03/10/2024
কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে, বড্ড বেশী মানুষ গেছে বানের জলে ভেসে
২ অক্টোবর: বাঁশদ্রোণীতে রাস্তা নির্মাণের কাজ চলাকালীন একটি পেলোডারে পিষ্ট হয়ে মারা যায় নবম শ্রেণির ছাত্র সৌম্য শীল।
৩ অক্টোবর: কাটোয়ার কোশিগ্রাম ইউনিয়ন ইনস্টিটিউটের পঞ্চম শ্রেণির ছাত্র ইন্দ্রজিত মাঝি, স্কুলের মাঠে খেলতে গিয়ে সাপের কামড়ে মারা যায়।
কোথাও পৌরপ্রশাসনের ঔদাসীন্য, কোথাও স্কুল কর্তৃপক্ষের গাফিলতি! একের পর এক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে তরুণ প্রাণ, অকালে হারিয়ে যাচ্ছে কত স্বপ্ন। এ কোন সময়ে বাস করছি আমরা? এই নিদারুণ উদ্বেগে এবং চিন্তায় বাবা মায়েরা আজ শঙ্কিত, অতন্দ্র প্রহরায় কাটছে তাঁদের দিন ও রাত। এ অবস্থা থেকে মুক্তি চাই! এক সুস্থ সুরক্ষিত পরিবেশে আগামীর ফুলগুলো ফুটুক - অভিভাবকদের এই আর্তি ধ্বনিত হচ্ছে গ্রামে, গঞ্জে, শহরে।
কবি সুকান্ত ভট্টাচার্য্য লিখেছিলেন:
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এই রাজ্যের সমগ্র অভিভাবকবৃন্দের কাছে আমাদের আবেদন - আসুন, আমরা অঙ্গীকারবদ্ধ হই যেন আগামী প্রজন্মের জন্য এক সুস্থ সমাজ গড়ে তুলতে পারি যেখানে থাকবে সঠিক মূল্যবোধ ও শিক্ষা, উপযুক্ত স্বাস্থ্যব্যবস্থা এবং সুরক্ষার নিশ্চয়তা।