21/09/2026
নেশামুক্ত ত্রিপুরা – বিকশিত ভারত
রাষ্ট্রীয় সংকল্প সমারোহ
২০ সেপ্টেম্বর ২০২৬ ইং, মাই ভারত উত্তর ত্রিপুরার উদ্যোগে এবং বড়গোল পাইওনিয়ার ইয়ুথ ক্লাবের পরিচালনায়, আমটিলা–বড়গোলে অবস্থিত স্বামী বিবেকানন্দ মুক্তমঞ্চে “নেশামুক্ত ত্রিপুরা – বিকশিত ভারত” রাষ্ট্রীয় সংকল্প সমারোহ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন বড়গোল গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ নাথ, পঞ্চায়েত অফিসার অলক চক্রবর্তী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমাজসেবী নিরঞ্জন নাথ, প্রাক্তন জাতীয় স্বেচ্ছাসেবী দ্বিজব্রত নাথ-সহ বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের সভাপতি, সম্পাদক এবং প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের চন্দনের ফোঁটা ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। ক্লাবের শিল্পীবৃন্দের পরিবেশনায় উদ্বোধনী সংগীত অনুষ্ঠানে বিশেষ আবহ সৃষ্টি করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি তথা কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ তার বক্তব্যে সমাজে নেশার কুপ্রভাব ও ভয়াবহতা সম্পর্কে সকলকে সচেতন করেন এবং যুবসমাজকে নেশার করালগ্রাস থেকে দূরে রেখে একটি সুস্থ, সচেতন ও নেশামুক্ত সমাজ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
পরবর্তীতে উপস্থিত অতিথিবৃন্দ ও বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা নেশামুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে বক্তব্য রাখেন। আলোচনায় অংশগ্রহণ করেন আলোকধারা ফাউন্ডেশনের সম্পাদক রাহুল দে, নবযুগ সংঘের সভাপতি মৃণময় নাথ, বিশিষ্ট সমাজসেবী শুভাশিস সেনগুপ্ত, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমাজসেবী নিরঞ্জন নাথ-সহ বিভিন্ন ক্লাব ও সংগঠনের প্রতিনিধিরা। তাঁরা যুবসমাজকে নেশা থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর সমাজ নির্মাণে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
এরপর ক্লাবের অন্যতম সদস্যা অনিন্দিতা নাথ উপস্থিত সকলকে নেশামুক্ত সমাজ গঠনের শপথ পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত অতিথি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে সেই শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর অনুষ্ঠিত Signature Campaign-এ উপস্থিত অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পরিশেষে বড়গোল গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ নাথ মহোদয়ের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের মধ্যে মিষ্টি ও পানীয় জল বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পাইওনিয়ার ইয়ুথ ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট রাজিব নাথ এবং সঞ্চালনা করেন অনিন্দিতা নাথ।
নেশামুক্ত সমাজ গঠনের বার্তা, যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ এবং সামাজিক সচেতনতার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি একটি ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে সম্পন্ন হয়।