22/05/2026
একশনএইড বাংলাদেশ গভীর মর্মবেদনার সাথে ঢাকার পল্লবীতে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা ওই শিশুর পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাই। কোনো পরিবারের জন্য এই অসহনীয় যন্ত্রণা বহন করা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।
আমরা এই ঘটনাকে বিচ্ছিন্ন কোনো অপরাধ হিসেবে দেখছি না। এটি বাংলাদেশে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার এক উদ্বেগজনক ধারার অংশ। জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (JNNPF) সূত্রে ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ সময়কালে প্রাপ্ত উপাত্ত অনুযায়ী: এই তিন মাসে মোট নির্যাতনের ঘটনা ঘটেছে অন্ততপক্ষে ৩১৪টি। এর মধ্যে ৫৯ জন ধর্ষণের শিকার হয়েছেন এবং ৯ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। এই সংখ্যাগুলো শুধুমাত্র পরিসংখ্যান নয়; প্রতিটি সংখ্যার পেছনে আছে একটি শিশু, একটি নারী এবং একটি পরিবারের জীবন, স্বপ্ন ও ভবিষ্যৎ। অপরাধ ও সহিংসতার এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলে শুধু এই নিষ্পাপ শিশুই নয়, এর প্রত্যক্ষ ও পরোক্ষ শিকার হতে হবে সমাজের সকলকেই।
এমতাবস্থায় সরকারের প্রতি একশনএইড বাংলাদেশ-এর দাবিসমূহ:
📌 এই শিশু হত্যা মামলার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
📌 শিশু ও নারীর বিরুদ্ধে যৌন সহিংসতাকে জাতীয় জরুরি পরিস্থিতি হিসেবে ঘোষণা করে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ে সংকট মোকাবেলা কমিটি গঠন করতে হবে।
📌 নারী ও শিশু নির্যাতন দমন আইনে নির্ধারিত সময়ের মধ্যে বিচার নিষ্পত্তির বিধান কার্যকরভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তদন্ত ও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমিয়ে বিদ্যমান মামলার জট দ্রুত নিরসনে জরুরি পদক্ষেপ নিতে হবে।
📌 শহুরে আবাসিক এলাকায়, বিশেষত বস্তি ও ঘনবসতিপূর্ণ এলাকায়, শিশু সুরক্ষা সেবায় কার্যকরী বিনিয়োগ করতে হবে।
📌 ভুক্তভোগী শিশু ও নারীদের জন্য আইনি সহায়তা, মানসিক স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম নিশ্চিত করতে হবে।
আমরা সকল নাগরিক সমাজ, গণমাধ্যম ও সচেতন জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি - এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার যেন কেবল সাময়িক কোনো সংবাদে পরিণত হয়ে হারিয়ে না যায়। প্রতিটি শিশুর নিরাপদে বড় হওয়ার মৌলিক অধিকার রয়েছে। এই শিশুর নির্মম পরিণতি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, শিশু সুরক্ষায় আমাদের লড়াই এখনো শেষ হয়নি। যতদিন পর্যন্ত দেশের প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত না হচ্ছে, ততদিন আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা ও দাবি অব্যাহত থাকবে।