Rangpur Nagorik- রংপুর নাগরিক

Rangpur Nagorik- রংপুর নাগরিক রংপুরের মূখপাত্র, রংপুরের মাটি ও মানুষের গল্প বলে।

সম্মেলনের দাওয়াত দিয়ে রংপুরে ফেরার পথে বিএনপি নেতার মৃত্যু! ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।রংপুর জেলা বিএনপির ...
08/10/2025

সম্মেলনের দাওয়াত দিয়ে রংপুরে ফেরার পথে বিএনপি নেতার মৃত্যু!

( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু আর নেই। তিনি বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা ১০ মিনিটে ঢাকা থেকে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আজ (বুধবার) বাদ আসর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে নুরপুর কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ও রংপুর বিভাগীয় জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দীন। এদিকে বিএনপি সদস্য সচিব আনিছুর রহমান লাকুর হঠাৎ মৃত্যুতে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই নগরী নুরপুরস্থ তার বাড়িতে ভিড় জমাচ্ছেন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়ছেন। জানা গেছে, আনিছুর রহমান লাকু আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য বিএনপির জেলা সম্মেলনে দলের মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের দাওয়াত দিতে ঢাকায় যান। সেখানে সাংগঠনিক কাজ শেষে রংপুর ফেরার পথে বগুড়ার শেরপুরে পৌঁছার পর হৃদরোগে আক্রান্ত হন। তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টা ১০ মিনিটে ইন্তেকাল করেন।
তিনি ইতোপূর্বে মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সহ -সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ফ্যাসিস্ট হাসিনার মিথ্যা মামলায় ১০ বছরের সাজা নিয়ে দীর্ঘদিন জেলখানায় ছিলেন। তার বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় একাধিক মামলা ছিল।

তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইনামুল হক মাজেদী, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা, মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবু, রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেলসহ জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রূহের মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
#রংপুর নাগরিক

রংপুরে হামলার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার: পুলিশ!আজ বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভা...
30/07/2025

রংপুরে হামলার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার: পুলিশ!

আজ বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয় রংপুরের গঙ্গাচড়ার আলদাদপুর বালাপাড়া গ্রামে ধর্ম অবমাননাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বীদের বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে । পুলিশ জানায়, এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা করেছেন একজন ভুক্তভোগী। মামলায় অজ্ঞাতনামা ১ হাজার থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। পরে যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

আলদাদপুর গ্রামটি হিন্দু অধ্যুষিত। এটি নীলফামারীর কিশোরগঞ্জের সীমানা লাগোয়া। গঙ্গাচড়া থানা সূত্রে জানা যায়, গত শনিবার গ্রামটির এক কিশোর ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে অবমাননাকর লেখা ও ছবি পোস্ট করেছে, এমন অভিযোগ পায় পুলিশ। পরে অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে শনিবার রাত সাড়ে আটটার দিকে থানায় আনা হয়। সাইবার সুরক্ষা আইনে মামলা করে পরদিন রোববার দুপুরে ওই কিশোরকে আদালতের মাধ্যমে সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই কিশোরকে থানায় নেওয়ার পর তার বিচারের দাবিতে মিছিলসহ উত্তেজিত লোকজন শনিবার তার বাড়ির সামনে যায়। রাত ১০টার দিকে দ্বিতীয়বার আরেকটি মিছিল এসে কিশোরের এক স্বজনের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। পরে রাতে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রোববার বেলা সাড়ে তিনটার দিকে উত্তেজিত জনতা আবারও বাড়িঘরে হামলা শুরু করলে পুলিশ তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় কয়েকটি বাড়িতে ভাঙচুর করা হয়। এতে পুলিশের একজন কনস্টেবল গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের হিসাবে, এ ঘটনায় ১৫টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
#রংপুর নাগরিক

রংপুরে ফিলিং স্টেশনের গ্যাস সংরক্ষণাগারে বিস্ফোরণে একজন নিহত!!!রংপুর নগরের সিও বাজারে একটি এলপিজি ফিলিং স্টেশনের গ্যাস স...
20/07/2025

রংপুরে ফিলিং স্টেশনের গ্যাস সংরক্ষণাগারে বিস্ফোরণে একজন নিহত!!!

রংপুর নগরের সিও বাজারে একটি এলপিজি ফিলিং স্টেশনের গ্যাস সংরক্ষণাগারে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আজ শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সিও বাজারের এলপিজি অটো গ্যাস সেন্টারে মেরামতের কাজ চলাকালে হঠাৎ গ্যাস ট্যাংকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ট্যাংক ও যন্ত্রপাতি ছিটকে পড়ে। আশপাশে রাখা অন্তত ২০টি অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়। রংপুর-দিনাজপুর মহাসড়কে চলাচলকারী দুটি বাসও আঘাতপ্রাপ্ত হয়।
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বাদশা মাসউদ আলম বলেন, স্টেশনটি মেরামতের জন্য বন্ধ ছিল। ট্যাংকে লিকেজ থাকায় অতিরিক্ত চাপের কারণে বিস্ফোরণ ঘটে। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণে ফিলিং স্টেশনে থাকা বেশ কয়েকটি গাড়ি ও আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে গেছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, বিস্ফোরণে আহত একজন পুরুষ (৪৫) হাসপাতালে মারা গেছেন। তাঁর নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
#রংপুর নাগরিক

রংপুরে হাসপাতালে শিশুর মৃত্যুর পর অভিযান, ওটি সিলগালা ও জরিমানা!রংপুরে শিশু মৃত্যুর ঘটনায় আরোগ্য হাসপাতালে অভিযান পরিচাল...
10/07/2025

রংপুরে হাসপাতালে শিশুর মৃত্যুর পর অভিযান, ওটি সিলগালা ও জরিমানা!

