12/07/2025
সুধী,
আসসালামু আলাইকুম।
আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার অশেষ রহমতে প্রত্যেকেই সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ জীবন অতিবাহিত করছেন। আমাদের মধ্যে অনেকেই এবং তাদের সন্তান-সন্তানাদি নিয়ে অসুস্থ অবস্থায় রয়েছেন, মহামুনীবের দরবারে তাদের সুস্থতার নেয়ামত কামনা করছি।
সম্মানিত সুধী,
আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে অথবা ব্যক্তিগত আলাপচারিতার মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় হাজিরপাড়া হামিদিয়া দাখিল মাদ্রাসা সম্পর্কে বিভিন্ন ধরনের সংবাদ শুনেছেন, যা প্রাক্তন ছাত্র-ছাত্রী হিসেবে আপনাদের পাশাপাশি আমাদেরকেও ব্যথিত করেছে। প্রাক্তন ছাত্রছাত্রী হিসেবেই আমরা প্রত্যেকেই চাই আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান এই অঞ্চলের সেরা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হোক, এ অঞ্চলের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের আশা ভরসার স্থল হয়ে উঠুক, নীতি নৈতিকতা সমৃদ্ধ হিসেবে বেড়ে উঠবে আগামী প্রজন্ম।
প্রিয় সুধী,
আপনারা আরো জানেন অবকাঠামোগত দিক থেকে এই প্রতিষ্ঠান বর্তমানে অনেক সুন্দর অবস্থানে রয়েছে এবং এর অবকাঠামোগত উন্নয়ন দিন দিন আরো সুন্দর থেকে সুন্দরতম হোক সেটা আমাদের সবারই প্রত্যাশা।
কিন্তু শুধু কি অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমেই একটা প্রতিষ্ঠানকে বিবেচনা করা হয়। প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন যে হারে হয়েছে, প্রতিষ্ঠানের একাডেমিক উন্নয়ন কি সে অনুযায়ী সাধিত হয়েছে? হাইওয়ে সড়কের পাশে মনোরম পরিবেশে অবস্থিত আমাদের এ প্রতিষ্ঠান এই অঞ্চলের আশা-আকাঙ্ক্ষার কতটুকু পূরণ করতে পেরেছে- আমরা কি সেটা কখনো ভেবেছি? আমাদের প্রতিষ্ঠান প্রত্যাশা পূরণ করতে না পারা- এটা কি আপনাকে আমাকে ব্যাথিত করে না?
প্রিয় সুধী,
আমাদের প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের পর্যালোচনায় যে বিষয়গুলো অসংগতিপূর্ণ মনে হয়েছে মান উন্নয়নের ক্ষেত্রে
তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে কোন নিয়ম নীতি অনুসরণ না করে বছরের শেষ পর্যন্ত ভর্তি কার্যক্রম চালু রাখা, দাখিল নির্বাচনী পরীক্ষায় একাধিক সাবজেক্টে ফেল করার পরও তাদেরকে কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া, দুর্বল ছাত্র-ছাত্রীদের ব্যাপারে বিশেষ তদারকি না নেয়া, শিক্ষকদের যথাযথ মূল্যায়ন না করা, শিক্ষক স্বল্পতা, ভালো মানের শিক্ষক-শিক্ষিকাদের ধরে রাখতে না পারা, বর্তমান এই বৈষম্যমুক্ত বাংলাদেশে শিক্ষকদের মাঝে এখনো বৈষম্যমূলক আচরণ করা এগুলো অন্যতম।
সম্মানিত সুধী,
আপনারা নিশ্চয়ই অবহিত আছেন অতীতে মাদ্রাসার ম্যানেজিং কমিটি বিভিন্ন পন্থায় নির্বাচিত হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি কেন্দ্রিক বিশৃঙ্খলা তৈরি হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত কার্যক্রম বন্ধ রয়েছে। এতদসত্ত্বেও সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল মাদ্রাসায় ম্যানেজিং কমিটি গঠনের একটি গোপন প্রক্রিয়া শুরু করেছে-যা ছিল অনাকাঙ্ক্ষিত। প্রাক্তন ছাত্র-ছাত্রী হিসেবে আপনি নিশ্চয়ই চাইবেন আপনার প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে সৎ, যোগ্য, দক্ষ, দুর্নীতি মুক্ত, যারা শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন, ভূমিকা রাখতে পারবেন প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণে- এরকম ব্যক্তিবর্গের অংশগ্রহণ।
সম্মানিত সুধী,
প্রতিষ্ঠানের মান উন্নয়নে (একাডেমিক এবং অবকাঠামোগত) কাঙ্খিত প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় যারা সমালোচনা করছেন, কেউ কেউ তাদেরকে প্রতিষ্ঠান প্রধানের বিরোধী হিসেবে আখ্যায়িত করতে চায়। বস্তুতঃ প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও তিনি তা আমলে না নেয়ায় তাদেরকে প্রতিষ্ঠান প্রধানের এবং প্রতিষ্ঠানের বিরোধী হিসেবে অপপ্রচার চালানো হয়। প্রতিষ্ঠান কাঙ্খিত মানদন্ডে উন্নীত হলে নিশ্চয়ই এ ব্যাপারে সমালোচনা হবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। যারা বিরোধী ভাবছেন আর যারা সমালোচনা করছেন- প্রত্যেকেরই মূলত চাওয়াটা এক। তা হল প্রতিষ্ঠান সফল থেকে আরও সফলতায় ভরে উঠুক।
প্রিয় সুধী,
আপনার আমার এ অঞ্চলের প্রাণপ্রিয় এ প্রতিষ্ঠান কারো স্বেচ্ছাচারিতায, খামখেয়ালীপনায়, ব্যক্তিহিংসায, একঘুঁয়েমির কারণে ধ্বংস হয়ে যাক- এটা নিশ্চয়ই আপনি আমি আমরা কেউই চাই না। আমরা প্রত্যেকেই নিশ্চয়ই এটা কামনা করি আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান শুধুমাত্র এ এলাকার নয়, অত্র জেলার নয়, দেশের একটি স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। সে প্রত্যাশা পূরণে প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে সকল শিক্ষকবৃন্দ, বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং প্রাক্তন ছাত্রছাত্রী-প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করছি।
শুভেচ্ছান্তে-
শাহাব উদ্দিন বাবুল
আহবায়ক
হাজিরপাড়া হামিদিয়া দাখিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম