04/05/2026
আজ ৪ই মে ২০২৬, সোমবার “Once a blood donor, always a lifesaver” শীর্ষক ব্লাড ডোনেশন ও ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। Leading University Social Services Club এর আয়োজনে কর্মসূচীর সার্বিক সহযোগিতায় ছিল সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট।
দিনব্যাপী এ কর্মসূচিতে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং স্বেচ্ছায় রক্তদানে আগ্রহীদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে জরুরি প্রয়োজনে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে সম্ভাব্য রক্তদাতাদের একটি সুসংগঠিত ডাটাবেজ প্রস্তুত করা হয়।
ভ্যাক্সিনেশন কার্যক্রমের আওতায় হেপাটাইটিস-বি স্ক্রিনিং সম্পন্ন করা হয়। একইসাথে নির্ধারিত ফি’র বিনিময়ে হেপাটাইটিস-বি (Hepa-B) এবং জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী ভ্যাক্সিন (Papilovax) প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সচেতনতামূলক সেমিনারে রক্তদানের প্রয়োজনীয়তা, নিরাপত্তা এবং ভ্যাক্সিন গ্রহণের গুরুত্ব নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।
এ সময় উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন। কর্মসূচি শেষে Leading University Social Services Club-এর পক্ষ থেকে সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় ক্লাবের উপদেষ্টা মিসেস রুম্পা শারমিন, সহকারী উপদেষ্টা অমিত চক্রবর্তী,বর্তমান সভাপতি তামিম মাহমুদ,সেক্রেটারি বদর হোসাইন সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানবতার কল্যাণে নিবেদিত এ মহতী উদ্যোগ সফলভাবে সম্পন্ন করার জন্য Leading University Social Services Club-কে জানাই আন্তরিক ধন্যবাদ। পাশাপাশি সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট -এর সকল সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অক্লান্ত পরিশ্রমের জন্য জানাই অশেষ কৃতজ্ঞতা।