08/04/2025
এসএসসি পরীক্ষা–২০২৫
এসএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি ৯টি নির্দেশনা
১. ৩০ মিনিট আগে আসন গ্রহণঃ
পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত কক্ষে প্রতিটি পরীক্ষার্থীর আসন রয়েছে। সেই আসনে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে বসতে হবে, এমন নির্দেশনা রয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের। প্রথম দিন পরীক্ষার্থীকে অবশ্যই সকাল ৯টায় পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকা দরকার। কারণ, বসার নির্দিষ্ট আসন তোমাকে খুঁজে বের করতে হবে। অন্যান্য দিন পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে প্রবেশ করে নিজের আসন গ্রহণ করতে হবে। রাস্তায় যানজটের কথা মাথায় রেখে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে।
২. OMR শিট লিখে বৃত্ত ভরাটঃ
বহুনির্বাচনি অংশের জন্য OMR শিট ও সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষার উত্তরপত্র হাতে দেওয়া। পরীক্ষার সময় তোমার উত্তরপত্রের সঙ্গে OMR শিট থাকবে। এই OMR শিটে তোমার পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড, বোর্ডের নাম ইত্যাদি যথাযথভাবে প্রথমে বলপয়েন্ট কলম দিয়ে লিখতে হবে। পরে বলপয়েন্ট কলম দিয়ে সঠিকভাবে বৃত্ত ভরাট করতে হবে। মনে রাখবে সঠিক ডিজিটের বৃত্তটি অবশ্যই ভরাট করতে হবে।
৩. বিরতি থাকবে নাঃ
এসএসসির প্রতিটি বিষয়ের পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনি অংশ ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) অংশের (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বাদে) পরীক্ষা হবে। এই দুই অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
৪. উত্তরপত্র ভাঁজ করবে নাঃ
মনে রেখো, কোনো অবস্থাতেই তোমার এসএসসি পরীক্ষার খাতা বা উত্তরপত্র ভাঁজ করবে না। উত্তরপত্র ভাঁজ করলে এর সঙ্গে থাকা OMR শিটটি ক্ষতিগ্রস্ত হতে পারে।
৫. ক্যালকুলেটর ব্যবহারঃ
পরীক্ষার সময় পরীক্ষার্থীদের শুধু ‘সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর’ ব্যবহারের অনুমতি রয়েছে। কোনোভাবেই অন্য কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
৬. মুঠোফোনঃ
কোনো পরীক্ষার্থী পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন সঙ্গে নিয়ে যেতে পারবে না। তাই এ বিষয়টি মেনে চলতে হবে।
৭. পৃথকভাবে পাসঃ
প্রত্যেক পরীক্ষার্থীকে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
৮. নিবন্ধিত বিষয়ে পরীক্ষাঃ
পরীক্ষার্থী শুধু নিবন্ধনপত্রে যে বিষয়/বিষয়গুলোর উল্লেখ আছে, সেসব বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বা অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
৯. উপস্থিতিপত্রে স্বাক্ষরঃ
সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় ‘পরীক্ষার্থীর উপস্থিতিপত্র’ রয়েছে। মনে করে অবশ্যই পরীক্ষার উপস্থিতির জন্য উপস্থিতিপত্রে তোমাকে স্বাক্ষর করতে হবে।
সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও ভালোবাসা সবসময়।