21/05/2026
ইসলামী ও সেক্যুলার আইন: তুলনামূলক পর্যালোচনা
এই আলোচনার মূল বিষয় হলো ইসলামী শরীয়া আইন, বিশেষ করে ইসলামী দণ্ডবিধি, বিচারপ্রক্রিয়া এবং এর পেছনের আইন-দর্শন। উদ্দেশ্য হলো—যারা ইসলামী আইন-বিচার সম্পর্কে খুব কম জানে, তাদের সামনে একটি প্রাথমিক ধারণা তুলে ধরা এবং আলেম ও আইনবিশারদদের এ বিষয়ে আরও গভীর আলোচনা করার আহ্বান জানানো।
বর্তমানে বড়ভাবে তিন ধরনের আইনব্যবস্থা দেখা যায়:
১. ব্রিটিশ কমন ল
২. কন্টিনেন্টাল বা সিভিল ল এবং
৩. ইসলামী শরীয়া আইন।
ব্রিটিশ কমন ল -এর পেছনে রোমান আইন এবং খ্রিস্টান ক্যানন ল-এর প্রভাব আছে। পরে ব্রিটিশরা যেসব অঞ্চলে উপনিবেশ স্থাপন করেছিল, স্বাধীনতার পর সেসব দেশ—বাংলাদেশসহ—অনেকাংশে কমন ল গ্রহণ করে। জন মাকদিসি/মাগদিসি নামের একজন আইনবিদের আলোচনায়, ব্রিটিশ কমন ল-এর ওপর ইসলামি আইন, বিশেষ করে মালেকি মাযহাবের প্রভাব আছে। মুসলিম শাসিত সিসিলি ও নরম্যান শাসনের মাধ্যমে এই প্রভাব ইউরোপীয় আইনব্যবস্থায় প্রবেশ করেছে।
শরীয়া আইন আলোচনা করতে হলে তিনটি বড় বিষয় বুঝতে হবে:
১. আইন-দর্শন, অর্থাৎ কোন দর্শন বা উদ্দেশ্যের ভিত্তিতে আইন ও শাস্তি নির্ধারিত হয়।
২. দণ্ডবিধি, অর্থাৎ ইসলামী আইনে কোন অপরাধের কী ধরনের শাস্তি আছে।
৩. বিচারপ্রক্রিয়া, অর্থাৎ মামলা, সাক্ষ্য, প্রমাণ, বিচারকের ভূমিকা এবং আদালত কীভাবে সিদ্ধান্ত নেবে।
পশ্চিমা আইনচিন্তায় ইসলামী দণ্ডবিধিকে প্রায়ই “বর্বর”, “নৃশংস” বা “মানবাধিকার লঙ্ঘনকারী” বলা হয়। উদাহরণ- “চোখের বদলে চোখ” বা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে পশ্চিমা সমাজে অনেক আপত্তি আছে। অপরাধীর অধিকার নিয়ে আলোচনা করা হলেও ভুক্তভোগীর অধিকার—যাকে হত্যা করা হয়েছে, যার চোখ নষ্ট করা হয়েছে, যার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে—তা অনেক সময় উপেক্ষিত হয়। সেকুলার আইনে জরিমানা রাষ্ট্রীয় কোষাগারে যায়, কিন্তু ইসলামী কিসাস ও দিয়াত ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার পরিবার সরাসরি ক্ষতিপূরণ বা ক্ষমার অধিকার পায়।
ইসলামী অপরাধ ও শাস্তিকে তিন ভাগে ব্যাখ্যা করা হয়:
১. হদ
২. কিসাস
৩. তাজির
তাজির হলো সেই ধরনের অপরাধ, যেখানে শাস্তি নির্দিষ্ট করে দেওয়া হয়নি। বিচারক অপরাধের মাত্রা, সামাজিক প্রভাব, অপরাধীর অবস্থা, জননিরাপত্তা, জনকল্যাণ এবং পরিস্থিতি বিবেচনা করে শাস্তি নির্ধারণ করেন। তাজিরের শাস্তি খুব হালকা সতর্কীকরণ থেকে শুরু করে অর্থদণ্ড, অপমান, বরখাস্ত, নির্বাসন, কারাদণ্ড, বেত্রাঘাত এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ইসলামী আইনকে অনেকে কঠোর ও অনমনীয় মনে করলেও বাস্তবে তাজির ব্যবস্থায় বিচারকের হাতে অনেক নমনীয়তা থাকে। সুদ, ঘুষ, আমানতের খেয়ানত, মিথ্যা সাক্ষ্য, ঋণ নিয়ে না দেওয়া, সামাজিক অনাচার ইত্যাদি তাজিরের আওতায় আসতে পারে।
