23/12/2025
জেলের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিল ৬ মণের শাপলা পাতা মাছ!
রামগতি-কমলনগর প্রতিনিধি: মু. রাসেল উদ্দিন।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৬ মণ ওজনের একটি বিশাল আকৃতির শাপলা পাতা মাছ। স্থানীয়ভাবে ‘হাউস মাছ’ নামে পরিচিত এই বিরল প্রজাতির মাছটি গতকাল সোমবার বিকেলে উপজেলার মেঘনা নদীর মোহনায় ধরা পড়ে। পরে মাছটি ৭৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে কীর্তন মাঝি নামে এক জেলের জালে মাছটি আটকা পড়ে। মাছটির আকার ও ওজন এতই বেশি ছিল যে, এটি নৌকা থেকে ডাঙায় তুলতে ১০ থেকে ১২ জন জেলের সাহায্যের প্রয়োজন হয়। পরে দড়ি দিয়ে বাঁশের সাথে বেঁধে অতি কষ্টে মাছটি বড়খেরী মাছঘাটে নিয়ে আসা হয়। বিরল এই মাছটি দেখার জন্য ঘাটে উৎসুক জনতার ভিড় জমে যায়।
মাছ বিক্রেতা কীর্তন মাঝি 'ঢাকা ভয়েস' কে জানান, দীর্ঘদিন ধরে নদীতে মাছের দেখা না পাওয়ায় তিনি চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছিলেন। হঠাৎ করে এই বড় ‘হাউস মাছ’টি ধরা পড়ায় তার অভাবের সংসারে কিছুটা স্বস্তি ফিরেছে। মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে তিনি অত্যন্ত খুশি।
ঢাকা ভয়েস -এর এক প্রশ্নের জবাবে,
আড়তদার মোতালেব বেপারী বলেন, "শাপলা পাতা মূলত সাগরের মাছ হলেও অনেক সময় জোয়ার বা স্রোতের টানে এগুলো নদীতে চলে আসে। কীর্তন মাঝির ধরা মাছটি নিলামে কৃষ্ণ বেপারী নামে এক ব্যবসায়ী ৭৫ হাজার টাকায় কিনে নিয়েছেন।"
মাছ ক্রেতা কৃষ্ণ বেপারী জানান, বাজারে এই মাছের প্রচুর চাহিদা রয়েছে। সচরাচর এত বড় মাছ পাওয়া যায় না বলে তিনি এটি লাভজনক দামে বিক্রির আশা করছেন।