07/09/2026
সফলভাবে সম্পন্ন হলো টিটিসি ডিবেটিং ক্লাবের Monthly Debate Workshop — September 2026
যুক্তির বিশ্লেষণ, সুশৃঙ্খলভাবে যুক্তি উপস্থাপন ও বিতর্কের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে টিটিসি ডিবেটিং ক্লাব আয়োজিত “Motion Analysis & Argumentation” শীর্ষক মাসিক বিতর্ক কর্মশালা আজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রাব্বী-এর সঞ্চালনায় কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন জুবায়ের হোসাইন শাহেদ, সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (কমিটি ২০২৫–২৬)। তাঁর মূল্যবান আলোচনা ও অভিজ্ঞতাসমৃদ্ধ বক্তব্যে শিক্ষার্থীরা মোশন বিশ্লেষণ, যুক্তি নির্মাণ ও কার্যকর যুক্তি উপস্থাপনের বিভিন্ন কৌশল সম্পর্কে জানতে পারেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক (ইংরেজি) জনাব শ্রী বিধান চক্রবর্তী, সহকারী অধ্যাপক (ইংরেজি) জনাব মাহবুবুর রহমান রনি এবং প্রভাষক (শিক্ষা) জনাব সাদেকুর রহমান। অতিথিবৃন্দ টিটিসি ডিবেটিং ক্লাবের এমন শিক্ষামূলক ও ব্যতিক্রমী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং মূল্যবান সময় দেওয়ার জন্য স্পিকারকে আন্তরিক ধন্যবাদ জানান।
কর্মশালায় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মোঃ কাওসার আহমেদ, এডুকেশন সোসাইটির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এবং ক্লাবের বিভিন্ন দায়িত্বশীল সদস্যবৃন্দ।
বিশেষ আকর্ষণ:
কর্মশালার শুরুতে সম্মানিত অতিথি সহকারী অধ্যাপক জনাব মাহবুবুর রহমান রনি টিটিসি ডিবেটিং ক্লাবের পক্ষে ঘোষণা করেন—আজকের কর্মশালায় যিনি সবচেয়ে গুছিয়ে, যুক্তিসংগত ও প্রাসঙ্গিকভাবে স্পিকারকে প্রশ্ন করতে পারবেন, তাঁকে টিটিসি ডিবেটিং ক্লাবের সম্মানসূচক সদস্যপদ প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় কর্মশালার শেষে নবীন শিক্ষার্থী তারানা আক্তার রিমি-কে তাঁর আগ্রহ, শেখার মানসিকতা এবং সুন্দরভাবে প্রশ্ন উপস্থাপনের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রাব্বী। তিনি বলেন, “রিমির শেখার আগ্রহ ও অংশগ্রহণকে সম্মান জানানো এবং অন্য শিক্ষার্থীদের বিতর্ক ও জ্ঞানচর্চায় উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।”
টিটিসি ডিবেটিং ক্লাব বিশ্বাস করে—প্রশ্ন থেকেই জ্ঞানের সূচনা, আর যুক্তির চর্চা থেকেই গড়ে ওঠে শাণিত মনন।
যুক্তির চর্চা হোক অব্যাহত, জ্ঞানের পথ হোক আরও বিস্তৃত।
টিটিসি ডিবেটিং ক্লাব
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট।