10/07/2025
আজ এক সাংবাদিকের থেকে আমরা জানলাম শাসক দলের এক নেত্রী বলেছেন যে কাঞ্চন মল্লিকের দুর্ব্যবহারের ঘটনা নিয়ে আমরা রাজনীতি করছি। সাংবাদিকের প্রশ্ন ছিল আমরা কি রাজনীতি করছি? হ্যাঁ করছি। কিন্তু এ রাজনীতি চেয়ার দখল রাখার রাজনীতি নয়, দলীয় কোন্দলের রাজনীতি নয়। এ রাজনীতি কর্মক্ষেত্রে সুরক্ষার দাবিতে, চিকিৎসক - নার্স - স্বাস্থ্যকর্মীদের নিগ্রহের প্রতিবাদে, ন্যায়বিচারের মাধ্যমে হামলাকারী সমাজবিরোধীদের উপযুক্ত শাস্তির দাবিতে, স্বাস্থ্যক্ষেত্র থেকে থ্রেট কালচার দূর করার দাবিতে। স্বাস্থ্যক্ষেত্রে ভয়ের সংস্কৃতি, স্বাস্থ্যকর্মীদের ওপর আক্রমণ আসলে রোগী পরিষেবার ওপরই আঘাত, রোগী - চিকিৎসক উভয়ের স্বার্থের পরিপন্থী। তাই সুস্থ স্বাস্থ্যক্ষেত্রের দাবি নিয়ে, আমাদের শিক্ষককে নিগ্রহের প্রতিবাদে আজ হাসপাতাল চত্বরে পোস্টারিং করলাম আমরা, কালো ব্যাজ পরে কাজ করলাম। কলেজ কর্তৃপক্ষের কাছে ডেপুটেশনের মাধ্যমে দাবি জানালাম অবিলম্বে আইনি পথে সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করার, নিরাপদ, ভয়হীন কর্মক্ষেত্রের ব্যবস্থা করার জন্য।