানুষের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পায়। যেখানে যে আইন বিদ্যমান, সেখানে সেই আইন মেনে বৈধ ও অনুমোদিত পদ্ধতিতে ধর্মীয় কর্তব্য পালন করাই দায়িত্বশীলতার পরিচয়।

আজকের দিনে কুরবানীর বাহ্যিক প্রদর্শনীও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই সামাজিক মর্যাদা প্রদর্শনের জন্য অতিরিক্ত প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে কুরবানী করেন। দামি পশু কেনা, সামাজিক মাধ্যমে ছবি প্রচার, লোক দেখানো আয়োজন—এসবের মাধ্যমে ইবাদতের আন্তরিকতা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। অথচ আল্লাহ তাআলা মানুষের অন্তরের নিয়ত দেখেন। কুরবানী যদি আত্মপ্রদর্শনের উপকরণ হয়ে যায়, তবে তার আধ্যাত্মিক মূল্য অনেকাংশে কমে যায়।

রাসূলুল্লাহ ﷺ অত্যন্ত সরল ও বিনয়পূর্ণ জীবনযাপন করতেন। তিনি মানুষকে অহংকার থেকে দূরে থাকার শিক্ষা দিয়েছেন। তাই কুরবানীর সময়ও বিনয়, আন্তরিকতা ও আল্লাহভীতি বজায় রাখা জরুরি।

কুরবানীর আরেকটি বড় শিক্ষা হলো আত্মশুদ্ধি। মানুষের ভেতরে অনেক ধরনের “অদৃশ্য পশু” বাস করে—যেমন ক্রোধ, হিংসা, প্রতিহিংসা, লোভ, কামনা, স্বার্থপরতা ইত্যাদি। এই পশুগুলোকে নিয়ন্ত্রণ না করতে পারলে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই পশু কোরবানির সাথে প্রকৃত কুরবানী হবে নিজের অন্তরের পশুত্বকে দমন করা।

যদি একজন ব্যবসায়ী কুরবানীর শিক্ষা নিয়ে প্রতারণা ছেড়ে দেয়, একজন কর্মকর্তা ঘুষ গ্রহণ বন্ধ করে দেয়, একজন শিক্ষক দায়িত্বশীল হন, একজন যুবক মাদক ও অপরাধ থেকে ফিরে আসে, একজন মানুষ অন্যের অধিকার রক্ষা করতে শেখে—তবে সেটাই হবে কুরবানীর প্রকৃত সফলতা।

কুরবানী আমাদের স্মরণ করিয়ে দেয় যে, পৃথিবীর সবকিছুই আল্লাহর দেওয়া আমানত। মানুষ যা কিছু ভালোবাসে—ধনসম্পদ, পরিবার, সম্মান—সবকিছুর ঊর্ধ্বে আল্লাহর আদেশকে স্থান দিতে হবে। হযরত ইবরাহীম (আ.)-এর জীবনে আমরা সেই আত্মসমর্পণের সর্বোচ্চ দৃষ্টান্ত দেখতে পাই।

আজ মুসলিম সমাজের সবচেয়ে বড় প্রয়োজন কুরবানীর প্রকৃত শিক্ষা অনুধাবন করা। কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং আত্মিক পরিবর্তনই হওয়া উচিত কুরবানীর লক্ষ্য। যদি কুরবানীর পরও মানুষের চরিত্রে কোনো পরিবর্তন না আসে, তবে সে কুরবানীর গভীর তাৎপর্য উপলব্ধি করতে পারেনি।

অতএব, কুরবানী কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি আত্মসংযম, ত্যাগ, মানবতা, তাকওয়া ও আত্মশুদ্ধির এক মহান শিক্ষা। পশু জবাই তার বাহ্যিক অংশ; কিন্তু অন্তরের কুপ্রবৃত্তিকে দমন করাই এর মূল উদ্দেশ্য। একজন মানুষ যখন নিজের ভেতরের অহংকার, লোভ, হিংসা ও অন্যায়কে কুরবানী করতে সক্ষম হয়, তখনই সে প্রকৃত অর্থে কুরবানীর শিক্ষা অর্জন করে।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরবানীর প্রকৃত মর্ম উপলব্ধি করার এবং নিজের চরিত্র ও সমাজকে সুন্দর করার তাওফীক দান করুন। আমীন।

ওয়াসসালাম
শরীফ আহমেদ লস্কর
জেনারেল সেক্রেটারি, SPD

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়বরাক উপত্যকার সুনামধন্য কারী এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল হাদিস আশরাফুল উলুম রতনপুর ...
20/05/2026

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

বরাক উপত্যকার সুনামধন্য কারী এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল হাদিস আশরাফুল উলুম রতনপুর মাদ্রাসা-এর সম্মানিত শিক্ষক, ক্বারী হযরত মাওলানা আবু আসাদ সাহেব আজ মাগরিবের নামাজের পর “সঠিক পথের দিশারী” (SPD)-এর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে উপস্থিত হন।

তাঁর আগমন আমাদের জন্য নিঃসন্দেহে এক বিশেষ প্রাপ্তি। তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে “সঠিক পথের দিশারী”-এর চলমান কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং এই মহৎ উদ্যোগের সঙ্গে সহযোগিতা করে সক্রিয়ভাবে কাজ করার দৃঢ় আগ্রহ প্রকাশ করেন। তাঁর এই আন্তরিকতা ও সদিচ্ছা আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

এ সময় “সঠিক পথের দিশারী”-এর সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শরিফ আহমেদ লস্কর সাহেবের সঙ্গে পবিত্র কুরআনের তিলাওয়াত ও সংরক্ষণ বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক সাহেব তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানান। পরবর্তীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শনস্বরূপ তাঁকে একটি গামছা প্রদান করে সম্মাননা জ্ঞাপন করা হয়। পুরো পরিবেশ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, শ্রদ্ধাশীল ও প্রাণবন্ত।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, হযরত মাওলানা আবু আসাদ সাহেবের মতো একজন অভিজ্ঞ, বিজ্ঞ ও নিবেদিতপ্রাণ আলেমের সম্পৃক্ততার মাধ্যমে “সঠিক পথের দিশারী”-এর দাওয়াতি ও সমাজসেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে, ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলা আমাদের এই সম্মিলিত প্রচেষ্টাকে কবুল করুন এবং দ্বীনের খেদমতে আমাদের সকলকে আন্তরিকতা, ঐক্য ও সফলতা দান করুন। আমীন।

বিনীত
মোঃ মিসবাহুজ্জামান সিদ্দিকী
সেক্রেটারি, SPD

তারিখ: ১৯-০৫-২০২৬

যিলহজ্ব, হজ্ব ও কুরবানীমাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক প্রবন্ধটিতে কুরআন-হাদীস থেকে কুরবানীর দলীল সমূহ কিছুটা বিস্তারিতভা...
14/05/2026

