22/08/2026
#সেবা_সংস্থার_প্রধান_কার্যালয়ে_এফএনবি_চেয়ার_নির্বাচিত_হওয়ায়_জনাব_জাকির_হোসেনকে_সংবর্ধনা
টানা তৃতীয়বারের মতো ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি) চেয়ার নির্বাচিত হওয়ায় বুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব জাকির হোসেনকে এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির পক্ষ থেকে অদ্য ২২ আগস্ট ২০২৬, শনিবার বিকাল ৪টায় সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা)-এর প্রধান কার্যালয়ের কনফারেন্স হল, টাঙ্গাইলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি ও সেবা সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ রিয়াজ আহম্মেদ লিটন। অনুষ্ঠানে এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক ও যৌথ উদ্যোগের নির্বাহী পরিচালক জনাব মোঃ আবুল কালাম মোস্তফা (লাবু) সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য এবং জেলার বিভিন্ন সহযোগী সংস্থার প্রধানগণ ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি জনাব জাকির হোসেন সহ সকল অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে সকলকে উত্তরীয় পরিয়ে দেওয়া এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সম্মাননা পত্র পাঠ করেন সেতুর নির্বাহী পরিচালক ও এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক জনাব মির্জা সাকিফ হোসেন।
স্বাগত বক্তব্যে জনাব মোঃ আবুল কালাম মোস্তফা (লাবু) বলেন, দেশের এনজিও এবং মাইক্রোফাইন্যান্স খাতের বিকাশে জনাব জাকির হোসেনের দীর্ঘদিনের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও অভিজ্ঞতা এ খাতকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এফএনবির সহযোগী সংস্থার প্রধানদের পক্ষ থেকে বক্তব্য রাখেন: এসএসএস, টাঙ্গাইলের সিনিয়র পরিচালক (ঋণ) জনাব সন্তোষ চন্দ্র পাল, বিডিসি ব্র্যাক, টাঙ্গাইলের জনাব সরকার হাসান ওয়াইজ; বাওপার নির্বাহী পরিচালক জনাব মোঃ আব্দুর রউফ; যুগবানীর নির্বাহী পরিচালক ও এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সদস্য জনাব মোঃ আবুল কালাম আজাদ; সেতুর নির্বাহী পরিচালক ও এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক জনাব মির্জা সাকিফ হোসেন; আরপিডিওর নির্বাহী পরিচালক ও এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সহ-সভাপতি জনাব রওশন আরা লিলি; সামাজিক সেবা সংগঠনের নির্বাহী পরিচালক ও এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সহ-সভাপতি জনাব মোজাম্মেল হোসেন তালুকদার; এফএনবি ঢাকার কো-অর্ডিনেটর জনাব নিমাই চাঁদ মন্ডল এবং বুরো ক্রাফটের চেয়ারম্যান, বুরো হেলথ কেয়ার ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান ও সমবায় ব্যাংকের চেয়ারম্যান জনাবা রাহেলা জাকির।
সংবর্ধিত অতিথি জনাব জাকির হোসেন তাঁকে সম্মাননা প্রদান করায় এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ অধিক জনসংখ্যার দেশ হওয়ায় মানুষের সমস্যাও অনেক বেশি; ফলে এখনো অনেক মানুষ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। যাঁদের মানুষের জন্য কাজ করার কমিটমেন্ট রয়েছে, তাঁরাই সমাজের কল্যাণে বেশি অবদান রাখতে পারেন। আমরা সেই অঙ্গীকারবদ্ধ মানুষদেরই একটি অংশ।
তিনি আরও বলেন, শীতকালে শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হবে। এফএনবিকে একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলে দেশের দরিদ্র, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি জনাব মোঃ রিয়াজ আহম্মেদ লিটন তাঁর সমাপনী বক্তব্যে জনাব জাকির হোসেনকে টানা তৃতীয়বারের মতো এফএনবির চেয়ার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। তিনি বলেন, তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বের মাধ্যমে দেশের এনজিও খাত আরও সুসংগঠিত ও গতিশীল হবে। একই সঙ্গে টাঙ্গাইল জেলা কমিটির পক্ষ থেকে এফএনবির কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পর্বের সমাপ্তি হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।