08/09/2026
সহিংসতা শুধু নারীর বিরুদ্ধে হয় না—পুরুষরাও এর শিকার।
সহিংসতা বললেই আমরা সাধারণত নারীর নির্যাতনের কথাই ভাবি। কিন্তু ফ্রান্সে বাঙালি কমিউনিটির সঙ্গে কাজ করতে গিয়ে SHADAHATI Association-এর অভিজ্ঞতায় আমরা দেখেছি, অনেক পুরুষও নীরবে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন।
পুরুষদের ক্ষেত্রে নির্যাতন অনেক সময় সরাসরি শারীরিক আঘাতের চেয়ে মানসিক চাপ, অপমান, ভয় দেখানো, নিয়ন্ত্রণ এবং আর্থিক চাপের মাধ্যমে প্রকাশ পায়।
যেমন—অন্যের জীবনযাত্রার সঙ্গে নিজের সংসারকে তুলনা করা, সর্বশেষ মডেলের iPhone চাই, দামি গয়না চাই, অন্যের মতো জীবনযাপন করতে হবে—এ ধরনের চাহিদা পূরণ করতে না পারলে স্বামীকে অপমান করা, চাপ দেওয়া বা হুমকি দেওয়া।
আবার কেউ কেউ নিজের ইচ্ছামতো রাত-বিরাতে বাইরে থাকা, ভোর পর্যন্ত TikTok বা অন্যান্য সামাজিক মাধ্যমে সক্রিয় থাকা, নিজের অনলাইন জীবন নিয়ে স্বাধীনভাবে চলতে চান। একজন স্বামী এসব বিষয়ে উদ্বেগ বা আপত্তি জানালে অনেক সময় শুরু হয় তীব্র ঝগড়া, মানসিক চাপ, অপমান কিংবা সম্পর্কের মধ্যে দূরত্ব।
সমস্যা সামাজিক মাধ্যমে থাকা নয়—সমস্যা তখনই, যখন সামাজিক মাধ্যম, ব্যক্তিগত স্বাধীনতা বা জীবনযাপনকে কেন্দ্র করে একজন আরেকজনকে অপমান, ভয় দেখানো, নিয়ন্ত্রণ বা মানসিকভাবে ভেঙে ফেলেন।
কখনো পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। স্বামী বিষয়গুলো নিয়ে কথা বলতে বা প্রতিবাদ করতে গেলে তাকে পুলিশে অভিযোগ করার ভয় দেখানো হয়, হুমকি দেওয়া হয়, এমনকি কিছু ক্ষেত্রে পুলিশও ডাকা হয়। ফলে অনেক পুরুষ নিজের ঘরের সমস্যার কথাও কাউকে বলতে সাহস পান না।
কারণ সমাজের একটা প্রচলিত ধারণা—
“পুরুষ মানেই শক্ত। পুরুষ আবার নির্যাতনের শিকার হবে কেন?”
কিন্তু বাস্তবতা হলো, পুরুষও মানুষ। তারও অনুভূতি আছে, সম্মান আছে, ভয় আছে এবং কষ্ট পাওয়ার অধিকার আছে।
তাই আমরা মনে করি—
নির্যাতনের কোনো জেন্ডার নেই।
অন্যায়ের কোনো জেন্ডার নেই।
Violence has no gender.
Humanity has no gender. ❤️🇧🇩🇫🇷