রংপুরে শিশু মৃত্যুর ঘটনায় আরোগ্য হাসপাতালে অভিযান পরিচালনা করেছে সিভিল সার্জন ও জেলা প্রশাসন। অভিযানের সময় ওই হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালাসহ ১ লাখ টাকা জরিমানা করা হয়। শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রংপুরে একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটির লাইসেন্স নবায়ন না থাকা, ২০ শয্যার অনুমোদন নিয়ে ৩৫ থেকে ৪০ শয্যায় চিকিৎসা চালানো, অপরিষ্কার অপারেশন থিয়েটার (ওটি), ওটিতে জরুরি ওষুধপথ্য ও যন্ত্রাংশ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে; একই সঙ্গে ওটি সিলগালা করা হয়েছে।

নগরেরর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আরোগ্য ক্লিনিকে গতকাল বুধবার বিকেলে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা আখতারুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ৪ জুলাই নগরের বাস টার্মিনাল রোডে আরোগ্য ক্লিনিকে অস্ত্রোপচারের জন্য ভর্তি হন বদরগঞ্জ উপজেলার লালদীঘির জমির উদ্দিনের মেয়ে জুঁই মণি (১২)। গত মঙ্গলবার রাতে অস্ত্রোপচারের সময় শিশুটির মৃত্যু হয়। পরিবারের সদস্যরা রাস্তায় লাশ রেখে আহাজারি করছেন—এমন খবরে পুলিশ ছুটে আসে। পরে ক্লিনিক কর্তৃপক্ষ শিশুটির পরিবারকে ‘ম্যানেজ’ করে এবং তারা লাশ বাড়িতে নিয়ে যায়।

চিকিৎসক কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, ক্লিনিকটিতে নিবন্ধন নবায়ন করা নেই। অপারেশন থিয়েটার অপরিষ্কার।‌ প্রয়োজনীয় ওষুধ নেই। এ ছাড়া নানা অব্যবস্থাপনা রয়েছে। অপারেশনের সময় চিকিৎসকের কোনো সহকারী ছিল না। এখানে পোস্ট–অপারেটিভ ওয়ার্ড ও লেবার ওয়ার্ড নেই। আখতারুজ্জামান আরও বলেন, যে শিশুটির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে, তার চিকিৎসার বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। অপারেশন ও অ্যানেসথেশিয়া যেসব চিকিৎসক করেছেন, তাঁদের পরিচয় জানা গেছে। তাঁদের চিঠি দেওয়া হবে, চিকিৎসায় ত্রুটি পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দাখিল করা হবে।
#রংপুর নাগরিক

চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগ ‘মিথ্যা’ দাবি রংপুরের বৈষম্যবিরোধীর নেতাদেরদুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অনিয়মের...
20/05/2025

চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগ ‘মিথ্যা’ দাবি রংপুরের বৈষম্যবিরোধীর নেতাদের
দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির নেতারা। আজ সোমবার বিকেলে নগরের মুন্সিপাড়ায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেন, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মকে বিতর্কিত করতে এসব অভিযোগ আনা হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ, সদস্যসচিব আশফাক আহমেদ, মুখপাত্র ইয়াসির আরাফাত ও মুখ্য সংগঠক রিফাত হাসান। নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর পক্ষে সাফাই গাইলেও সংবাদ সম্মেলনে অনেক প্রশ্নের উত্তর দিতে পারেননি নেতারা। রোববার রাতে জেলা ও মহানগর কমিটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ-বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ তুলে পদত্যাগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর ও জেলা কমিটির ১৬ নেতা। এর পরিপ্রেক্ষিতে আজ এই জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেন জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ। সংবাদ সম্মেলনের শুরুতে বক্তব্য দেন সংগঠনের মুখপাত্র ইয়াসির আরাফাত। তিনি বলেন, সংগঠনের গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৫ মে জেলা কমিটির সদস্য মাহমুদুর রহমানকে তাঁরা অব্যাহতি দেন। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও সদস্যসচিবের নামে বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়ে পদত্যাগ করেন মাহমুদুর। এরপর সংগঠনের অন্য সদস্যদের কাছে বিষয়টি ছড়িয়ে দেওয়া হয়। জেলা কমিটির নেতাদের বিরুদ্ধে একটি অভিযোগ ছিল রংপুর নগরের ঘাঘটপারে গ্রামীণ মেলার নামে জুয়া পরিচালনার লোকজনের কাছ থেকে সাত লাখ টাকা নেওয়ার। এই অভিযোগটির ব্যাখ্যা দেন সদস্যসচিব আশফাক আহমেদ। তিনি উল্টো দাবি করেন, তাঁরা জুয়া বন্ধের জন্য জেলা প্রশাসনসহ প্রশাসনের বিভিন্ন লোকজনের কাছে গিয়েছিলেন। কিন্তু সফল হননি। টাকা নেওয়ার অভিযোগ মিথ্যা।

