17/01/2026
অসহায় শীতার্ত ও ছিন্নমূল শিশুদের মাঝে তারুণ্যের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত।
আজ ১৭ই জানুয়ারি ২০২৬, শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্য'র শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে
সকাল ১১ টায় শীতবস্ত্র বিতরণের এই কার্যক্রমটি শুরু হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. ওবায়দুল ইসলাম উপস্থিত ছিলেন।
তারুণ্যের দুরন্ত পথিক শেখ মিরাজুল ইসলাম এবং মিম আক্তার এর সঞ্চালনায় সংগঠনটির সভাপতি মুরসালিন ইসলাম তুরানের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা, সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান,সুবাসিত সদস্য ফাইমুন নোমান ও বর্তমান সদস্যগণ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রায় ২০০ টি পরিবারের মাঝে কম্বল এবং চাদর সাথে বিভিন্ন বয়সী শিশুর মাঝে শীতের কাপড় বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. ওবায়দুল ইসলাম বলেন, তারুণ্যের সদস্যরা নিজেদের পড়াশোনার পাশাপাশি যে মানবিকতার পরিচয় দিয়েছে তা অবশ্যই প্রশংসনীয়। তাদের এই উদ্যোগ অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে।
শুভেচ্ছা বক্তব্যে তারুণ্যের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ হিমেল বলেন, আমাদের একঝাঁক স্বেচ্ছাসেবী কুষ্টিয়া, ঝিনাইদহ, পোড়াদহ, শৈলকূপা ও হরিনারায়ণপুরের সাধারণ মানুষের কাছ থেকে ৫-১০ টাকা করে ফান্ড সংগ্রহ করে এই কর্মসূচির আয়োজন করেছে। আজ মানুষের মুখে হাসি দেখে আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে অনুপ্রাণিত।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি মুরসালিন ইসলাম তুরান বলেন, অসহায় দুস্থ মানুষের পাশে থাকা তারুণ্যের অন্যতম উদ্দেশ্য-গুলোর মাঝে একটি। প্রতিবারের ন্যায় আমরা চেষ্টা করেছি ক্যাম্পাস-সংলগ্ন গ্রামের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আমরা শিশুদের জন্য মোজা ও হুডি এবং প্রাপ্ত বয়স্কদের জন্য কম্বল, চাদর ও মোজা নিয়ে এসেছি। শীতার্ত এই মানুষদের মধ্যে উষ্ণতা ছড়িয়ে দিতে যারা সহযোগিতা করেছে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।