18/02/2025
আন্তর্জাতিক নদী আইনের সকল নীতিমালা লঙ্ঘন করছে ভারত কুড়িগ্রামের তিস্তা তীরে আলাল
১৭ ফেব্রুয়ারী ২০২৫।
ভারত আন্তর্জাতিক নদী আইনের সকল নীতিমালা একে একে লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন আলাল। সোমবার বিকালে কুড়িগ্রামের রাজারহাটের ঘড়িয়ালডাঙা ইউনিয়নের সরিষাবাড়ি নামক স্থানে তিস্তা পারে আয়োজিত ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ নামক তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্মসূচীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিস্তার পানি প্রবাহ নিয়ন্ত্রণে ভারতের নগ্ন হস্তক্ষেপের সমালোচনা করে আলাল বলেন, ‘ যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন পানির অভাবে এই অঞ্চলের সমস্ত ফসলি জমি, মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়। যখন পানির প্রয়োজন নেই তখন আমাদেরকে ডুবিয়ে দেওয়া হয়। সেই বন্যার পানি কৃষক পরিবারের অশ্রুর প্রতীক।’
বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে পানি চুক্তির উদাহরণ টেনে আলাল বলেন, ‘ যুক্তরাষ্ট্র এবং ম্যাক্সিকোর সাথে মিসিসিপি নদীর পানি ভাগ করে নিয়েছে, টাইগ্রিস-ইউফ্রেটিস নদীর পানি ইউরোপের দেশগুলো ভাগাভাগি করে নিয়েছে। হোয়াংহো নদী চীন পাশ্ববর্তী কম্বোডিয়া-ভিয়েতনাম তাদের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর পানি ভাগাভাগি করে নিয়েছে। ’
ভারত বাংলাদেশের অভিন্ন নদীর পানি ভাগাভাগির ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করে এই বিএনপি নেতা বলেন, ‘ এই বৃহত্তর এশিয়ার পাকিস্তান এবং ভারত চিরবৈরি দেশ, চিরশত্রু দেশ। তারাও কিন্তু নিজেদের মধ্যে পানি বন্টনের চুক্তি করে নিয়েছে সিন্ধু জল চুক্তির মাধ্যমে। সিন্ধু অববাহিকার মাধ্যমে সিন্দু নদের পানি তারা সমপরিমাণে বন্টন করে নিয়েছেন চুক্তির মাধ্যমে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে বাংলাদেশ। যে বাংলাদেশকে তার ন্যায্য অধিকার থেকে বারবার বঞ্চিত করা হয়েছে।’
ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা আদায়ে শেখ হাসিনা ব্যর্থতার সমালোচনা করে আলাল আরও বলেন, ‘ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা কলসি নিয়ে নেচে গেয়ে আনন্দ করলেন শেখ হাসিনা পানি নিয়ে এসেছে। পরবর্তীতে দেখা গেলো সেখানে গ্যারান্টি ক্লজ ছিল না। কত কিউসেক পানি খরা এবং বন্যার সময় পাবো সেটা ছিল না। সেটা খালেদা জিয়ার সময় ছিল।