যিলহজ্ব, হজ্ব ও কুরবানী
মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক
প্রবন্ধটিতে কুরআন-হাদীস থেকে কুরবানীর দলীল সমূহ কিছুটা বিস্তারিতভাবে পেশ করা হয়েছে। কুরবানীর মত একটি শত সিদ্ধ ওয়াজিব আমল যা শায়াইরে ইসলামের অন্তর্ভূক্ত -এর ব্যপারে গবেষণাধর্মী আলোচনার প্রয়োজন কেন দেখা দিয়েছে তার উত্তর প্রবন্ধের শেষদিকে পাওয়া যাবে।

যিলহজ্ব শব্দটির আরবী উচ্চারণ ذو الحجة যুলহিজ্বাহ। বাংলায় ‘যিলহজ্ব’ উচ্চারণে প্রসিদ্ধ। এই মাস ‘আশহুরে হুরুম’-তথা সম্মানীত চার মাসের অন্তর্ভুক্ত। এ মাসের, বিশেষত এর প্রথম দশ দিনের অনেক ফযীলত রয়েছে। ইসলামের অনেক বড় একটি রোকন ও নিদর্শন হজ্ব এবং অপর বড় নিদর্শন কুরবানী এ মাসেই পালিত হয়। এ থেকেও এ মাসের গুরুত্ব অনুধাবন করা যায় ।

আলকাউসারের যিলহজ্ব ১৪২৬ হিজরী, জানুয়ারী ২০০৬ঈ. সংখ্যায় ‘যিলহজ্ব মাস : ফযীলত ও করণীয়’ শিরোনামে যেহেতু মোটামুটি বিস্তারিত আলোচনা হয়েছে তাই উপরোক্ত বিষয়ে কিছু লিখছি না। শুধু এটুকু আরজ করছি যে, অন্তত এ মাসে মুমিনদের অবস্থা এমন হওয়া উচিত যে, তারা হজ্বের স্থান ও স্মৃতিচিহ্নগুলোকে স্মরণ করে মেহেরবান আল্লাহর কাছে দুআ করবেন, ইয়া আল্লাহ! আমাদের যে ভাইদের হজ্বে যাওয়ার তাওফীক হয়েছে তাদের হজ্বে মাবরূর নসীব করুন। তাদের কাজগুলো সহজ করে দিন এবং তাদেরকে সুস্থ ও নিরাপদ স্থানে রাখুন। আর আমরা যারা হজ্বের দেশ থেকে দূরে পড়ে আছি আমাদেরকে সেখানে যাওয়ার তাওফীক দান করুন এবং বার বার উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করুন।

আরাফার দিন আল্লাহর দয়া ও রহমতের সাগরে জোয়ার আসে এবং সেদিন তিনি হাজ্বীদের ক্ষমা করে থাকেন, জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা দিয়ে থাকেন। সেদিন তাদের ওসিলায় অন্য অনেক সৌভাগ্যবানও ক্ষমার নেয়ামত লাভ করে থাকে। আমাদের প্রত্যেকের অন্তরেই এই তামান্না থাকা উচিত যে, সেই সৌভাগ্যবানদের তালিকায় আমার নামটিও যেন এসে যায়।

পাশাপাশি এই চিন্তাও সদা জাগ্রত রাখা উচিত যে, এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত ও মাগফিরাতের বারিধারা বর্ষিত হচ্ছে। এ সময় সতর্ক থাকা উচিত এবং গুনাহ থেকে বিরত থাকা উচিত। এমন যেন না হয় যে, আল্লাহ না করুন, রহমত ও মগফিরাতের এই মৌসুমেও অসতর্কতার কারণে বঞ্চিতই রয়ে গেলাম।

বাইতুল্লাহর হজ্ব

হজ্বের বিধান ও তাৎপর্য সম্পর্কে অনেক কিছু লেখা হয়েছে। আলকাউসারের বিগত সংখ্যাগুলোতেও একাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এখানে আমি শুধু হজ্বের তালবিয়া সম্পর্কে একটি কথা আরজ করব।

হজ্বের মধ্যে হাজ্বী সাহেবদের সার্বক্ষণিক অজিফা হল,

لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك، لا شريك لك

ইহরামের সূচনা নিয়ত ও উপরোক্ত তালবিয়া পাঠের মাধ্যমে হয়। তালবিয়ার মর্ম নিয়ে সামান্য চিন্তা করলেই দেখা যাবে, এতে ঈমান, তাওহীদ, তাফবীয, ইহসান শোকর, তাওয়াক্কুল ইত্যাদি সব-কিছুই বিদ্যমান রয়েছে। ঈমানের সর্বশ্রেষ্ঠ পর্যায় হল ‘তাফবীয ও ইহসান’ অর্থাৎ নিজেকে এবং নিজের সকল কিছুকে আল্লাহ তাআলার হাওয়ালা করে দেওয়া এবং এই অনুভূতির সঙ্গে জীবনযাপন করা যে, আমি আল্লাহর বান্দা এবং তাঁর সামনে উপস্থিত। তালবিয়ার মাধ্যমে বান্দার পক্ষ থেকে এই ঘোষণাই প্রদান করা হয় এবং এটাই তালবিয়ার মর্মবাণী। ঈমানের এই অবস্থা সৃষ্টি করা এবং এই পর্যায়ে উপনীত হওয়ার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখা আমাদের কর্তব্য। শুধু হাজ্বী সাহেবদের কর্তব্য নয়, সবার কর্তব্য। শুধু হজ্ব-মওসুমের কর্তব্য নয়, সারা জীবনের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের তাওফীক দিন। আমীন।

কুরবানী

কুরবানী ইসলামের গুরুত্বপূর্ণ বিধান এবং ইবাদতের একটি বিশেষ প্রকার। কুরবানীর একটি ইসলামী তাৎপর্য রয়েছে এবং একটি জাহেলী ধারণা রয়েছে। জাহেলী ধারণা হল, মূর্তি বা দেব-দেবীর সন্তুষ্টি লাভের জন্য, কিংবা জিন-শয়তান বা অশুভ শক্তির কাল্পনিক ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের উদ্দেশ্যে কোনো প্রিয় বস্তু উৎসর্গ করার কুসংস্কার প্রসূত রীতি। তাওহীদের ধর্ম ইসলামে এ রীতি-নীতির অনুসরণ শিরক ও হারাম।

এর বিপরীতে কুরবানীর ইসলামী অর্থ হল, আল্লাহ তাআলার সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের জন্য শরীয়তনির্দেশিত পন্থায় কোনো প্রিয় বস্তু যা শরীয়ত কর্তৃক নির্ধারিত, আল্লাহ তাআলার দরবারে পেশ করা এবং শরীয়তনির্দেশিত পন্থায় তা ব্যবহার করা।

এই কুরবানী আদম আ.-এর যুগ থেকে বিদ্যমান রয়েছে। সূরা মাইদায় আয়াত ২৭-৩১ এ আদম আ.-এর দু’সন্তানের কুরবানীর কথা এসেছে। তবে প্রত্যেক নবীর শরীয়তে কুরবানীর পন্থা এক ছিল না। সবশেষে সকল জাতি ও ভূখণ্ডের জন্য এবং কিয়ামত পর্যন্ত সময়ের জন্য যে নবী প্রেরিত হয়েছেন অর্থাৎ হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রতি নাযিল হয়েছে সর্বশেষ ও চিরন্তন শরীয়ত, কুরআন ও সুন্নাহর শরীয়ত। এ শরীয়তে কুরবানীর যে পন্থা ও পদ্ধতি নির্দেশিত হয়েছে তার মূলসূত্র ‘মিল্লাতে ইবরাহীমী’তে বিদ্যমান ছিল। কুরআন মজীদ ও সহীহ হাদীস থেকে তা স্পষ্ট জানা যায়। এজন্য কুরবানীকে ‘সুন্নতে ইবরাহীমী’ নামে অভিহিত করা হয়।

ফার্সী, উর্দু ও বাংলা ভাষায় ‘কুরবানী’ শব্দটি আরবী ‘কুরবান’ শব্দ স্থলে ব্যবহৃত হয়। ‘কুরবান’ শব্দটি ق ر ب মূলধাতু (যার অর্থ হচ্ছে, নৈকট্য) থেকে নির্গত। তাই আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য শরীয়তসম্মত পন্থায় বান্দা যে আমল করে, আভিধানিক দিক থেকে তাকে ‘কুরবান’ বলা যেতে পারে। তবে শরীয়তের পরিভাষায় ‘কুরবান’ শব্দের মর্ম তা-ই যা উপরে উল্লেখিত হয়েছে।

ইসলামী শরীয়তে এই পারিভাষিক অর্থে দু ধরনের কুরবানী রয়েছে।

১. যা হজ্বের মওসুমে নির্ধারিত (মক্কা ও মিনায়) স্থানে হজ্ব ও উমরা কারীগণ আদায় করে থাকেন। তা ‘কিরান’ বা তামাত্তু হজ্ব আদায়কারীর ওয়াজিব কুরবানী হতে পারে, কিংবা ইফরাদ হজ্বকারীর নফল কুরবানী। হাজ্বী সঙ্গে করে নিয়ে আসা ‘হাদি’ হতে পারে, কিংবা হজ্ব আদায়ে অক্ষম হওয়ার বা কোনো নিষিদ্ধ কর্মের জরিমানারূপে অপরিহার্য কুরবানী। মানতের কুরবানী হতে পারে কিংবা দশ যিলহজ্বের সাধারণ কুরবানী। এ কুরবানীর বিধান মৌলিকভাবে এসেছে সূরা হজ্ব ২৭-৩৭, সূরা বাকারা ১৯৬, সূরা মাইদা ২, ৯৫-৯৭, সূরা ফাতহ ২৫-এ। আর হাদীস শরীফে তা বিস্তারিতভাবে উল্লেখিত হয়েছে।

২. সাধারণ কুরবানী, যা হজ্ব-উমরার সঙ্গে সম্পৃক্ত নয় এবং এ কুরবানীর স্থানও নির্ধারিত নয়। তবে সময় নির্ধারিত। যে তারিখে হজ্ব আদায়কারীগণ মিনা-মক্কায় কুরবানী করে থাকেন সে তারিখে অর্থাৎ যিলহজ্বের দশ, এগারো, বারো তারিখে এ কুরবানী হয়ে থাকে। এটা পৃথিবীর সকল মুসলিম পরিবারের জন্য; বরং প্রত্যেক মুকাল্লাফ মুসলমানের জন্য এসেছে। কারো জন্য তা ওয়াজিব, আর কারো জন্য নফল।

এ কুরবানীর উল্লেখ এসেছে সূরা আনআমের ১৬১-১৬৩ আয়াতে এবং সূরা কাউসারের ২ আয়াতে। আর বিস্তারিত বিধি-বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহতে বিদ্যমান রয়েছে।

৪. সূরা আনআমে এসেছে,

قُلْ اِنَّنِیْ هَدٰىنِیْ رَبِّیْۤ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۚ۬ دِیْنًا قِیَمًا مِّلَّةَ اِبْرٰهِیْمَ حَنِیْفًا ۚ وَ مَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ۝۱۶۱ قُلْ اِنَّ صَلَاتِیْ وَ نُسُكِیْ وَ مَحْیَایَ وَ مَمَاتِیْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَۙ۝۱۶۲ لَا شَرِیْكَ لَهٗ ۚ وَ بِذٰلِكَ اُمِرْتُ وَ اَنَا اَوَّلُ الْمُسْلِمِیْنَ.

‘আপনি বলে দিন, আমার প্রতিপালক আমাকে পরিচালিত করেছেন সরল পথের দিকে এক বিশুদ্ধ দ্বীনের দিকে, অর্থাৎ একনিষ্ঠ ইব্রাহীমের মিল্লাত (তরীকা), আর ছিলেন না তিনি মুশরিকদের অন্তর্ভূক্ত। আপনি বলুন, নিঃসন্দেহে আমার সালাত, আমার নুসুক এবং আমার জীবন এবং আমার মৃত্যু সমস্ত জগতের প্রতিপালক আল্লাহর জন্য। তাঁর কোন শরীক নেই। আর ঐ বিষয়েই আমাকে আদেশ করা হয়েছে, সুতরাং আমি হলাম অত্মসমর্পণকারীদের প্রথম।’

এ আয়াতে نُسُكٌ শব্দটি বিশেষ মনোযোগের দাবিদার। এটি نسيكة শব্দের বহুবচন, যার অর্থ হল, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য আল্লাহর নামে জবাইকৃত পশু। এখান থেকেই আরবী ভাষায় এবং শরীয়তের পরিভাষাতেও কুরবানীর স্থানকে منسك বলা হয়। আরবী ভাষার প্রাচীন, আধুনিক, ছোট, বড় যেকোনো অভিধানে এবং লুগাতুল কুরআন, লুগাতুল হাদীস, লুগাতুল ফিকহের যেকোনো নির্ভরযোগ্য কিতাবে نُسُكٌ শব্দের উপরোক্ত অর্থ পাওয়া যাবে। দৃষ্টান্ত স্বরূপ কিছু প্রাচীন গ্রন্থের উদ্ধৃতি দিচ্ছি।

‘আসসিহাহ’ খ. ৪ পৃ. ১৬১২; লিসানুল আরব খ. ১৪ পৃ. ১২৭-১২৮; তাজুল আরূস খ. ৭ পৃ. ২৮৭; আলমুফরাদাত ফী গারীবিল কুরআন পৃ. ৮০২; আননিহায়া ফী গারীবিল হাদীসি ওয়াল আছার খ. ৫ পৃ. ৪৮; মাজমাউ বিহারিল আনওয়ার খ. ৪ পৃ.৭১৪-৭১৫; আলমিসবাহুল মুনীর ফাইয়ুমী পৃ. ৩১১; আলমুগরিব, মুতাররিযী খ. ২ পৃ. ৩০০