রংপুর সিটি করপোরেশনে ২৫ জনের চাকরি পুনর্বহাল নিয়ে জেলা আহ্বায়ক ও সদস্যসচিবের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকেরা। এ বিষয়ে আশফাক আহমেদ বলেন, বৈষম্যের শিকার হয়েছেন বলে ওই কর্মচারীদের পক্ষে তাঁরা কথা বলেছেন। এখানে টাকা লেনদেনের প্রশ্ন আসবে কেন। নগরের ক্রিকেট গার্ডেন মাঠে চলমান কুটিরশিল্প মেলা থেকেও টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ আছে জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদের বিরুদ্ধে। এই টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে ইমরান আহমেদের সঙ্গে কমিটির এক যুগ্ম আহ্বায়কের অডিও রেকর্ড আছে—এমন প্রশ্নের জবাবে ইমরান দুই রকম বক্তব্য দেন।

গত বছর ফেনীর বন্যার সময় উদ্বৃত্ত ত্রাণ তহবিলের ৮৭ হাজার টাকা আত্মসাৎ করা হয়নি বলে দাবি করেন ইমরান আহমেদ। এই টাকা জেলা ও মহানগর কমিটি ভাগ করে রাখা হয়েছে উল্লেখ করে বলেন, আগামী বন্যায় এই টাকায় ত্রাণ দেওয়া হবে। এ ছাড়া মিঠাপুকুরের পাওয়ার প্ল্যান্ট থেকে চাঁদা আদায়, জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ-বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন তিনি।

সংগঠনের নেতাদের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, বিভিন্ন অভিযোগে তাঁরা সংগঠনের সদস্যদের অব্যাহতি নিতে পারেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগুলোর বিষয়ে কে ব্যবস্থা নেবেন। এই প্রশ্নের উত্তর দেন মুখ্য সংগঠক রিফাত হাসান। তিনি বলেন, কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন তিনি। জেলার শীর্ষ নেতাদের বিষয়ে কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিতে পারবে। গতকালের সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা বলছেন, বিপ্লবী আন্দোলনের যে মূল্যবোধ ও আদর্শকে ধারণ করে তাঁরা বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মে যুক্ত হয়েছিলেন, তা আজ গভীরভাবে প্রশ্নবিদ্ধ। তাঁদের স্পষ্ট অবস্থান, এসব অপকর্মের সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। তাঁরা এই অন্যায়ের দায় নিতে বাধ্য নন। এ কারণে পদত্যাগ করছেন।
#রংপুর নাগরিক

রংপুরে বেড়েছে ডিমের দাম, কমেছে ব্রয়লার মুরগির -রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম। সেইসঙ্গ...
17/05/2025

রংপুরে বেড়েছে ডিমের দাম, কমেছে ব্রয়লার মুরগির -

রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম। সেইসঙ্গে দাম বেড়েছে টমেটো ও গাজরের। তবে ব্রয়লার মুরগির দাম কমেছে। চাল, ডাল, মাছের দাম অপরিবর্তিত রয়েছে। রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় প্রতি হালিতে ফার্মের মুরগির ডিমের দাম বেড়েছে ৪ টাকা। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪৬-৪৮ টাকা হালি। যা গত সপ্তাহে ছিল ৪২-৪৪ টাকা। সিটি বাজারের ডিম বিক্রেতারা জানাচ্ছেন, পাইকারি বাজারে প্রতি হালি ডিমের দাম বেড়েছে। প্রতিটি ডিম ১১ টাকা এবং তারও বেশি দরে কিনতে হচ্ছে। খামার থেকে দাম বাড়লে পাইকারি ও খুচরা বাজারেও দাম বাড়বে।