কিসাস হলো বান্দার হক-সংশ্লিষ্ট অপরাধের শাস্তি। যেমন হত্যা, অঙ্গহানি, গুরুতর আঘাত ইত্যাদি। কিসাসে শাস্তি নির্দিষ্ট হলেও ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা নিহত ব্যক্তির ওয়ারিশদের হাতে সিদ্ধান্তের ক্ষমতা থাকে। তারা চাইলে অপরাধীর বিরুদ্ধে সমপরিমাণ প্রতিশোধমূলক শাস্তি চাইতে পারে, চাইলে দিয়াত বা রক্তপণ নিতে পারে, আবার চাইলে সম্পূর্ণ ক্ষমাও করে দিতে পারে। “হত্যার বদলে হত্যা” বা “অঙ্গের বদলে অঙ্গ” শুনতে কঠোর মনে হলেও এর মধ্যে ভুক্তভোগী পক্ষের ন্যায়বিচার ও ক্ষমার সুযোগ দুটোই আছে।
হদ হলো আল্লাহর হক-সংশ্লিষ্ট নির্দিষ্ট শাস্তি। হদ অপরাধে শাস্তি নির্ধারিত এবং একবার পূর্ণভাবে প্রমাণ হয়ে গেলে কেউ তা মাফ করতে পারে না। হদের উদাহরণ- ব্যভিচার, ব্যভিচারের অপবাদ, মদ্যপান বা মাদক সেবন, চুরি, ডাকাতি/রাহাজানি, ইসলাম ত্যাগ, বৈধ শরঈ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ইত্যাদি। তবে হদ শাস্তি কার্যকর করার জন্য প্রমাণের শর্ত অত্যন্ত কঠিন। যদি সামান্য সন্দেহ থাকে বা নির্দিষ্ট শর্ত পূরণ না হয়, তাহলে হদ কার্যকর হবে না; তখন অপরাধটি তাজিরের অধীনে বিচার হবে।
অবিবাহিত ব্যভিচারীর শাস্তি ১০০ বেত্রাঘাত এবং বিবাহিত ব্যভিচারীর ক্ষেত্রে রজম বা পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড। তবে এই শাস্তি প্রমাণের শর্ত অত্যন্ত কঠিন: অপরাধীকে চারটি আলাদা মজলিসে স্বীকারোক্তি দিতে হবে, এবং সে স্বীকারোক্তি পরে প্রত্যাহার করলে হদ রহিত হতে পারে। অন্যদিকে সাক্ষ্যের ক্ষেত্রে চারজন প্রত্যক্ষ সাক্ষী দরকার, যারা সরাসরি ঘটনাটি দেখেছে। এমন প্রমাণ সাধারণত তখনই সম্ভব, যখন অপরাধটি প্রকাশ্যে সংঘটিত হয়। তাই হদ শাস্তি শুনতে কঠোর হলেও বাস্তবে এটি প্রমাণ করা খুব কঠিন।
ধর্ষণ ও ব্যভিচার এক নয়। অনেকের ভুল ধারণা আছে যে ধর্ষণের ক্ষেত্রেও ব্যভিচারের মতো চারজন সাক্ষী লাগে; এটি সঠিক নয়। নারী নিজে অভিযোগ করতে পারে, তার শরীরের আঘাত, চিৎকার, প্রতিরোধের চিহ্ন, অস্ত্রের ভয় দেখানো ইত্যাদি প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে। যদি হদের মানের প্রমাণ না পাওয়া যায়, তবুও তাজিরের আওতায় বিচারক কঠোর শাস্তি দিতে পারেন—পরিস্থিতি অনুযায়ী মৃত্যুদণ্ডও দিতে পারেন। ভয় দেখিয়ে বা অস্ত্রের মুখে ধর্ষণের ক্ষেত্রে এটি হিরাবা/রাহাজানি ধরনের অপরাধের সঙ্গেও সম্পর্কিত হতে পারে।
সাধারণভাবে চুরির জন্য হাত কাটার বিধান আছে বলা হলেও, হদ হিসেবে এই শাস্তি কার্যকর করতে কঠোর শর্ত আছে। যেমন চুরি করা বস্তু নির্দিষ্ট মূল্যমানের হতে হবে, তা কারও মালিকানাধীন হতে হবে, সুরক্ষিত স্থানে থাকতে হবে, দুর্ভিক্ষের সময় চুরি হলে হদ প্রযোজ্য হবে না, চুরির উদ্দেশ্য স্পষ্ট হতে হবে, এবং দুইজন প্রত্যক্ষ সাক্ষী থাকতে হবে। এসব শর্ত না থাকলে হদ নয়, বরং তাজিরের অধীনে বিচার হবে। ইসলামে আল্লাহর হক-সংশ্লিষ্ট হদ শাস্তির প্রমাণ কঠিন করা হয়েছে, কিন্তু শুনতে কঠোর রাখা হয়েছে যেন সমাজে অপরাধের বিরুদ্ধে ভয় ও প্রতিরোধ সৃষ্টি হয়।
