17/04/2026
🌸 বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাক্কান, চালান, পাত, বিহু—নববর্ষ উৎসব ২০২৬ উদযাপন উপলক্ষে উন্মেষের কার্যক্রম 🌸
বাংলাদেশের পার্বত্য ও সমতল অঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর এই ঐতিহ্যবাহী উৎসব—বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাক্কান, চালান, পাত ও বিহু—নামের ভিন্নতা থাকলেও এর মূল চেতনা এক ও অভিন্ন। নতুন বছরের আগমনী বার্তা নিয়ে এই উৎসব আমাদের মাঝে সম্প্রীতি, ভালোবাসা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে।
উক্ত উৎসবকে সামনে রেখে "উন্মেষ" ঐতিহ্যগত বেশ কয়েকটি কার্যক্রম পরিচালনা করেছে। আমাদের এই কার্যক্রমের মূল লক্ষ্য ছিল—নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে যথাযথ মর্যাদার সাথে লালন করা এবং একই সঙ্গে মানবসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।
গত ১২ এপ্রিল, ফুল বিঝু উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। দিনের সূচনা হয় ঐতিহ্যবাহী ফুল গোঁজানো কার্যক্রমের মাধ্যমে, যা আমাদের সংস্কৃতি ও চিরায়ত রীতিনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে আমাদের ঐতিহ্যের প্রতি ভালোবাসা ও সচেতনতা সৃষ্টির প্রয়াস নেওয়া হয়েছে।
একই দিনে রাঙ্গামাটি জেলার নানিয়ার চর উপজেলা ও খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার সীমান্ত বর্তী এলাকা দেওয়ান পাড়া গ্রামে সাধারণ জনগণের জন্য মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম আয়োজন করা হয়। এই মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকার বহু মানুষ চিকিৎসা সেবা ও তাদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে সক্ষম হয়েছেন, যা ভবিষ্যতে জরুরি চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উক্ত কার্যক্রমের পাশপাশি স্থানীয় জনগণের মাঝে উপহার সামগ্রী এবং শিশু-কিশোরদের জন্য খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয়, যা তাদের মাঝে উৎসবের আনন্দ আরও বৃদ্ধি করেছে।
এছাড়া ১৪ এপ্রিল গোজ্জেপোজ্য বিঝুতে অর্থাৎ বাংলার নতুন বছরে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে উন্মেষের সদস্যরা নিজ নিজ গ্রামে বয়স্ক ও অসহায় ব্যক্তিদের সেবা কার্যক্রম পরিচালনা করেছেন। প্রবীণ নারী-পুরুষদের স্নান করিয়ে তাদের যথাযথ সম্মান প্রদর্শন করা হয়েছে এবং তাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করা হয়েছে।
ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে বয়স্ক ব্যক্তিদের মাঝে উপহারস্বরূপ পোশাক বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা এবং প্রজন্মের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।
"বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাক্কান, চালান, পাত, বিহু—নববর্ষ উৎসব ২০২৬" ঘিরে আয়োজিত এই সকল কার্যক্রম শুধুমাত্র উৎসবের আনন্দকেই বহন করেনি, বরং সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সর্বোপরি, উন্মেষ বিশ্বাস করে—ঐতিহ্য সংরক্ষণ এবং মানবসেবার সমন্বয়ের মাধ্যমেই একটি সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
🌸 উন্মেষ ভবিষ্যতেও একই ধারা অব্যাহত রেখে সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছে। 🌸