26/08/2026
অর্থনীতি থেকে প্রতিরক্ষা: বাংলাদেশের সঙ্গে সম্পর্কে সবক্ষেত্রে এগিয়ে চীন: ইসমাইল জবিউল্লাহ
ঢাকা ২৫, সিএমজি বাংলা: চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের কারণে দেশে চীনা ভাষাজ্ঞানসম্পন্ন দক্ষ জনবলের চাহিদা বাড়ছে। এই চাহিদা পূরণে চীনা ভাষা শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
মঙ্গলবার বাংলাদেশের রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ-এনএসডিএ'র সম্মেলন কক্ষে আয়োজিত ভ্যালিডেশন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, 'বাংলাদেশের প্রধান লক্ষ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। এ ক্ষেত্রে চীন বাংলাদেশের সঙ্গে সহযোগিতায় অন্য অন্যান্য দেশের চেয়ে এগিয়ে আছে। যেমন- প্রতিরক্ষা, বাণিজ্য, কৃষি ও জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা অন্যান্য দেশের চেয়ে এগিয়ে। কারণ চীনকে যেকোনো প্রয়োজনে আগে পাওয়া গেছে। তবে, অন্যান্য দেশও যদি বাংলাদেশের জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে বন্ধুত্বের হাত বাড়াতে চায়, এ ক্ষেত্রে আমার সব সময় স্বাগত জানাতে প্রস্তুত'।
তিনি আরও বলেন, 'বাংলাদেশের কর্মীরা অনেক সময় কারিগরি ও ভাষাগত দক্ষতার অভাবে আন্তর্জাতিক শ্রমবাজারে পিছিয়ে পড়েন। তাই অন্যান্য ভাষা শেখার পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষা শেখা এবং কারিগরি দক্ষতা অর্জন করতে হবে। এতে দেশের কর্মীরা আন্তর্জাতিক শ্রমবাজারে আরও বেশি সুযোগ পাবেন'।
অনুষ্ঠানে জনপ্রশাসন উপদেষ্টা বলেন, 'দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। দেশের কর্মসংস্থান ও দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে'।
চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বাড়ার সঙ্গে বিভিন্ন শিল্পখাতে চীনা ভাষাজ্ঞানসম্পন্ন দক্ষ কর্মীর চাহিদাও বাড়ছে। এ প্রেক্ষাপটে দেশে প্রথমবার কম্পিটেন্সি-বেজড চাইনিজ ল্যাঙ্গুয়েজের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড (সিএস) ও কোর্স অ্যাক্রেডিটেশন ডকুমেন্ট (সিএডি) প্রণয়ন করেছে এনএসডিএ।
প্রণীত কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ও কারিকুলামের প্রাসঙ্গিকতা এবং শ্রমবাজারে এর ব্যবহারিক উপযোগিতা যাচাই করতেই এ ভ্যালিডেশন কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সভাপতিত্ব করেন এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী।
লুৎফর/ফয়সল
সূত্র: সিএমজি বাংলা