সূরা বাকারার ১৯৬ নং আয়াতেও نُسُكٌ শব্দ একই অর্থে ব্যবহৃত হয়েছে।

উপরোক্ত আয়াতের অর্থ পরিষ্কার। হযরত ইবরাহীম আ.কে যে খালেছ তাওহীদ ও সিরাতে মুস্তাকীমের প্রত্যাদেশ আল্লাহ তাআলা করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও তা নাযিল করেছেন এবং তাঁকে আদেশ করেছেন যে, বল, আমার নামায, আমার কুরবানী, আমার জীবন, আমার মরণ সব আল্লাহ তাআলার জন্য।

উল্লেখ্য আরবী ভাষায় نُسُكٌ শব্দটি ইবাদতের অর্থেও ব্যবহার হয়। এখান থেকেই ইবাদতকারীকে ناسك ও ইবাদতের পদ্ধতিকে منسك বলা হয়। সূরা আনআমের উক্ত আয়াতে যদি نُسُكٌ শব্দের অর্থ ইবাদতও করা হয়, তবুও এর ব্যাপকতার মধ্যে কুরবানী অন্তর্ভুক্ত রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহার কুরবানীকে একাধিক হাদীসে نُسُكٌ বলেছেন। কুরবানীর পশু যবেহ করার সময় যে দুআ পড়ার কথা হাদীসে এসেছে তাতেও ওই আয়াত রয়েছে। পূর্ণ হাদীস লক্ষ করুন।

জাবির ইবনে আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন দু’টি দুম্বা যবেহ করলেন। যবেহর সময় যখন সেগুলোকে কিবলামুখী করেছেন তখন বলেছেন,

إني وجهت وجهي للذي فطر السموات والأرض على ملة إبراهيم حنيفا مسلما وما أنا من المشركين، إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين، لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين، بسم الله، والله أكبر، اللهم منك ولك عن محمد وأمته.

-সুনানে আবু দাউদ ৩/৯৫, হাদীস : ২৭৯৫; মুসনাদে আহমদ ৩/৩৭৫ হাদীস : ১৫০২২;

সহীহ ইবনে খুযাইমা, হাদীস : ২৮৯৯ واللفظ منهما جميعا

কুরবানীর শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত ও দুআ পড়া থেকে যেমন প্রমাণ হয়, কুরবানী খালিছ ইবাদত তেমনি একথাও প্রমাণ হয় যে, সূরা আনআমের ১৬২ নং আয়াতে نُسُكٌ শব্দের অর্থ ঈদুল আযহার কুরবানী কিংবা তাতে অবশ্যই কুরবানী শামিল রয়েছে।

অপর যে আয়াতে সাধারণ কুরবানীর উল্লেখ রয়েছে তা হল সূরা কাউসারের দ্বিতীয় আয়াত। ইরশাদ হয়েছে,

اِنَّاۤ اَعْطَیْنٰكَ الْكَوْثَرَؕ۝۱ فَصَلِّ لِرَبِّكَ وَ انْحَرْؕ۝۲ اِنَّ شَانِئَكَ هُوَ الْاَبْتَرُ

এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তাঁর মাধ্যমে গোটা উম্মতকে সালাত (নামায) ও নাহর (কুরবানীর) আদেশ দেওয়া হয়েছে। نحر শব্দের মূল ব্যবহার হল উট যবেহ করা, তবে সাধারণত যেকোনো পশু যবেহ করাকেই نحر বলা হয়। আয়াতে এমন যবেহ উদ্দেশ্য, যা আল্লাহ তাআলার জন্য ইবাদত হিসেবে করা হয়। সেটা হচ্ছে হজ্ব ও উমরার কুরবানী এবং ঈদুল আযহার সাধারণ কুরবানী।

এ কুরবানীর সময় যদিও তিন দিন অর্থাৎ যিলহজ্বের দশ, এগারো ও বারো তারিখ, তবে উত্তম দিন হল দশ তারিখ। সাধারণভাবে এ তারিখেই অধিকাংশ কুরবানী হয়ে থাকে। এজন্য দশ যিলহজ্বের ইসলামী নাম হল ‘ইয়াওমুন নাহর’। -সহীহ বুখারী হাদীস ৫৫৫০

আয়াতে নামাযের যে আদেশ এসেছে তাতে ঈদের নামাযও শামিল রয়েছে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মাধ্যমে এ আয়াতে নাযিল হওয়া ইলাহী নির্দেশের অনুসরণ-পদ্ধতি বাতলে দিয়েছেন। একটি হাদীস লক্ষ করুন।

সহীহ বুখারী, সহীহ মুসলিম ও অন্যান্য হাদীসগ্রন্থে বহু সনদে বর্ণিত হয়েছে যে, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহার দিন নামায পরবর্তী খুতবায় বলেছেন, এই দিনের প্রথম করণীয় হল সালাত আদায় করা এরপর নহর (কুরবানী) করা। যে সালাত আদায়ের পর নুসুক (কুরবানী) করল তার নুসুক পূর্ণ হল এবং সে মুসলিমদের পন্থা অনুসরণ করল। আর যে সালাতের আগে যবেহ করল সেটা তার গোশতের প্রয়োজন পূরণ করবে, কিন্তু তা ‘নুসুক’ হিসেবে গণ্য হবে না।’

এই হাদীস বহু সহীহ সনদে বিভিন্ন হাদীসগ্রন্থে উল্লেখিত হয়েছে। কোথাও বিস্তারিতভাবে, কোথাও সংক্ষিপ্তভাবে। এখানে কিছু হাওয়ালা উল্লেখ করছি। -সহীহ বুখারী, হাদীস, ৯৫১, ৯৫৫, ৯৬৫, ৯৬৮, ৫৫৪৫, ৫৫৪৬; সহীহ মুসলিম হাদীস ১৯৬১, ৪, ৬, ৭; মুসনাদে আহমদ ৪/২৮১-২৮২, ৩০৩; জামে তিরমিযী হাদীস ১৫০৮, সুনানে নাসায়ী হাদীস ৪৩৯৪-৪৩৯৫; সহীহ ইবনে হিব্বান হাদীস ৫৯০৭, ৫৯১০, ৫৯১১

এই হাদীসে সূরাতুল কাউসারের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে পাওয়া গেল, যার সারমর্ম এই যে,

فَصَلِّ لِرَبِّكَ وَ انْحَرْ

সুতরাং আপনার পালনকর্তার উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানী করুন। ‘সালাত আদায় করুন’ শব্দে ঈদের নামায এবং ‘কুরবানী করুন’ শব্দে ঈদুল আযহার কুরবানীও অন্তর্ভুক্ত রয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ও ইরশাদ থেকে একথাও স্পষ্ট হয়ে গেল যে, ঈদুল আযহার কুরবানী হচ্ছে, ওই নুসুক, যা সূরা আনআমের ১৬২ নং আয়াতে উল্লেখিত হয়েছে। আর তা আদায় করা হয় আল্লাহ তাআলার ইবাদত হিসেবে। এর উদ্দেশ্যে গোশত ভক্ষণ করা বা গোশতের প্রয়োজন পূরণ করা নয়। তবে কুরবানী হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা সে পশুর গোশত কুরবানীদাতার জন্য হালাল করেছেন এবং দশ যিলহজ্ব থেকে মোট চার দিন রোযা রাখতে নিষেধ করে যেন তাঁর মেহমানদারী কবুল করার আদেশ দিয়েছেন।

