23/07/2026
হিদায়তের ওপর শেষ পর্যন্ত টিকে থাকা অনেক কঠিন: শেষ অধ্যায়ের আগে কোনোভাবেই আত্মতুষ্টি নয়!!
*** *** ***
মানুষের জীবনে ঈমান ও হিদায়ত লাভ যেমন আল্লাহ তা‘আলার এক মহা নিয়ামত, তেমনি সেই হিদায়তের ওপর মৃত্যু পর্যন্ত অবিচল থাকতে পারা আরও বড় অনুগ্রহ।
একজন মানুষ দীর্ঘ সময় নেক আমলে জীবন অতিবাহিত করেও শেষ মুহূর্তে পথচ্যুত হতে পারে। আবার কেউ দীর্ঘদিন গাফিলতির মধ্যে থেকেও জীবনের অন্তিম সময়ে আল্লাহর বিশেষ অনুগ্রহে তাওবার মাধ্যমে সৌভাগ্যবান হয়ে উঠতে পারে।
এ কারণেই ইসলামে শুধু নেক আমল করাই যথেষ্ট নয়; বরং উত্তম পরিণতি (حُسْنُ الْخَاتِمَة)-এর জন্য সারাজীবন আল্লাহর কাছে প্রার্থনা করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অত্যন্ত হৃদয়বিদারক একটি সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেন—
"সেই সত্তার শপথ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই! তোমাদের কেউ জান্নাতবাসীদের মতো আমল করতে থাকে। এমনকি তার ও জান্নাতের মধ্যে মাত্র এক হাত পরিমাণ দূরত্ব অবশিষ্ট থাকে। তখন তার সম্পর্কে পূর্বনির্ধারিত বিধান কার্যকর হয়, ফলে সে জাহান্নামবাসীদের মতো আমল করে এবং জাহান্নামে প্রবেশ করে।
আবার তোমাদের কেউ জাহান্নামবাসীদের মতো আমল করতে থাকে। এমনকি তার ও জাহান্নামের মধ্যে মাত্র এক হাত পরিমাণ দূরত্ব অবশিষ্ট থাকে। তখন তার সম্পর্কে পূর্বনির্ধারিত বিধান কার্যকর হয়, ফলে সে জান্নাতবাসীদের মতো আমল করে এবং জান্নাতে প্রবেশ করে।"
(সহীহুল-বুখারী, সহীহু মুসলিম)
অর্থাৎ, কখনো কখনো বাহ্যিক বিচারে মনে হতে পারে যে, একজন মানুষ যেন জান্নাতের একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছেন। কিন্তু জীবনের শেষ পরীক্ষায় ব্যর্থ হলে তার পরিণতি সম্পূর্ণ ভিন্ন হতে পারে।
তবে এ হাদীসের অর্থ এই নয় যে, আল্লাহ তা‘আলা একজন আন্তরিক ও নিষ্ঠাবান মুমিনকে বিনা কারণে শেষ মুহূর্তে পথভ্রষ্ট করে দেন। বরং অন্য একটি সহীহ রিওয়ায়তে এ বিষয়টি আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন—
"কোনো ব্যক্তি মানুষের দৃষ্টিতে জান্নাতবাসীদের মতো আমল করতে থাকে, অথচ সে জাহান্নামী। আবার কোনো ব্যক্তি মানুষের দৃষ্টিতে জাহান্নামবাসীদের মতো আমল করতে থাকে, অথচ সে জান্নাতি। নিশ্চয়ই আমলের মূল্যায়ন তার শেষ পরিণতির ওপর নির্ভর করে।"
(সহীহুল বুখারী)
অর্থাৎ,
মানুষের বাহ্যিক মূল্যায়ন সব সময় বাস্তবতার প্রতিফলন নাও হতে পারে। কারও অন্তরের অবস্থা, ইখলাস এবং প্রকৃত পরিণতি একমাত্র আল্লাহই জানেন।
তাই কোনো ব্যক্তির বর্তমান অবস্থা দেখে যেমন আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই, তেমনি অন্য কারও সম্পর্কে হতাশ হয়ে চূড়ান্ত রায় দেওয়ারও অবকাশ নেই।
একজন মুমিনের সবচেয়ে বড় উদ্বেগ হওয়া উচিত—আল্লাহ যেন তাকে ঈমান, ইখলাস, তাকওয়া ও নেক আমলের ওপর অটল রেখে উত্তম পরিণতি দান করেন।
এ কারণেই আল্লাহ তা‘আলা কুরআন করীমে আমাদের এ মহান দুআ শিক্ষা দিয়েছেন—
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
"হে আমাদের রব! আপনি আমাদের হিদায়াত দান করার পর আমাদের অন্তরকে বক্র করে দেবেন না। আপনার পক্ষ থেকে আমাদের প্রতি বিশেষ রহমত দান করুন। নিশ্চয়ই আপনিই সর্বাধিক দানশীল।"
অতএব,
একজন মুমিনের জীবনে আত্মতুষ্টির কোনো স্থান নেই। তার জীবন হবে বিনয়, আত্মসমালোচনা, ইস্তিগফার এবং আল্লাহর রহমতের প্রতি নিরন্তর প্রত্যাশার জীবন।
কারণ ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা শুরুতে নয়; বরং শেষ পর্যন্ত তার ওপর অবিচল থাকতে পারার মধ্যেই নিহিত।
আল্লাহর কাছে আমাদের সবচেয়ে বড় প্রার্থনা হওয়া উচিত—
তিনি যেন আমাদের ঈমানের ওপর প্রতিষ্ঠিত রাখেন, উত্তম পরিণতি দান করেন এবং আমাদের জীবনের শেষ অধ্যায়কে সবচেয়ে সুন্দর অধ্যায়ে পরিণত করেন।
আমীন! আমীন!!