04/03/2026
প্রাক্তন ছাত্র পরিষদ, রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ইফতার মাহফিল অনুষ্ঠিত।
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রাক্তন ছাত্র পরিষদ, রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, পেকুয়া, কক্সবাজার-এর উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬ খ্রি., ১৩ রমজান) বিকেল ৪:৩০টায় চট্টগ্রামের আসকার দীঘির পাড়, সার্সন রোডস্থ নিউ লাইফ হসপিটাল-এর সভাকক্ষে আয়োজিত এ মাহফিলে প্রাক্তন ছাত্র ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
২০২২ ব্যাচের মোহাম্মদ নিজাতের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয়। প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ছরওয়ার কামাল স্বাগত বক্তব্যে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
ইফতার পূর্ব আলোচনা পর্বে সংগঠনের কার্য পরিচালনা ও বাজেট, আগামী ২৭ এপ্রিল প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, সুবর্ণ জয়ন্তীর প্রস্তুতি, বার্ষিক পরিকল্পনা, ঈদ পূর্ণমিলনী আয়োজন এবং উন্মুক্ত পরিচিতি ও মতবিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত সদস্যরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গঠনমূলক মতামত প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক তাওহিদুল ইসলাম, সহ-সভাপতি আল-আমিন এবং সভাপতি ডা. আতিকুর রহমান। বক্তারা প্রাক্তন ছাত্রদের ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করে শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বিদ্যালয় এর বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীর হক মোহাম্মাদ আবুল হোসাইন—উপদেষ্টা, অত্র পরিষদ ও প্রধান শিক্ষক, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তিনি প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতে শিক্ষামূলক ও মানবিক কার্যক্রমে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এদিন প্রাক্তন ছাত্র পরিষদের আয়োজনে প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজনের ঘোষণা দেওয়া হয়। সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট ম্যাচের নিবন্ধন ফরম উন্মোচন করা হয়। উপস্থিত প্রাক্তন ছাত্রদের মাঝে এ ঘোষণা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আওলাদ হোছাইন। তাঁর সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানকে আরও সুশৃঙ্খল ও প্রাণবন্ত করে তোলে।
পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালিত হয় এবং সম্মিলিতভাবে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সম্প্রীতি, আন্তরিকতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ এ আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন আশাবাদ ব্যক্ত করেন আয়োজকবৃন্দ।