ঈদুল আযহার দিবস মুসলমানদের জন্য খুশির দিবস। খুশির অন্তর্নিহিত কারণ হচ্ছে আরাফা দিবসের ব্যাপক মাগফিরাত, কুরবানী দিবসে আল্লাহর দরবারে কুরবানী পেশ করার সৌভাগ্য এবং আল্লাহর দরবারে কবুল হওয়া কুরবানী থেকে মেহমানদারী লাভ। বলাবাহুল্য, এই তাৎপর্য অনুধাবন করার জন্য অন্তরে প্রয়োজন ঈমানের মিষ্টতা এবং খালিক ও মালিকের মহব্বত ও ভালোবাসা। বস্তুবাদী ও যুক্তিপুজারী হৃদয় দুঃখজনকভাবে এ নিয়ামত থেকে শূণ্য।

সুন্নাহর আলোকে কুরবানী

এ পর্যন্ত শুধু কুরআন মজীদ থেকে আলোচনা করা হল। যদি এ বিষয়ের ‘সহীহ’ ও ‘হাসান’ হাদীসগুলো একত্রিত করা হয় তবে একটি দীর্ঘ কিতাব তৈরি হতে পারে। শুধু সহীহ ইবনে হিব্বানে ‘কিতাবুল উযহিয়া’ হাদীসের ধারাবহিক ক্রমিক নং অনুসারে ৫৮৯৭ থেকে ৫৯৩৩ পর্যন্ত বিস্তৃত। এগুলোকে মধ্যে সামান্য কিছু পুনরুল্লেখ রয়েছে। পক্ষান্তরে এ কিতাবের বাইরেও এ বিষয়ে আরো সহীহ হাদীস অন্যান্য কিতাবে রয়েছে।

উপরে উল্লেখিত হাদীসগুলো ছাড়া এখানে আরো কয়েকটি হাদীস পেশ করছি।

১. উম্মে সালামা রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কুরবানীর ইরাদাকারী যিলহজ্বের চাঁদ দৃষ্টিগোচর হওয়ার পর, যেন তার নখ, চুল ইত্যাদি কর্তন না করে, কুরবানী করা

পর্যন্ত।’ -সহীহ মুসলিম হাদীস ১৯৭৭/৩৯-৪২; তিরমিযী হাদীস ১৫২৩; আবু দাউদ, হাদীস ২৭৯১; নাসায়ী হাদীস ৪৩৬২-৪৩৬৪, সহীহ ইবনে হিব্বান হাদীস ৫৮৯৭, ৫৯১৬, ৫৯১৭

২. আব্দুল্লাহ ইবনে আমর রা. সূত্রে বর্ণিত এক দীর্ঘ হাদীসে এসেছে যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীন বিষয়ে জানতে এসেছিল। জওয়াব নিয়ে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ডাকলেন এবং বললেন,

أمرت بيوم الأضحى جعله الله عيدا لهذه الأمة.

‘আমাকে ইয়াওমুল আযহার’ আদেশ করা হয়েছে (অর্থাৎ, এ দিবসে কুরবানী করার আদেশ করা হয়েছে।) এ দিবসকে আল্লাহ এ উম্মতের জন্য ঈদ বানিয়েছেন। লোকটি বলল, আমার কাছে যদি শুধু পুত্রের দেওয়া একটি দুধের পশু থাকে আমি কি তা-ই কুরবানী করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তুমি সেদিন তোমার মাথার চুল কাটবে (মু-াবে বা ছোট করবে) নখ কাটবে, মোচ কাটবে এবং নাভির নিচের চুল পরিষ্কার করবে। এটাই আল্লাহর কাছে তোমার পূর্ণ কুরবানী গণ্য হবে। -মুসনাদে আহমদ ২/১৬৯; হাদীস ৬৫৭৫; সহীহ ইবনে হিব্বান হাদীস ৭৭৩, ৫৯১৪; আবু দাউদ হাদীস ২৭৮৯; নাসায়ী হাদীস ৪৩৬৫

৩. আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যার কাছে সম্পদ আছে এরপরও সে কুরবানী করল না (অর্থাৎ কুরবানী করার সংকল্প তার নেই) সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে।’ -মুসনাদে আহমদ ২/৩২১; মুসতাদরাক হাকিম ৪/২৩১, হাদীস ৭৬৩৯

وحسنه الألباني في تخريج مشكلة الفقر ১،২، وقد أصاب

৪. আলী রা. বলেন,

أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نسشرف العين والأذن وأن لا نضحي بمقابلة ولا مدابرة، ولا شرقاء، ولا خرقاء.

‘আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন আমরা যেন (কুরবানী পশুর) চোখ ও কান ভালো করে দেখে নিই এবং কান কাটা বা কান ফাড়া ও কানে গোলাকার ছিদ্র করা পশু দ্বারা কুরবানী না করি। -মুসনাদে আহমদ ১/৮০; ১০৮, ১৪৯; সহীহ ইবনে খুযাইমা হাদীস ২৯১৪-২৯১৫; আবু দাউদ হাদীস ২৮০৪; নাসায়ী হাদীস ৪৩৭৩-৪৩৭৪

৫. বারা ইবনে আযিব রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

أربع لا يضحى بهن : العوراء البين عورها، والمريضة البين مرضها، والعرجاء البين ظلعها، والعجفاء التي لا تنقي.

‘চার ধরনের পশু দ্বারা কুরবানী করা যায় না। যে পশুর চোখের জ্যোতি ক্ষতিগ্রস্ত, যে পশু অতি অসুস্থ, যে পশু খোঁড়া আর যে পশু অত্যধিক শীর্ণকায়।’ -মুয়াত্তা মালিক ২/৪৮২; সহীহ ইবনে হিব্বান হাদীস ৫৯১৯; নাসায়ী হাদীস ৪৩৭০-৪৩৭১; তিরমিযী হাদীস ১৪৯৭

واللفظ لابن حبان

কুরবানী সম্পর্কে আরো অনেক হাদীস ও আছার এসেছে। এখানে সবগুলো সংকলিত করা আমার উদ্দেশ্য নয়, আমি শুধু আরেকটি হাদীস উল্লেখ করে শেষ করছি। আম্মাজান আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানী করার জন্য একটি দুম্বা আনতে বললেন, যার শিং রয়েছে, যার পা কালো, পেটের চামড়া কালো এবং চোখ কালো। দুম্বা আনা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আমাকে ছুরি দাও। এরপর বললেন, একটি পাথরে ঘষে ধারালো করে দাও। তিনি ধারালো করে দিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরি হাতে নিলেন এবং দুম্বাটি মাটিতে শায়িত করলেন। এরপর বিসমিল্লাহ বলে যবেহ করলেন এবং বললেন,

اللهم تقبل من محمد وآل محمد ومن أمة محمد.

