16/10/2024
সালটা ২০২১। করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়। হাতে হাত মিলিয়ে করোনা বিরুদ্ধে লড়াই শুরু। সবাইকে সচেতন করা থেকে শুরু করে মাস্ক বিতরণ, করোনা আক্রান্ত রুগীর পাশে দাঁড়ানো এবং সেই রুগীর থেকে যাতে অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে তার ব্যবস্থা করা। সাফল্য পেয়েছিলাম আমরা অনেকতাই, পুরোটাও বলা যেতে পারে। সেই থেকে আমাদের পথ চলা শুরু। তারপর একে একে বৃক্ষরোপণ কর্মসূচি, মহিলা স্বাস্থ্য সচেতনতা, শিশু শিক্ষার মতো আরো কত কত প্রকল্প। যেগুলি আজও সফলতার সঙ্গে এগিয়ে চলেছে। এগুলির মধ্যে আরো একটি প্রকল্প যার কথা না বললেই নয়, সানন্দ।
সানন্দ। আমাদের সমস্ত প্রজেক্ট এর মধ্যে সবচেয়ে বড় এবং অন্যতম প্রজেক্ট এই সানন্দ।সমাজের আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষের সাথে উৎস ভাগ করে নেবার সামান্য প্রয়াস।
২০২১ থেকে সাফল্যের সাথে এক্সিকিউট হয়ে চলেছে এই প্রজেক্ট এবং এই সাফল্যের নেপথ্যে রয়েছেন আপনারাও। আপনাদের সহযোগিতা ছাড়া সানন্দ কে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কল্পনার অতীত। এবছরও প্রত্যেক বছরের ন্যায় আমরা তরী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ ২০০ জনের উপর শিশুকে পোশাক এবং খাবার বিতরণ এর আয়োজন করেছি।
এই বছর সানন্দ একটু অন্য রকম, এর পরিবেশ পরিস্থিতিও অন্যরকম। ৯ আগস্ট আর জি কর হাসপাতালের নারকীয় ধর্ষণ এবং হত্যাকাণ্ড এর প্রতিবাদে গোটা বাংলা মুখর। এই প্রতিবাদের সামিল আমরাও। ডাক্তারও লড়ছেন তাদের সহকর্মীর বিচারের জন্য, লড়ছেন হাসপাতালে তাদের সুরক্ষার জন্য। প্রতিবাদের ৬৮ দিন আজ অতিক্রান্ত।
দুর্গা পুজোর উৎসবেও আমাদের মন ভারাক্রান্ত। আমরা যতটুকু পেরেছি যেভাবে পেরেছি প্রতিবাদ জানিয়েছি। জাড়া গ্রামে প্রতিবাদের মিছিলে ১০০০ জনের উপর মানুষের সংগঠিত হওয়া সত্যিই আপনাদের জাগ্রত বিবেকের সংকেত।
সব কিছুর মধ্যে আমরা সানন্দ কে এগিয়ে নিয়ে চলেছি। এ বছর আমাদের এই সানন্দ প্রকল্প অভয়া কে উৎসর্গ করে । শিশুগুলোর ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয় সেই লক্ষ্যে সানন্দ আয়োজিত হতে চলেছে শালবনী ব্লকে।
স্থান: শালবনী ব্লকের অন্তর্গত মধুপুর গ্রাম
সময়: ২০ সেপ্টেম্বর রবিবার
এই বছরেও আপনারা ছোট ছোট শিশুদের পাশে দাঁড়ান, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন এই সানন্দ প্রকল্পে আপনার যোগদানের মধ্যে দিয়ে।
আপনার সাহায্য দুঃস্থ শিশুদের কাছে আশীর্বাদের পুষ্প হয়ে বর্ষিত হোক।