22/05/2026
আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবসে পাখিদের জন্য জলের আয়োজন শুরু করল কোচবিহার অনাসৃষ্টির চিল্ড্রেন পার্লামেন্টের ক্ষুদেরা
কোচবিহার, ২২ মে : আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস উপলক্ষে এক আন্তরিক ও মানবিক উদ্যোগের সূচনা করল Cooch Behar Anasristi-র চিল্ড্রেন পার্লামেন্টের সদস্যরা। প্রচণ্ড গ্রীষ্মপ্রবাহে তৃষ্ণার্ত পাখিদের কথা ভেবে তারা শুরু করল “পাখিদের জন্য জলের আয়োজন” কর্মসূচি।
এই উদ্যোগের জন্য ক্ষুদে সদস্যরা নিজেরাই সংগ্রহ করেছে নদী ও দিঘির আশপাশে পড়ে থাকা মাটির ঘট, পাশাপাশি ফেলে দেওয়া প্লাস্টিকের কৌটা। সেইসব পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী পরিষ্কার করে আজ অমরতলা এলাকার ৭টি গাছে জলের পাত্র বসানো হয়, যাতে গরমে পাখিরা কিছুটা স্বস্তি পায়।
শুধু পরিবেশ রক্ষার বার্তা নয়, এই উদ্যোগের মাধ্যমে শিশুদের মধ্যে জীব বৈচিত্র্য সংরক্ষণ ও সহমর্মিতার এক সুন্দর শিক্ষা ছড়িয়ে পড়ছে। কর্মসূচিতে অংশ নেওয়া সৃধীমা, সুপ্রিয়া, বিরাট ও আকাশ জানায়, আজ থেকে শুরু হওয়া এই উদ্যোগ আগামী দিনে কোচবিহারের আরও বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তারা।
উল্লেখ্য, শিশু সুরক্ষা ও শিশুদের সামাজিক অংশগ্রহণকে সামনে রেখে প্রতি সপ্তাহে ১০ থেকে ১৮ বছর বয়সী শিশু-কিশোররা একত্রিত হয় Cooch Behar Anasristi Children's Parliament-এর মাধ্যমে। নানা সামাজিক, পরিবেশগত ও মানবিক বিষয় নিয়ে তারা নিয়মিত কাজ করে চলেছে।
তীব্র গরমের এই সময়ে ক্ষুদেদের এমন উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয় মানুষের মন কাড়তে শুরু করেছে। ছোট ছোট হাতেই যে বড় পরিবর্তনের বীজ লুকিয়ে থাকে, তারই এক সুন্দর উদাহরণ হয়ে উঠল আজকের এই কর্মসূচি।