02/03/2026
🔴বিস্তারিত...
নালিতাবাড়ীতে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিবারের ন্যায় এবারও সংগঠনটি ১০০টি অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
রোববার (২ মার্চ) নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার ১০০টি পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। সংগঠনের স্বেচ্ছাসেবীরা সরাসরি উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ডাল, চিনি, ছোলা বুট, সয়াবিন তেল, পেঁয়াজ, আলু, সাবান, গুড়ো দুধ, মুড়ি ও সেমাই। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এসব খাদ্যসামগ্রী দিয়ে রমজানের ইফতার ও ঈদের প্রস্তুতি সহজ হবে।
সংগঠনটির চেয়ারম্যান সদরুল আমিন জাবির বলেন, “রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন সবসময় চেষ্টা করে যাচ্ছে যেন কোনো পরিবার অভাবে না থাকে। সবার সম্মিলিত সহযোগিতায় আমরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।”
তিনি আরও জানান, সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের সহযোগিতায় এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
এদিকে, উপকারভোগী পরিবারগুলো সংগঠনের এমন মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ জানুয়ারি প্রতিষ্ঠিত জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সকলের সহযোগিতা ও ভালোবাসা পেলে সংগঠনটি আরও বৃহৎ পরিসরে কাজ করতে সক্ষম হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।