বাজার ঘুরে দেখা যায়, চিকন বেগুন আগের মতোই ৫০-৬০ টাকা, গোল বেগুন ৬০-৭০ টাকা, দেশি পেঁয়াজ ৫৫-৬০ টাকা, টমেটো ২০-২৫ টাকা থেকে লাফিয়ে হয়েছে ৩৫-৪০ টাকা, গাজর ৩৫-৪০ টাকা বেড়ে ৭০-৮০ টাকা, কাঁকরোল ৬০-৭০ টাকা, ঝিঙে ৫০-৫৫ টাকা থেকে কমে ৩৫-৪০ টাকা, চালকুমড়া (আকারভেদে) ২৫-৩০ টাকা, কাঁচকলা ২৫-৩০ টাকা হালি, সজনে ১২০-১৩০ টাকা, ঢ্যাঁড়শ ৫০-৫৫ টাকা থেকে কমে ৩৫-৪০ টাকা, পটোল ৫০-৬০ টাকা থেকে কমে ৩৫-৪০ টাকা, বরবটি ৫০-৬০ টাকা থেকে কমে ৩০-৩৫ টাকা, পেঁপে ৬০-৭০ টাকা, শসা ৪০-৫০ টাকা, করলা ৫০-৬০ টাকা থেকে কমে ৩৫-৪০ টাকা, লাউ (আকারভেদে) ৪০-৫০ টাকা পিস, কচুর লতি ৬০-৭০ টাকা, লেবুর হালি ১০-১৫ টাকা, ধনেপাতা ১২০-১৫০ টাকা, মিষ্টি কুমড়া ২৫-৩০ টাকা, প্রতি কেজি কাঁচা মরিচের দাম কমে ৪০- ৫০ টাকা, আদা ১৪০-১৬০ টাকা এবং দেশি রসুন ১৩০-১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শুকনা মরিচ ৪০০-৪৫০ টাকা এবং সব ধরনের শাক ১০ থেকে ২০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে। বাজারে কার্ডিনাল আলু গত সপ্তাহের মতোই ১৫-১৮ টাকা, শিল আলু ২৫-৩০ টাকা, ঝাউ আলু ২৫-৩০ টাকা, দেশি সাদা আলু ২০-২৫ টাকা এবং বগুড়ার লাল পাকড়ি আলুর দাম বেড়ে হয়েছে ২৫-৩০ টাকা।

মুলাটোল আমতলা বাজারের সবজি বিক্রেতারা জানান, গ্রীষ্মকালীন সবজির সরবরাহ কমে গেছে। বিশেষ করে টমেটো ও গাজরের এখন সরবরাহ কম। এ কারণে এসব সবজির দাম বেশি। তবে গত সপ্তাহের তুলনায় অন্যান্য সবজির দাম কিছুটা কমেছে। মুরগির বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি গত সপ্তাহের তুলনায় কিছুটা কমে ১৬০-১৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া পাকিস্তানি সোনালি মুরগি গত সপ্তাহের মতোই ২৬০-২৭০ টাকা, পাকিস্তানি (হাইব্রিড) ২৪০-২৫০ টাকা, দেশি মুরগি ৫০০-৫৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম অপরিবর্তিত থেকে গরুর মাংস ৭২০-৭৫০ টাকা এবং ছাগলের মাংস ১০০০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

#রংপুর নাগরিক

সালিশের নামে ১৪ লাখ টাকা চাঁদা, জাপা নেতা গ্রেফতাররংপুর সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সাবেক সদর উপজেলা পরিষদের ভ...
10/05/2025

সালিশের নামে ১৪ লাখ টাকা চাঁদা, জাপা নেতা গ্রেফতার

রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলনকে গ্রেফতার করেছে পুলিশ। একটি সালিশ বৈঠকে ১৪ লাখ টাকা নগদ ও দুই লাখ টাকার চেক জোর করে নেওয়ার অপরাধে শুক্রবার (২ মে) রাতে পালিচড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সদর কোতোয়ালি থানা পুলিশ। শনিবার (৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিভ মাহমুদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের বাসিন্দা রহমান মিয়া ঢাকায় খামার ব্যবসা করেন। তার ঢাকার বাসায় সদ্যপুস্করিনী ইউনিয়নের একটি মেয়েকে কাজের জন্য নিয়ে যান। মেয়েটি বাড়ি ফিরে এলে আবার তাকে ঢাকায় ফিরিয়ে নেওয়ার জন্য আসেন ওই ব্যবসায়ী। এসময় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করে মেয়েটি। সে জানায়, ঢাকার বাসায় তার ওপর শারীরিক নির্যাতন ও যৌন হয়রানি করা হয়েছে। তাই ওই বাসায় আর যাবে না।

এ ঘটনায় স্থানীয়দের একটি অংশ মেয়েটিকে বিয়ে করার জন্য ওই ব্যবসায়ীকে চাপ দেন। একপর্যায়ে তার কাছ থেকে মেয়েটির বিয়ে সংক্রান্ত বিষয়ে ১৪ লাখ টাকা নগদ ও দুই লাখ টাকার চেক নেওয়া হয়। সদ্যপুস্করিনী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আনারুল ইসলাম, সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন ও একজন বিএনপি নেতা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন। দুই লাখ টাকার চেকটি নিজের কাছে রাখেন সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন। মেয়েটির পরিবারকে দেওয়া হয় ১১ লাখ টাকা। ভাগবাঁটোয়ারা করা হয় কিছু টাকা। পরে ঢাকার ওই ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয় সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলনকে।

রংপুর সদর কোতোয়ালি থানার ওসি অলিভ মাহমুদ জানান, আসামিকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।
#রংপুর নাগরিক

কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড রংপুর-- রংপুরে কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে কয়েকশ ঘরবাড়ি ও গাছপালা। জেলার ত...
27/04/2025

কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড রংপুর--

রংপুরে কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে কয়েকশ ঘরবাড়ি ও গাছপালা। জেলার তারাগঞ্জ, গঙ্গাচড়া, কাউনিয়া, ও পীরগাছা উপজেলাসহ বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়ায় ঘরবাড়ির পাশাপাশি ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে রংপুর মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলায় ঝড়ের তাণ্ডব চলে। কয়েক মিনিটের ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে এই ক্ষতি হয়।

জানা গেছে, ঝোড়ো বাতাসে আম, লিচু, ভুট্টা, ধান, পাটসহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে। ঝড়ের স্থায়িত্ব কম হলেও কোথাও কোথাও বাতাসের বেগে ঘরবাড়ি ও গাছ-গাছালির ক্ষতির পাশাপাশি উড়ে গেছে স্থাপনা। স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাত পৌনে ১১টার পর থেকে থেমে থেমে কালবৈশাখী ঝড় ও ঝোড়ো হাওয়া বইতে থাকে। এতে কয়েকটি উপজেলায় শতাধিকের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। কৃষি বিভাগ ও আবহাওয়া অধিদপ্তর এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। জেলার তারাগঞ্জ উপজেলার ইকরচালি ইউনিয়নের হাজীপুর গ্রামের ওমর মিয়া জানান, তার বাড়িতে গাছ উপরে পড়ে দুটি পাকাঘর ভেঙে গেছে। পাশাপাশি তামাকসহ ফসলের ক্ষতি হয়েছে।

স্থানীয় গণমাধ্যমকর্মী বিপ্লব হোসেন অপু জানান, তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে অন্তত দুই শতাধিক ঘরবাড়ির ক্ষতি হয়েছে। এই কালবৈশাখী রংপুর-সৈয়দপুর মহাসড়কের বিভিন্ন জায়গায় গাছপালা উপড়ে পড়ে যান চলাচল বন্ধ ছিল। রাতে তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ফসলের ক্ষতির পাশাপাশি বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। সবমিলিয়ে ক্ষতির পরিবার আরও বেশি হতে পারে বলে জানান তিনি। এদিকে পীরগাছা উপজেলার তাম্বুলপুর, ছাওলা, অন্নদানগর, কান্দিসহ বিভিন্ন ইউনিয়নের বেশ কিছু গ্রামে গাছপালা উপড়ে পড়ে বাড়িঘর ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে অনেক সড়কে বেশ কিছু গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজন গাছ সরিয়ে নিতে কাজ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, তারাগঞ্জ, গঙ্গাচড়া ও কাউনিয়ার বিভিন্ন এলাকা থেকে ঝড়ে আহত শিশুসহ বেশ কয়েকজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ঝড়ের কারণে ভেঙে পড়েছে অনেকের মাথা গোঁজার ঠাঁই। গ্রামেগঞ্জে পল্লী বিদ্যুতের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়ে পড়েছে। রংপুর নগরীর ২১ নম্বর ওয়ার্ডের শাপলা চত্বর এলাকার নাজমুল হাসান বলেন, গত কয়েকদিন অনেক গরম ছিল এলাকায়। আজ হঠাৎ কালবৈশাখী ঝড় হলো, কিন্তু স্থায়িত্ব খুব কম ছিল। তারপরও বৃষ্টি হওয়ায় শান্তি লাগছে।

একই ওয়ার্ডের বাসিন্দা হাজীপাড়া চামড়াপট্টি এলাকার ফাহিম মুরশেদ বলেন, কালবৈশাখী ঝড়ে শহরের অনেক জায়গায় গাছপালা উপড়ে পড়েছে। কোথাও কোথাও ঘরের টিনের চাল উড়ে গেছে। পুরো শহর লোডশেডিংয়ের কবলে পড়েছে। রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এই সময়ে বৃষ্টিপাত হয়েছে ২০ মিলিমিটার। বাতাসের গতিবেগ ছিল ৮ নটিক্যাল মাইল। বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রিপোর্ট লেখার সময় পর্যন্ত কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই তথ্য পাওয়া যায়নি। তবে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানিয়েছেন, কালবৈশাখীর ঝড়ে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেগুলো খতিয়ে দেখতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সরকারি কর্মকর্তারা কাজ শুরু করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলা যাবে। এদিকে দেশের ১৬ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
#রংপুর নাগরিক
কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড রংপুর
রংপুরে কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে কয়েকশ ঘরবাড়ি ও গাছপালা। জেলার তারাগঞ্জ, গঙ্গাচড়া, কাউনিয়া, ও পীরগাছা উপজেলাসহ বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়ায় ঘরবাড়ির পাশাপাশি ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে রংপুর মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলায় ঝড়ের তাণ্ডব চলে। কয়েক মিনিটের ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে এই ক্ষতি হয়।

