11/09/2026
শ্রী সম্রাট মৌলিক । মুখবই এর জগতে River cyclist Samrat নামে পরিচিত। আধুনিক প্রজন্মের একজন অন্যতম অভিযাত্রী-পর্যটক! ভূ-পর্যটক বললেও অত্যুক্তি করা হয় না। অসাধারণ চিত্রগ্ৰাহক, বাগ্মী এবং অনুসন্ধিৎসু এই তরুণ ইতোমধ্যেই বেশ কয়েকটি গবেষণামূলক অভিযান সম্পন্ন করে সে অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন সুখপাঠ্য গ্ৰন্থে। কখনও তিনি তুলে এনেছেন পূর্ব ভারতের তিস্তা নদীর উৎপত্তি থেকে সমতলে প্রবেশ পর্যন্ত দীর্ঘ পাহাড়ী পথের অজস্র পাহাড়ী বাঁকের নানান অজানা কাহিনী। কখনও বা পশ্চিম ভারতের প্রাচীন রেশমপথের ঐতিহাসিক তথ্যাবলী! অসাধারণ দৃষ্টিনন্দন চিত্রসহ সেসব অভিজ্ঞতার মণিমুক্তা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন আমাদের সংস্থার ব্যবস্থাপনায়। দর্শকরা হয়েছেন তৃপ্ত ও সমৃদ্ধ।
এবারে তাঁর অভিযান ছিল বাঙালির চিরকালীন নস্টালজিয়া কেদারনাথ মন্দির সংলগ্ন মন্দাকিনী উপত্যকায়! চোরাবারিতাল থেকে শুরু করে রুদ্রপ্রয়াগে অলকানন্দার সঙ্গে সংগমের পুরো পথটাই রহস্যে রোমাঞ্চে ভরপুর।
কেদারনাথ মন্দির! মন্দাকিনী উপত্যকা! দেবতাত্মা
হিমালয়ের এক অমোঘ আকর্ষণ! সেই আকর্ষণে শতশত বছর ধরে মানুষ পাড়ি দিয়েছে মাইলের পর মাইল বন্ধুর পথ। বন, নদী, পাহাড়, ঝর্ণা অতিক্রম করে পৌঁছে গিয়েছে কেদারনাথের চরণতলে। সময়ের সাথে সাথে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কল্যাণে পথচলা হয়েছে সহজ থেকে সহজতর। মানুষের আনাগোনাও পেয়েছে বহুগুণ বৃদ্ধি। সেই সঙ্গে আনুপাতিক হারে বেড়েছে আদিমকাল থেকে উপত্যকায় বসবাসকারী বন্যপ্রাণীদের সঙ্গে সংঘর্ষ! কখনও সখনও মানুষকে প্রাণ দিতে হলেও অধিকাংশ ক্ষেত্রেই এর মূল্য চোকাতে হয়েছে বন্যপ্রাণীদেরই। অসম লড়াইয়ে পরাজিত হয়ে তাদের অস্তিত্ব গেছে হারিয়ে। যাঁরা এখনও টিকে আছে তারাও দিন গুনছে হারিয়ে যাওয়ার! ঠিক কী অবস্থা এখন উপত্যকার? কীভাবে টিকে আছে মন্দাকিনী উপত্যকার বন্যপ্রাণীরা? ওখানের স্থায়ী বাসিন্দা মানুষের জীবনেই বা কী প্রভাব পড়েছে? কেমনভাবে চলছে এই অসম সহাবস্থান?
এই সমস্ত প্রশ্নের উত্তরের হদিস পেতে পারেন আগামী রবিবার শ্যামবাজারের হলে সম্রাট বাবুর এই অনুষ্ঠানে। হিমালয়কে কেবলমাত্র এক Tourist Destination বাইরে আমরা যাঁরা হিমালয়কে ভালোবাসি, ধারণ করি, তাঁদের জন্য অতি মূল্যবান হতে চলেছে কলকাতা ট্রেকার্স ইয়্যুথ -এর ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানটি। তাই সকলকে জানাই সাদর আমন্ত্রণ। অত্যন্ত মৃদুভাষী, মিষ্টভাষী স্বল্পবাক এই তরুণ অভিযাত্রীর ব্যক্তিগত অভিজ্ঞতালব্ধ তথ্যাবলীর আলোকে আমরা সকলেই নিশ্চয়ই সমৃদ্ধ হব, এ আমাদের দৃঢ় বিশ্বাস।