27/06/2026
সন্দ্বীপে তালাকের হার ঊর্ধ্বমুখী, বিপন্ন সন্তানের ভবিষ্যৎ
নিজস্ব প্রতিবেদক, সন্দ্বীপ বার্তা।
দ্বীপ উপজেলা সন্দ্বীপে আশঙ্কাজনক হারে বাড়ছে তালাকের ঘটনা। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে প্রতিমাসে গড়ে ৫ থেকে ১০টি তালাকের আবেদন জমা পড়ছে—যা আগের যেকোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। সমাজে সচেতনতা বাড়লেও টিকছে না দাম্পত্য সম্পর্ক, বাড়ছে পারিবারিক ভাঙনের ঘটনা।
নারীরাই বেশি তালাক চাচ্ছেন:
স্থানীয় সূত্র জানায়, বর্তমানে তালাকের প্রায় ৬০ শতাংশ আবেদনই নারীদের পক্ষ থেকে আসছে। নারী শিক্ষার প্রসার, চাকরি ও আর্থিক স্বাবলম্বিতার কারণে নারীরা এখন অধিক আত্মসচেতন। তারা সংসারে নির্যাতন, অবমাননা বা মানসিক অশান্তি সহ্য না করে বিচ্ছেদের পথ বেছে নিচ্ছেন।
তালাকের পেছনে নানা কারণ:
তালাকের পেছনে প্রধানত দায়ী করা হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়ার অভাব, পরকীয়া, যৌতুক ও আর্থিক চাহিদা, শ্বশুরবাড়ির হস্তক্ষেপ, অতিরিক্ত সন্দেহ, মাদকাসক্তি, অহেতুক ঝগড়া এবং দাম্পত্য অবহেলাকে। বিশেষজ্ঞদের মতে, বিয়ের পর নারীদের মতামত উপেক্ষা করা, ছোটখাটো বিষয় নিয়ে অপমান করা কিংবা কোনো সিদ্ধান্তে তাদের গুরুত্ব না দেওয়ার বিষয়গুলো দ্বন্দ্ব সৃষ্টি করছে।
অতিরিক্ত কাবিন নতুন সংকট:
সাম্প্রতিক সময়ে বিয়েতে অতিরিক্ত কাবিন নির্ধারণের প্রবণতাও তালাকের একটি নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ রয়েছে, অনেক নারী কাবিনের অর্থ বুঝে পেয়েই সংসার ত্যাগ করছেন। এতে দম্পতির পাশাপাশি উভয় পরিবারের মধ্যেও মানসিক আঘাত তৈরি হচ্ছে।
বাল্যবিবাহের ভয়াবহ পরিণতি:
সন্দ্বীপে এখনও বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক সমস্যা। অল্প বয়সে বিয়ের পর স্বামী বিদেশে চলে গেলে স্ত্রী একাকীত্বে ভুগছেন। একপর্যায়ে মানসিক অস্থিরতা থেকে জন্ম নিচ্ছে পরকীয়া বা সংসার ভাঙনের মতো ঘটনা।
প্রযুক্তির অপব্যবহার: দাম্পত্যে নতুন শত্রু
মোবাইল ফোন, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অতিমাত্রায় আসক্তি দাম্পত্য সম্পর্কে অবিশ্বাস ও অবনতি ডেকে আনছে। প্রযুক্তির এই অপব্যবহার এখন বিচ্ছেদের অন্যতম কারণ হিসেবে দেখা দিচ্ছে।
পুরুষদের অবহেলা ও অনৈতিকতা
অনেক ক্ষেত্রেই পুরুষদের অবহেলা, পরকীয়া, মাদকাসক্তি ও শ্বশুরবাড়ির প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি সংসারে অশান্তি ডেকে আনছে। স্ত্রীকে মানসিকভাবে চাপে রাখা কিংবা অগ্রাহ্য করাও বিবাহবিচ্ছেদের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে।
সন্তানদের ভবিষ্যৎ বিপন্ন:
তালাকপ্রাপ্ত পরিবারগুলোর সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশ হচ্ছে তাদের সন্তানরা। তারা মানসিকভাবে ভেঙে পড়ছে, পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে এবং আত্মপরিচয়ের সংকটে ভুগছে। দীর্ঘমেয়াদে এসব শিশুদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ছে।
সমাধানে প্রয়োজন নীতিগত পরিবর্তন ও সচেতনতা:
পরিবার বিশেষজ্ঞরা মনে করছেন, পরিস্থিতি সামাল দিতে নীতিগত কিছু পরিবর্তন প্রয়োজন। এর মধ্যে রয়েছে—বিয়ের আগে নারীর মতামত গ্রহণ বাধ্যতামূলক করা, বাল্যবিবাহ কঠোরভাবে প্রতিরোধ, অতিরিক্ত কাবিন নিরুৎসাহিত করা, তালাকের আগে বাধ্যতামূলক পেশাদার কাউন্সেলিং এবং সন্তানের মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্বারোপ। পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার নিয়েও পরিবার ও সমাজে সচেতনতা তৈরি করতে হবে।