জানা গেছে, ঝোড়ো বাতাসে আম, লিচু, ভুট্টা, ধান, পাটসহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে। ঝড়ের স্থায়িত্ব কম হলেও কোথাও কোথাও বাতাসের বেগে ঘরবাড়ি ও গাছ-গাছালির ক্ষতির পাশাপাশি উড়ে গেছে স্থাপনা। স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাত পৌনে ১১টার পর থেকে থেমে থেমে কালবৈশাখী ঝড় ও ঝোড়ো হাওয়া বইতে থাকে। এতে কয়েকটি উপজেলায় শতাধিকের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। কৃষি বিভাগ ও আবহাওয়া অধিদপ্তর এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। জেলার তারাগঞ্জ উপজেলার ইকরচালি ইউনিয়নের হাজীপুর গ্রামের ওমর মিয়া জানান, তার বাড়িতে গাছ উপরে পড়ে দুটি পাকাঘর ভেঙে গেছে। পাশাপাশি তামাকসহ ফসলের ক্ষতি হয়েছে।

স্থানীয় গণমাধ্যমকর্মী বিপ্লব হোসেন অপু জানান, তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে অন্তত দুই শতাধিক ঘরবাড়ির ক্ষতি হয়েছে। এই কালবৈশাখী রংপুর-সৈয়দপুর মহাসড়কের বিভিন্ন জায়গায় গাছপালা উপড়ে পড়ে যান চলাচল বন্ধ ছিল। রাতে তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ফসলের ক্ষতির পাশাপাশি বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। সবমিলিয়ে ক্ষতির পরিবার আরও বেশি হতে পারে বলে জানান তিনি। এদিকে পীরগাছা উপজেলার তাম্বুলপুর, ছাওলা, অন্নদানগর, কান্দিসহ বিভিন্ন ইউনিয়নের বেশ কিছু গ্রামে গাছপালা উপড়ে পড়ে বাড়িঘর ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে অনেক সড়কে বেশ কিছু গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজন গাছ সরিয়ে নিতে কাজ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, তারাগঞ্জ, গঙ্গাচড়া ও কাউনিয়ার বিভিন্ন এলাকা থেকে ঝড়ে আহত শিশুসহ বেশ কয়েকজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ঝড়ের কারণে ভেঙে পড়েছে অনেকের মাথা গোঁজার ঠাঁই। গ্রামেগঞ্জে পল্লী বিদ্যুতের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়ে পড়েছে। রংপুর নগরীর ২১ নম্বর ওয়ার্ডের শাপলা চত্বর এলাকার নাজমুল হাসান বলেন, গত কয়েকদিন অনেক গরম ছিল এলাকায়। আজ হঠাৎ কালবৈশাখী ঝড় হলো, কিন্তু স্থায়িত্ব খুব কম ছিল। তারপরও বৃষ্টি হওয়ায় শান্তি লাগছে।

একই ওয়ার্ডের বাসিন্দা হাজীপাড়া চামড়াপট্টি এলাকার ফাহিম মুরশেদ বলেন, কালবৈশাখী ঝড়ে শহরের অনেক জায়গায় গাছপালা উপড়ে পড়েছে। কোথাও কোথাও ঘরের টিনের চাল উড়ে গেছে। পুরো শহর লোডশেডিংয়ের কবলে পড়েছে। রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এই সময়ে বৃষ্টিপাত হয়েছে ২০ মিলিমিটার। বাতাসের গতিবেগ ছিল ৮ নটিক্যাল মাইল। বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রিপোর্ট লেখার সময় পর্যন্ত কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই তথ্য পাওয়া যায়নি। তবে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানিয়েছেন, কালবৈশাখীর ঝড়ে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেগুলো খতিয়ে দেখতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সরকারি কর্মকর্তারা কাজ শুরু করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলা যাবে। এদিকে দেশের ১৬ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
#রংপুর নাগরিক

বিএনপির ওপর অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়ন! বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির...
26/04/2025

