30/12/2025
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাকসুর গভীর শোক
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) গভীর সমবেদনা প্রকাশ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ৩০ ডিসেম্বর, ২০২৫ তারিখ সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ইন্তেকালে দেশ এক দেশপ্রেমিক অভিভাবক ও মহীয়সী রাষ্ট্রনায়ককে হারালো।
বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক অনন্য আলোকবর্তিকা। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর আপসহীন নেতৃত্ব ও রাজপথে অবিচল অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংসদীয় রাজনীতির বিকাশ এবং নারী শিক্ষার প্রসারে যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, জাতি তা চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
বেগম জিয়া 'আপসহীন দেশনেত্রী' হিসেবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমৃত্যু সোচ্চার ছিলেন। স্বৈরাচারী হাসিনা সরকারের মিথ্যা মামলায় বৃদ্ধ বয়সে অসুস্থ থাকা সত্বেও অন্যায়ভাবে জেল-জুলুম ও বঞ্চনার শিকার হয়েছেন। তবুও অন্যায়ের সাথে তিনি আপস করেননি।
জাকসু মনে করে, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছাত্রসমাজের জন্য এক মহান পাঠ্যপুস্তক। ব্যক্তিগত নানামুখী চাপ, কারাবরণ ও রাজনৈতিক প্রতিকূলতার মুখেও অন্যায়ের সাথে আপস না করার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা বাংলাদেশের ইতিহাসে তাঁকে চিরকাল প্রাসঙ্গিক করে রাখবে।
জাকসু মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।