‘ইয়া আল্লাহ! মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে এবং মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে কবুল করুন।’ -সহীহ মুসলিম, হাদীস ১৯৬৭, সহীহ ইবনে হিব্বান হাদীস ৫৯১৫; আবু দাউদ হাদীস ২৭৯২

অন্য হাদীসে এসেছে যে, কুরবানীর পশু যবেহ করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুআ পড়েছেন.-

بسم الله، اللهم منك ولك، اللهم تقبل من محمد.

‘আল্লাহর নামে। ইয়া আল্লাহ! তোমার নিকট থেকে এবং তোমার উদ্দেশ্যে। ইয়া আল্লাহ! মুহাম্মাদের পক্ষ থেকে কবুল করুন।’ -আলমুজামুল কাবীর, তবারানী হাদীস ১১৩২৯; মাজমাউয যাওয়াইদ ৪/২১

মোটকথা, পূর্ণ তাওহীদ ও ইখলাসের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে আল্লাহর দরবারে কবুল হওয়ার আশা অন্তরে নিয়ে কুরবানী করা উচিত। আল্লাহ তাআলার আদেশ পালন করে কবুল হওয়ার প্রত্যাশা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারীর সৌভাগ্য লাভের অনুভূতি বান্দার মধ্যে আনন্দও সৃষ্টি করে। আর এটাই হচ্ছে ঈদুল আযহার প্রাণকথা। কুরবানীর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআতে

اللهم منك ولك.

‘ইয়া আল্লাহ! তোমার নিকট থেকে এবং তোমারই উদ্দেশ্যে’ চিন্তা-ভাবনা করলে খুব সহজেই বোঝা যায়, কুরবানীর হাকীকত কী। আল্লাহ-প্রদত্ত রিযক এবং আল্লাহর নেয়ামত আমরা লাভ করেছি আর আল্লাহর হুকুমে তা কুরবানী রূপে তাঁর দরবারে পেশ করার সৌভাগ্য লাভ করেছি আবার তা আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারী হিসেবে তা গ্রহণ করার নির্দেশনা পেয়েছি।

এতে কোনো সন্দেহ নেই যে, কুরবানী নামায-রোযার মতো ফরয আমল নয়, তবে এটি অন্যান্য সুন্নতে মুয়াক্কাদার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ ওয়াজিব আমল। সহীহ হাদীস দ্বারা প্রমাণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত কুরবানী করেছেন, কোনো বছর বাদ দেননি (আল ইসতিযকার, ইবনে আব্দিল বার ১৫/১৬৩-১৬৪) কখনো কখনো কুরবানী করার জন্য সাহাবীদের মধ্যে কুরবানীর পশু বণ্টন করেছেন। -সহীহ বুখারী হাদীস ৫৫৫৫

আর হযরত আলী রা.কে আদেশ করেছেন (ইন্তেকালের পরেও) তাঁর পক্ষ থেকে কুরবানী করতে। তাই তিনি প্রতি বছর নিজের কুরবানীর সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও কুরবানী করতেন। -মুসনাদে আহমদ হাদীস ৮৪৩, ১২৭৮, আবু দাউদ হাদীস ২৭৮৭

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত উম্মতের মধ্যে এই ইবাদত ‘তাওয়ারুছ’ ও ‘তাওয়াতুরে’র সঙ্গে চলমান রয়েছে এবং প্রতিবছর ‘শিয়ার’রূপে (ইসলামের একটি প্রকাশ্য ও সম্মিলিতভাবে আদায়যোগ্য ইবাদত হিসেবে) তা আদায় করা হয়েছে। অতএব কেউ যদি মনে করে, কুরবানী ইবাদত নয় এবং ইসলামী শিক্ষার অন্তর্ভুক্ত নয় তবে সে শরীয়ত অস্বীকারকারী।

নয়া যামানার তাহরীফী ফিতনা

কেউ হয়ত ভাবতে পারেন, কুরবানীর মতো একটি সর্বজনবিদিত বিধান সম্পর্কে এত দীর্ঘ আলোচনার প্রয়োজন কী? কুরবানীর ফযীলত ও গুরুত্বপূর্ণ কিছু মাসলা-মাসায়েল উল্লেখ করা হলেই তো প্রয়োজন সেরে যায়, কুরবানী যে শরীয়তের একটি বিধান-এ বিষয়ে দলীল প্রমাণের আলোচনা-উদ্ধৃতির প্রয়োজন আসলে কী?

বস্তুত এ সময়টা মতপ্রকাশের স্বাধীনতার নামে বিশৃঙ্খলা ও নীতিহীনতার যুগ। কোনো বিষয়ের প্রকৃত রূপ বিকৃত করে অভিনব কিছু প্রকাশ করাই যেন এ সময়ের ‘গবেষক’দের কীর্তি হিসেবে গণ্য হয়। পাশ্চাত্যের ধ্যান-ধারণায় প্রভাবিত একটি শ্রেণী অজ্ঞতা ও অহংবোধের সঙ্গে যে বিষয়কে তাদের নির্যাতনের টার্গেট বানিয়েছে তা হল ইসলামী শরীয়তের বিধিবিধান। ভারত-পাকিস্তানের একশ্রেণীর বুদ্ধিজীবী, মুনকিরে হাদীস এবং মুলহিদ-মুনাফিক দীর্ঘদিন পর্যন্ত কুরবানীর মতো ইসলামী বিধানকে ভিত্তিহীন, অযৌক্তিক প্রমাণ করার অপচেষ্টায় লিপ্ত আছে। তাদের প্রতিনিধি হয়ে কিংবা তাদের দেখাদেখি কোনো আগুপিছু না ভেবে আমাদের দেশেরও কিছু লোক ওই আলোচনাগুলো নকল করে থাকে। আমার এক বন্ধু তাদের একটি প্রবন্ধ সংকলন আমাকে এনে দিয়েছিলেন। আমি সংকলনটি দেখে আশ্চর্য হয়েছি।

তাদের ‘জ্ঞান-গরিমা’র একটি দৃষ্টান্ত দিচ্ছি। সূরা ছাফ্ফাতে, যেখানে ইবরাহীম আ.-এর এই ঘটনা উল্লেখিত হয়েছে যে, আল্লাহ তাআলা পুত্র (ইসমাইল আ.)কে যবেহ করার আদেশ দিয়ে ইবরাহীম আ.-এর পরীক্ষা গ্রহণ করেন এবং তিনি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ ইসমাইল আ.কে রক্ষা করেন আর তার পরিবর্তে একটি পশু কুরবানী হওয়ার জন্য প্রেরণ করেন সেখানে এসেছে, কুরআন মজীদের শব্দ হল। ‘যিবহুন’ আর তাকে বানিয়েছে ‘যাবহুন’। অথচ প্রথমটির অর্থ হচ্ছে যবহের জন্য প্রস্তুতকৃত পশু আর দ্বিতীয়টির অর্থ হচ্ছে, যবেহ করা। সেই প্রবন্ধ থেকে অনুমিত হয় যে, তারা ‘যিবহুন’ ও ‘যাবহুন’ এই দুই শব্দের পার্থক্য না বোঝার মত জাহিল নয়। ভাবতে যতই কষ্ট হোক সত্য কথা এটাই মনে হয় যে, তাদের পক্ষে মিল্লাতে ইবরাহীমীর একটি বিধান ও ইবাদত হিসেবে কুরবানীকে সহ্য করা সম্ভব হচ্ছে না। তাই ইচ্ছাকৃতভাবে তারা এই তাহরীফ বা অপব্যাখ্যা করেছে এবং গায়ের জোরে একথা বলে দিয়েছে যে, ইসমাইল আ.-এর স্থলে কোনো পশু কুরবানী করা হয়নি। অথচ وَ فَدَیْنٰهُ بِذِبْحٍ عَظِیْمٍ আয়াতে একথাই বলা হয়েছে যে, ইসমাইল আ. এর পরিবর্তে একটি পশু আল্লাহ পাঠিয়েছেন। আর তা-ই যবেহ করা হয়েছিল।

পশুটি কী ছিল তা হাদীস শরীফে এসেছে। তা ছিল একটি দুম্বা। মু’জামে কাবীর তবারানীতে নির্ভরযোগ্য সনদে এসেছে, নু’মান ইবনে আবু ফাতিমা বলেন, তিনি একটি শিং ওয়ালা ও বড় চোখ বিশিষ্ট দুম্বা ক্রয় করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে বললেন, এটা তো হুবহু ওই দুম্বার মতোই মনে হচ্ছে যা ইবরাহীম আ. যবেহ করেছিলেন। একথা শুনে এক আনসারী সাহাবী ওই রকম একটি দুম্বা কিনে আনলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কুরবানী করলেন। -মাজমাউয যাওয়াইদ ৪/২৩

قال الهيثمي : رواه الطبراني في الكبير، ورجاله ثقات.

মুসনাদে আহমদ ৪/৬৮, হাদীস ১৬৫৯৫; সুনানে আবু দাউদ হাদীস ২০২৭; মুসান্নাফে আব্দুর রায্যাক ৫/৮৬-৮৮ এবং ইমাম আবুল ওয়ালিদ আল আযরাকী (মৃত্যু ২৪৭ হিজরী পরবর্তী) কর্তৃক ‘তারীখু মক্কা’ হাদীস ২২৩-২২৪ বিভিন্ন নির্ভরযোগ্য বর্ণনার মাধ্যমে একথাও উল্লেখিত আছে যে, ‘ইসমাইল আ. এর পরিবর্তে যে দুম্বা যবেহ করা হয়েছিল তার দু’টি শিং দীর্ঘদিন পর্যন্ত কাবা শরীফের দেওয়ালে ঝোলানো ছিল। যখন কাবা শরীফে আগুন লেগেছিল তখন অন্যান্য বস্তুর সঙ্গে এটাও বিনষ্ট হয়ে যায়।’ এই সকল বিষয়কে অস্বীকার করার জন্য কুরআনের ‘যিবহুন আযীম’ শব্দকে ‘যাবহুন আযীম’ শব্দে পরিবর্তন করা হয়েছে। নাউযুবিল্লাহ।

আশ্চর্যের বিষয় এই যে, নিজেদের অজ্ঞতা অনুধাবন করার পরিবর্তে তারা অন্যদের ওপর এই অভিযোগ দায়ের করেছে যে, তারা ‘আযীম’ শব্দের অনুবাদ করেছেন দুম্বা! বলা বাহুল্য, এ দাবি সত্য নয়। কেননা, কোনো আলিম তো দূরের কথা, মাদরাসার একজন তালিবে ইলমও এই তরজমা করতে পারে না। সবারই জানা আছে যে, ‘আযীম’ অর্থ বড়, মহান ইত্যাদি। কিন্তু ‘যিবহুন’ শব্দের অর্থ হচ্ছে, ‘যবেহর পশু’ আর হাদীস শরীফে এসেছে যে, তা ছিল দুম্বা।

এরপর তাদের আরেক অভিনব দাবি এই যে, ‘কুরবান’ শব্দ কোথাও ‘পশু-জবাই’ অর্থে ব্যবহৃত হয়নি। একথাও একেবারে ভুল। জুমার দিন তাড়াতাড়ি মসজিদে যাওয়া বিষয়ে যে হাদীস এসেছে তা অনেক সাধারণ মানুষেরও জানা আছে। ওই হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘জুমার দিন যারা প্রথমে আসে তারা যেন উট কুরবানী করল, যারা এরপরে আসে তারা যেন গরু কুরবানী করল....। -সহীহ বুখারী হাদীস ৮৮১

আরবীতে কথাগুলো এভাবে এসেছে।

فكأنما قرب بدنة، ... فكأنما قرب بقرة ... .

মুসনাদে আহমদে এসেছে নিম্নোক্ত শব্দে-

المهجر يريد الجمعة كمقرب القربان، فمقرب جزورا، ومقرب بقرة، ومقرب شاة ومقرب دجاجة، ومقرب بيضة.

উট, গরু এবং বকরীর ‘কুরবান’ হয় যবেহ করার মাধ্যমে আর মুরগী ও ডিমের ‘কুরবান’ সাদাকার মাধ্যমে। কেননা এ ছওয়াবের কথাই অন্য হাদীসে এসেছে এভাবে,

كناحر البدنة، كناحر البقرة ...

‘অর্থাৎ উট যবেহকারীর মতো, গরু যবেহকারীর মতো।’-সুনানে ইবনে মাজা হাদীস ১০৯৩

قال البوصيري في الزوائد : إسناده صحيح.

তাই ‘কুরবান’ শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে পশু যবেহের মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জনের অর্থে ব্যবহৃত হয়নি একথা বাস্তবসম্মত নয়।

অরেকটি বড় ইলমী খিয়ানত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যারোপের দৃষ্টান্ত দিচ্ছি।

মুসলিম সমাজে তথাকথিত ‘কুরবানির ঈদ’ অর্থাৎ পশু জবাইর আনন্দ ধ্যানে রেখেই এই বিনোদন। এ ব্যাপারে আল্লাহর হুকুম থাকলে, এ নিবেদনের সুযোগ থাকতো না।

