08/04/2024
যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি!!
যাকাতের নামে এই ফাতরামির কালচার বন্ধ হওয়া উচিৎ। যাকাতের লুঙ্গি আবার কী জিনিস? এইভাবে শত শত মানুষকে শাড়ি লুঙ্গি দেওয়ার কাজটা চাইলে কেউ দান হিসাবে করতেই পারেন, কিন্তু কোন অবস্থাতেই এটা যাকাত হতে পারে না। মনে রাখতে হবে যাকাত একটা ফরজ ইবাদত।
যাকাত কাকে কাকে দেওয়া যাবে, সেই ৮ টি খাত পবিত্র কুরআন শরীফে অত্যান্ত স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে। যাকাত আর নরমাল দানের ভেতর বিশাল বড় একটা পার্থক্য আছে।
ধরেন, একজন লোক হিসাব করে দেখলো তার যাকাত আসে দুই লক্ষ টাকা। সেই লোক যদি এই দুই লক্ষ টাকা দিয়ে ৫০০ লোককে ডেকে শাড়ি কিংবা লুঙ্গি দান করে, তাহলে যাকাতের যে প্রকৃত উদ্দেশ্য সেটা কোনভাবেই আদায় হয়না; বরং এই দুই লক্ষ টাকা দিয়ে উনি যদি স্রেফ একজনকেও ইনকামের একটা রাস্তা করে দিতো, স্বাবলম্বী বানানোর চেষ্টা করতো, সেটা বরং যাকাতের প্রকৃত উদ্দেশ্য হাসিল করতে পারতো।
বহু জায়গায় লাইন ধরে লোকদের শাড়ি-লুঙ্গি দেওয়ার চল আছে এবং এজন্যই দোকানগুলোতে যাকাতের শাড়ি বা লুঙ্গি নামে কমদামি এসব প্রোডাক্ট বিক্রিও হয়! সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো শিক্ষিত সমাজেও এটার চল আছে, আর চল আছে বলেই স্বপ্ন-এর মত সুপারশপেও এভাবে পোস্টার টাঙিয়ে বিজ্ঞাপন দিয়ে যাকাতের লুঙ্গি বিক্রি হচ্ছে!
যাকাত কোন্ আটটি খাতে দেওয়া যায় এবং কীভাবে যাকাত আদায় করা উচিৎ— সেসব নিয়ে একটু কষ্ট করে পড়াশোনা করে নিন। মনে রাখবেন যাকাত কিন্তু "বেশি সংখ্যক লোককে নামমাত্র কিছু দিয়ে অনেক লোককে দান করেছেন", সেটা দেখানোর উপলক্ষ নয় বরং যাকাত হলো এমন ইমপ্যাক্ট তৈরী করার উপলক্ষ যাতে করে সমাজের অভাবে থাকা বা বিপদে থাকা মানুষ মুক্তি পেয়ে নিজের মত করে স্বাবলম্বী হয়ে সেও ভবিষ্যতে স্বাভাবিক জীবনযাপনের স্রোতে মিশতে পারে এবং সমাজের কালেক্টিভ উন্নতি হয়।
যাকাতের লুঙ্গি বা যাকাতের শাড়ি প্রদান বা বিক্রির মত এইযে চরম ফাতরা একটা কালচার চালু আছে, এর বিরুদ্ধে সবারই সচেতন হওয়া উচিৎ বলে মনে করি।