বিএনপির ওপর অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়ন!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির ওপর অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়ন। আমরা দেশ ও জনগণকে নিয়ে আলোচনা করেছি। এখন এটি আমাদের বাস্তবায়ন করতে হবে। আমার ওপর যে অত্যাচার-নির্যাতন হয়েছে, আমার মায়ের ওপর অত্যাচার হয়েছে, আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমি এসবের প্রতিশোধ নিতে চাই ৩১ দফা বাস্তবায়ন করে। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় অনলাইনে যুক্ত হয়ে রংপুর বিভাগের রংপুর, নীলফামারী ও সৈয়দপুর সাংগঠনিক জেলায় ৩১ দফা নিয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপির ওপর জনগণ আস্থা রাখে। তারা মনে করে দেশ ও মানুষের জন্য কিছু করা সম্ভব হলে তা বিএনপি পারবে। তাই আমি বলছি, জনগণের আস্থা ধরে রাখতে হবে। কর্মশালায় ৩১ দফার আলোচনা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎসজীবী দলসহ যারা শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে তাদের মাঝে ছড়িয়ে দিতে হবে। তারা জনগণের কাছে সেই বার্তা নিয়ে যাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে। তিনি আরও বলেন, আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। রাজপথে মিছিল, মিটিং, সংগ্রাম করেছেন। এবার জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে দেশ গঠনের জন্য। আজ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত প্রতিটি কর্মী এই ৩১ দফার বার্তা চারদিকে ছড়িয়ে দেবে। তারেক রহমান বলেন, আমরা টিভির টকশোতে, সরকারি ব্যক্তিদের কাছে, রাজনৈতিক দলের নেতাদের কাছে সংস্কার নিয়ে কথা শুনি। যেগুলো ৩১ দফার মধ্যে রয়েছে।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ পরিচালনার সুযোগ পাওয়ার পর তারা কীভাবে দেশের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোর উন্নয়ন, কৃষি উৎপাদন বাড়ানো যায় সেই কাজ করেছেন। তারা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, নারীদের আসন সংখ্যা বাড়িয়েছিলেন। আইনি ব্যবস্থাকে স্বাধীন করার উদ্যোগ নিয়েছিলেন। মানুষের জীবন সম্পর্কিত সবগুলো কাজকে বিএনপি প্রাধান্য দিয়েছে। আমাদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিগত ১৫ বছর স্বৈরাচার সরকার ক্ষমতা ধরে রাখতে নানা ট্যাগ দিয়ে জাতিকে বিভক্ত করে রাখার চেষ্টা করেছিল। জাতিকে এগিয়ে নিতে হলে চেষ্টা করতে হবে কম মতপার্থক্য ও জাতিকে ঐক্যবদ্ধ রাখা। কারণ জাতি বিভাজিত হলে দেশ এগিয়ে যেতে পারবে না। আমরা ধর্ম বিবেচনা করব না, বাংলাদেশি হিসেবে বিবেচনা করব এবং সকল ধর্মের মানুষের সম্প্রীতির দেশ গড়ে তুলব। কর্মসংস্থান নিয়ে তারেক রহমান বলেন, দেশের প্রায় তিন কোটি নারী-পুরুষ বেকার রয়েছে। এত মানুষকে বেকার রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভাব হবে না। তাই কর্মসংস্থানের ক্ষেত্র বাড়াতে হবে। সেটি সরকারি ও বেসরকারিভাবে হতে পারে। বিশেষ কোনো প্রকল্পে কর্মসংস্থান তৈরি, উদ্যোক্তা তৈরির মাধ্যমে হতে পারে।

তিনি আরও বলেন, সমাজের অনেক গ্রহণযোগ্য ব্যক্তি রয়েছেন যারা দেশের জন্য কাজ করতে চান। কিন্তু তারা রেগুলার রাজনীতিতে নেই এমন শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে সমাজের উন্নয়নে কাজ করার সুযোগ দেবে বিএনপি।

রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামুর সভাপতিত্বে কর্মশালায় উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। এতে প্রশিক্ষণ দেন বিএনপির মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মোর্শেদ হাসান খান, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন প্রমুখ।
#রংপুর নাগরিক

রংপুরে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম!!রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে পেঁয়াজের। সেইসঙ্গে বেড়েছে আদা, রসুনসহ কিছু...
24/04/2025

রংপুরে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম!!

রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে পেঁয়াজের। সেইসঙ্গে বেড়েছে আদা, রসুনসহ কিছু সবজির দাম। তবে দাম কমেছে আলু, ডিম ও পোলট্রি মুরগির। এছাড়া অপরিবর্তিত রয়েছে চাল, ডাল, তেল, মাছ ও মাংসের দাম।

মঙ্গলবার রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ ৩০-৩৫ টাকা থেকে লাফিয়ে ৫০-৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো ১৫-২০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৫-৩০ টাকা, গাজর গত সপ্তাহের মতোই ২৫-৩০ টাকা, ঝিংগা ৬০-৭০ টাকা, বাঁধাকপি ১৫-২০ টাকা পিস, চালকুমড়া (আকারভেদে) ৪০-৫০ টাকা, কাঁচকলা ২৫-৩০ টাকা হালি, সজনে ৭০-৮০ টাকা থেকে বেড়ে ৮০-১০০ টাকা, চিকন বেগুন ৩৫-৪০ টাকা থেকে বেড়ে ৪৫-৫০ টাকা, গোল বেগুন আগের মতোই ৫০-৬০ টাকা, ঢ্যাঁড়স ৫৫-৬০ টাকা, পটল ৫০-৬০ টাকা, শিম ৩০-৪০ টাকা, বরবটি ৩০-৪০ টাকা থেকে বেড়ে ৫০-৬০ টাকা, পেঁপে ৩৫-৪০ টাকা থেকে বেড়ে ৪৫-৫০ টাকা, শসা ৪০-৫০ টাকা, করলা ৫০-৬০ টাকা থেকে বেড়ে ৭০-৮০ টাকা, লাউ (আকারভেদে) ৫০-৬০ টাকা, কচুরলতি ৬০-৭০ টাকা, লেবুর হালি ২০-২৫ টাকা, ধনেপাতা ৩০-৪০ থেকে বেড়ে ৫০-৬০ টাকা, মিষ্টি কুমড়া ২৫-৩০ টাকা, শুকনা মরিচ ৪০০-৪৫০ টাকা এবং সব ধরনের শাক ১০ থেকে ২০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে। বাজারে কার্ডিনাল আলু গত সপ্তাহের তুলনায় সামান্য কমে ১৫-১৮ টাকা, শিল আলু ৩০-৩৫ টাকা, ঝাউ আলু ৩০-৩৫ টাকা এবং বগুড়ার লাল পাগড়ি আলু ২৫-৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাজারে এখন মুরগির আমদানি বেশি। সে তুলনায় বিক্রি কম। এ কারণে গত সপ্তাহের চেয়ে দাম কিছুটা কমেছে।

বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন আগের মতোই ১৭৫-১৮০ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮০-১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে মসুর ডাল (চিকন) আগের মতোই ১৩০-১৪০ টাকা, মাঝারি ১০০-১১০ টাকা, মুগডাল ১৬০-১৮০ টাকা, বুটের ডাল ১২০-১৩০ টাকা, চিনি ১২০-১২৫ টাকা, ছোলাবুট ১১০-১২০ টাকা, প্যাকেট আটা ৫০ টাকা, খোলা আটা ৪০-৪৫ টাকা এবং ময়দা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চালের বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, খুচরা বাজারে আগের মতোই স্বর্ণা (মোটা) ৪৮-৫০ টাকা, স্বর্ণা (চিকন) ৫৮-৬০ টাকা, বিআর২৮- ৮০-৮৫ টাকা, জিরাশাইল ৭৩-৭৫ টাকা, মিনিকেট ৯০-৯৫ টাকা এবং নাজিরশাইল ৯৫-৯৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে মাছের বাজারে দেখা যায়, আকারভেদে রুইমাছ ২৭০-৩৫০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, কারপু ২০০-২২০ টাকা, পাঙাস ১৫০-১৬০ টাকা, তেলাপিয়া ১৪০-১৬০, কাতল ৪০০-৪৫০ টাকা, বাটা ১৬০-১৮০ টাকা, শিং ৩০০-৪০০ টাকা, সিলভার কার্প ১৫০-২৫০ টাকা এবং গছিমাছ ৮০০-১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

#রংপুর নাগরিক

কৃষকের অধিকার আদায়ে ১০ দফা দাবিতে রংপুরে পৌঁছেছে লংমার্চ!সারা দেশে কৃষকদের অধিকার আদায়ের লক্ষ্যে ১০ দফা দাবিতে রংপুরে লং...
21/04/2025

কৃষকের অধিকার আদায়ে ১০ দফা দাবিতে রংপুরে পৌঁছেছে লংমার্চ!

সারা দেশে কৃষকদের অধিকার আদায়ের লক্ষ্যে ১০ দফা দাবিতে রংপুরে লংমার্চ করেছে কৃষক ঐক্য পরিষদ। বগুড়া থেকে পঞ্চগড়গামী সাত দিনব্যাপী লংমার্চটি আজ রোববার দুপুরে রংপুরে আসে। পরে রংপুর প্রেসক্লাবের সামনে তাঁরা সমাবেশ করে ১০ দফা দাবি জানান।
সংগঠনের রংপুর জেলা শাখার আহ্বায়ক মহিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন কৃষক ঐক্য পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ, মহাসচিব সুলতান আহমেদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, কৃষি খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড হলেও কৃষকেরা আজ নানা দুর্ভোগের শিকার। কিন্তু কোনো সরকারই কৃষি খাতকে গুরুত্ব দিচ্ছে না। সমাবেশ থেকে ১০ দফা দাবি জানানো হয়।

দাবিগুলো হলো, আলু, পেঁয়াজ কমিশন গঠন ও উপজেলাভিত্তিক কাঁচামাল সংরক্ষণাগার ও রপ্তানি কেন্দ্র স্থাপন করা; ঢাকাসহ সারা দেশে কৃষকের বাজার স্থাপন করা; কৃষি প্রণোদনা ও কৃষিঋণ বিতরণ সহজ করা; সিন্ডিকেটমুক্ত করে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা; কৃষিপণ্য পরিবহনে চাঁদাবাজি ও টোল প্রথা বাতিল করে রেলবগি বরাদ্দ করা; খাস ও পতিত জমি বরাদ্দসহ কৃষকদের জন্য বিশেষ ভাতা চালু করা; সরকারিভাবে কৃষিবিমা চালু করা ও ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া; সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৫০ ভাগ ছাড়ে চিকিৎসাসেবা নিশ্চিত করা; জাতীয় সংসদ, অন্যান্য জাতীয় কমিটি, জেলা ও উপজেলা পর্যায়ে মাসিক সভায় আনুপাতিক হারে কৃষক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা; কৃষি প্রযুক্তি ও অ্যাপস আধুনিকায়ন ও বাস্তবমুখী করা।

কৃষক ঐক্য পরিষদের নেতারা জানান, লংমার্চটি ১৭ এপ্রিল বগুড়া থেকে শুরু হয়েছে। আজ রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পথসভা শেষে লংমার্চটি লালমনিরহাটে যাবে। ২৩ এপ্রিল পঞ্চগড়ে গিয়ে লংমার্চ শেষ হবে।
#রংপুর নাগরিক

Address

Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Rangpur Nagorik- রংপুর নাগরিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Rangpur Nagorik- রংপুর নাগরিক:

Share