তারপরও ইয়াউমুল আদহা বা ঈদুল আদ্হা অর্থাৎ বলি বা উৎসর্গ দিবস বা উৎসর্গের আনন্দ বলে মুসলিম সমাজে একটি পর্বরীতি চালু আছে। এ দিবসে মুসলিমগণ দিবসের প্রথম ভাগে সকালের দিকে দু’ রাকাত নামাজ পড়ে এবং অতপর পশু জবাই করে অংশ বিশেষ দান করে বাকিটা আত্মীয়-স্বজন নিয়ে ধুম ধারাক্কা করে আনন্দ করে ভোগ উপভোগ করে। রাসূলের সময় থেকে দেখা যায়, এদিবসে প্রত্যেকেই সাধ্যমত নতুন পোশাক পরিধান করে; ...নানা রকম বিনোদনের মধ্য দিয়ে দিবস যাপন করে। এ উৎসব চলে তিন দিনব্যাপী। রাসূল এ উৎসবটি চালু করেন। তিনি অন্য সমাজের দেখাদেখি এটি চালু করেন। তিনি বলেন, প্রত্যেক জাতি-সম্প্রদায়েরই কিছু কিছু আনন্দের দিবস আছে; আর এটি হলো আমাদের আনন্দের দিন। এ দিনে আমরা নামাজ পড়বো; অতঃপর পশু জবাই করবো। রাসূলের কোন বাণীতেই এ দিবসটি ত্যাগের দিবস বা কুরবানির দিবস বলে উল্লেখ নেই।

বস্তুতঃ এ একটি যৌথ সামাজিক আনন্দ অনুষ্ঠান। আনন্দ করে পশু জবাই করার অনুষ্ঠান নয়। তবে, অনুষ্ঠানের প্রয়োজনে পশু জবাই করা নয়। যৌথ সামাজিক আনন্দ অনুষ্ঠানের প্রয়োজনে যথা প্রয়োজন পশু জবাই করার অনুমোদন মাত্র। এটা কোনবাধ্যতামূলক অনুষ্ঠান নয়।” “পশু কোরবানী একটি বিকল্প প্রস্তাব” : পৃ. ১৭-১৮ (নাউযুবিল্লাহ ছুম্মা নাউযুবিল্লাহ)

এখানেও কুরবানী বিষয়ক কুরআনী আয়াত ও দ্বীনী ধারাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

১. তাদের কথার ঢং থেকে বোঝা যাচ্ছে যে, যদি কুরবানীর আদেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসত তাহলে কোনো আপত্তি ছিল না কিংবা তার বিপরীতে নতুন কোনো প্রস্তাব পেশ করারও প্রয়োজন হত না, কিন্তু যেহেতু বিষয়টি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে এজন্য তা সংশোধন যোগ্য! আর তাই তারা কুরবানীর বিভিন্ন বিকল্প পেশ করতে শুরু করেছে।

মনে রাখতে হবে যে, এটা মুনকিরে হাদীস (হাদীস অস্বীকারকারী) ফের্কার ধারণা, যারা উম্মাহর সর্বসম্মতিক্রমে কুরআনের সিদ্ধান্ত অনুযায়ী মুসলিম উম্মাহ থেকে খারিজ। কুরআনের ঘোষণা হচ্ছে,

‘আর যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহর অনুগত হল।’-সূরা নিসা : ৮০

অন্যত্র ইরশাদ হয়েছে,

‘আর যে রাসূলের বিরুদ্ধাচরণ করে তার নিকটে হেদায়াত প্রকাশিত হওয়ার পর এবং মু’মিনদের পথ ভিন্ন পথের অনুসরণ করে আমি তাকে সেদিকেই ফিরিয়ে দিব যেদিকে সে ফিরে গেল। আর তাকে জাহান্নামে প্রবিষ্ট করব, তা কতই না মন্দ নিবাস।’ ¬-সূরা নিসা ১১৫

আরও ইরশাদ হয়েছে,

‘না’ তোমার রবের শপথ, তারা মু’মিন হবে না যে পর্যন্ত তাদের মধ্যকার বিসংবাদিত বিষয়ে তোমাকে ফয়সালাদাতা হিসেবে গ্রহণ না করে। অতপর তোমার ফয়সালায় কোনরূপ কুন্ঠা অনুভব না করে আর পূর্নরূপে সমর্পিত না হয়।’ -সূরা নিসা : ৬৫

অতএব এই ধারণা একেবারেই ভুল যে, ঈদুল আযহার কুরবানীর হুকুম আল্লাহর পক্ষ থেকে আসেনি। কেননা প্রথমত যে বিধান সহীহ হাদীসে এসেছে তা পরোক্ষভাবে আল্লাহ তাআলারই হুকুম এবং ওহীর শিক্ষার অন্তর্ভুক্ত।

দ্বিতীয় কথা হচ্ছে যা উপরে আলোচনা করা হয়েছে। তা এই যে, ঈদুল আযহার কুরবানীর বিধান কুরআন মজীদের অন্তত দুই আয়াতে এসেছে।

২. ঈদুল আযহা ইসলামের একটি পরিভাষা, যার অর্থ হচ্ছে ওই ঈদ যাতে আল্লাহর হুকুমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য তাঁর দেওয়া পশু থেকে রাসূল নির্দেশিত তরীকায় যবেহ করা। কুরবানী হয়ে যাওয়ার পর তাঁরই আদেশ সে পশুর গোশত নিজেরাও খেয়ে থাকে, আত্মীয়-স্বজনকে হাদিয়া দিয়ে থাকে এবং গরীব-মিসকীনকে সদকা করা হয়।

أضحى ‘আযহা’ أضحاة শব্দের বহুবচন। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ‘নুসুক’ হিসেবে যে পশু যবেহ করা হয় তাকে আরবী ভাষায় ‘আযহা’ বলে। তাহলে ‘আযহা’ অর্থ কুরবানী। ‘ইয়াওমুল আযহা’ অর্থ কুরবানীর দিন এবং ‘ঈদুল আযহা’ অর্থ যে ঈদে কুরবানী করা হয়।

এই মর্যাদাপূর্ণ দ্বীনী পরিভাষার অমর্যাদা করে তারা তাকে হিন্দুদের শিরকী উৎসব ‘বলি উৎসবে’র সঙ্গে তুলনা করেছে। অথচ বলি হচ্ছে সম্পূর্ণ শিরকী কাজ আর কুরবানী হচ্ছে তাওহীদের শিক্ষা অবলম্বনকারীদের আল্লাহর আদেশ পালন, যা সম্পূর্ণরূপে শিরক মুক্ততা ইখলাস ও তাওহীদের উপর নির্ভরশীল।

৩. এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যারোপ যে, তিনি ঈদুল আযহার বিধান অন্যদের দেখাদেখি জারি করেছেন! নাউযুবিল্লাহ।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের বিষয় ওহী থেকে গ্রহণ করতেন, অন্য কোনো জাতির অনুকরণ থেকে নয়। অন্যদের দেখাদেখি যদি শরীয়ত প্রণয়ন সম্ভব হত তাহলে আর রাসূলের কী প্রয়োজন ছিল। বুদ্ধিজীবীরাই তা করে ফেলতে পারতেন!

ঈদ সম্পর্কে হাদীস শরীফে এসেছে যে, জাহেলী যুগের লোকদের বৎসর

Address

India, Northeast
Lala

Alerts

Be the first to know and let us send you an email when সঠিক পথের দিশারী - Sotik Pother Dishari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share