15/08/2024
৭৮ তম স্বাধীনতা দিবস। কিন্তু অনেক প্রশ্ন আজ ঘুরে বেড়াচ্ছে আমাদের চারপাশে ! স্বাধীনতা হয়তো আছে, কিন্তু সবার জন্য নিরাপত্তা আছে কি ! নারী-পুরুষ, ধর্ম-বর্ণ, উচ্চ-নীচ, ধনী-গরীব, ছোটো-বড়ো নির্বিশেষে ঘরে-বাইরে আবালবৃদ্ধবনিতার ! আসুন, আজকের এই পবিত্র দিনে শপথ নিই, আমরা সবাই প্রকৃত অর্থেই 'মানবিক' হয়ে উঠি।
🙏 প্রত্যেক দেশবাসীকে স্বাধীনতা দিবসের হার্দিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে শেয়ার করছি একটি বছর তিনেক আগে লেখা একটি কবিতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন 🙏
কবিতা : স্বাধীনতা
কলমে : তারাশংকর দাসবৈরাগী
স্বাধীনতা আনে অনাবিল সুখ চোখের তারায় আলো,
স্বাধীনতা আনে নতুন স্বপ্ন ঘুচায় মনের কালো।
স্বাধীনতা দেয় গর্বের হাসি সম্মান নিয়ে বাঁচা,
পরাধীনতার গলায় ফাঁসি স্বাধীনতা ভাঙে খাঁচা।
জড়তা-জীর্ণ দীনতা-দীর্ণ সুবিশাল এই দেশে
অশিক্ষা আর অস্বাস্হ্য ছিল অনৈক্য ছদ্মবেশে।
তবুও তো ছিল অপার শান্তি প্রেম প্রীতি ভালোবাসা,
সম্পদে ভরা সোনার ভারত মর্মে জাগাত আশা।
শক হূন সহ কত না দস্যু এসেছে বারংবার
ধনরত্নের লালসায় শেষে বঙ্গে বখতিয়ার !
তেরোর শতকে হৃত হলো হায় বাংলার স্বাধীনতা,
আর্যাবর্ত করিল দখল কুতুব তুর্কি নেতা।
বাংলার রাজা লক্ষ্মণ সেন পালালো নিরুদ্দেশে,
প্রাণপণ লড়ে পৃথ্বীরাজের প্রাণ গেলো অবশেষে।
মহম্মদের কালো ঘোড়া ছোটে বিজয় পতাকা ওড়ে,
পরাধীনতার কালো মেঘ জমে ভারতবর্ষ জুড়ে !
শোষণে পীড়নে অগ্নির বাণে ছারখার হলো দেশ,
বাংলায় বসে রক্তের নদী নারী-সম্মান শেষ !
তুর্কী - পাঠান অবসান শেষে মোগলরা এসে জুটে,
ভারত-জনতা কাঁপে থরথর বাবরের ঘোড়া ছুটে।
তারপরে এলো ইংরেজ প্রভু তীক্ষ্ণ তিরের মতো,
একে একে তারা করিল যে গ্রাস ছিল জনপদ যত।
দুশো বছরের অত্যাচারে ভারত-জননী কাঁদে,
নীরব ব্যথায় সন্তান হবে গুমরে গুমরে নাদে।
পরাধীনতার অপমান-জ্বালা দুঃসহ লাগে মনে,
হাজার হাজার বীর তরুণেরা ফুঁসে ওঠে ক্ষণে ক্ষণে।
আত্মত্যাগের মহান মন্ত্র প্রাণে দিয়ে যায় দোলা,
লাখো লাখো প্রাণ দিল বলিদান মুক্তির পথ খোলা।
অবশেষে এলো সেই স্বাধীনতা জননীর মুখে হাসি,
ব্যর্থ হয়নি রক্তের দান ব্যর্থ হয়নি ফাঁসি।
দাসত্ব আর মানব না মোরা মুক্তিই শেষ কথা-
রক্ত দিয়েই রুখব আমরা স্বদেশের স্বাধীনতা !
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