যদি ডাকাতির সময় খুন হয়, তাহলে মৃত্যুদণ্ড হতে পারে। যদি খুন না হয় কিন্তু সম্পদ লুট হয়, তাহলে হাত-পা কাটার শাস্তি। আর যদি শুধু ভয় দেখানো হয় কিন্তু সম্পদ লুট বা খুন না হয়, তাহলে নির্বাসন বা দীর্ঘমেয়াদি কারাদণ্ড। তবে এখানেও, স্বীকারোক্তি প্রত্যাহার করলে হদ রহিত হতে পারে এবং অপরাধ তাজিরে চলে যেতে পারে।
মুরতাদ তথা ইসলাম ত্যাগকারীর ব্যাপারে হানাফি মাযহাব মতে পুরুষের ক্ষেত্রে মৃত্যুদণ্ড এবং নারীর ক্ষেত্রে কারাদণ্ডের আলোচনা আছে; অন্যান্য মাযহাবে নারীর ক্ষেত্রেও মৃত্যুদণ্ডের মত আছে। তবে, তিনদিন সময় দেওয়া, আলেমদের মাধ্যমে সংশয় নিরসন করা, তওবার সুযোগ দেওয়া—এসব শর্ত আছে। এমনকি কেউ প্রাণ বাঁচানোর জন্য মৌখিকভাবে তওবা করলেও হদ রহিত হতে পারে।
মদ্যপান বা মাদক সেবনের ক্ষেত্রে, মুখে মদের গন্ধ পাওয়া যথেষ্ট প্রমাণ নয়। প্রকাশ্যে মদপান করলে এবং দুইজন সাক্ষী থাকলে হদ প্রমাণ হতে পারে। কিন্তু গোপনে কেউ কী করছে, ইসলামী রাষ্ট্র তা অনুসন্ধান করতে যায় না। প্রকাশ্যে খারাপ কাজ ছড়িয়ে পড়া ঠেকানোই এখানে মূল বিষয়।
কিসাসের আলোচনায় হত্যাকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। ইচ্ছাকৃত হত্যা প্রমাণিত হলে প্রাণের বদলে প্রাণের শাস্তি হবে—যদি নিহতের ওয়ারিশরা ক্ষমা না করে। তবে হত্যার উদ্দেশ্য সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হবে। যদি হত্যার উদ্দেশ্য না থাকে, কিন্তু আঘাতে মৃত্যু ঘটে—যেমন মারামারিতে লাঠির আঘাতে কেউ মারা গেল—তাহলে তা ইচ্ছাসদৃশ হত্যা হতে পারে এবং সেখানে কিসাসের বদলে দিয়াত ও কাফফারা আসতে পারে। ভুলবশত হত্যা, ভুলসদৃশ ঘটনা, অবহেলাজনিত মৃত্যু—এসব ক্ষেত্রেও দিয়াতের আলোচনা আছে। দিয়াত হিসেবে ১০০ উট, ১০০০ দিনার, ১২,০০০ দিরহাম, ২০০ গরু, ২০০০ ছাগল বা ২০০ উন্নতমানের কাপড় ইত্যাদি; বিচারক পরিস্থিতি অনুযায়ী নির্ধারণ করবেন বলে তিনি বলেন।
জখম বা অঙ্গহানির ক্ষেত্রেও কিসাস ও দিয়াতের প্রসঙ্গ চলে আসে। ইচ্ছাকৃতভাবে কারও চোখ, কান, জিহ্বা, আঙুল বা অন্য অঙ্গ ক্ষতিগ্রস্ত করলে সমপরিমাণ কিসাস হতে পারে। তবে সমতা বজায় রাখা জরুরি—বেশি বা কম করা যাবে না। অনিচ্ছাকৃত হলে দিয়াত দেওয়া হবে। শরীরের একক অঙ্গ যেমন জিহ্বা, যৌনাঙ্গ, দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি সম্পূর্ণ নষ্ট হলে পূর্ণ দিয়াত; দুই অঙ্গের একটি নষ্ট হলে অর্ধেক দিয়াত; দশ আঙুলের একটি নষ্ট হলে দশ ভাগের এক ভাগ দিয়াত—এভাবে হিসাব হয়।
সেকুলার আইনদর্শনে আল্লাহ ও রাসুলের নির্দেশনাকে গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু ইসলামী আইনে আইন ও বিচার আল্লাহর বিধানের অধীন। বিদ্যমান বিচারব্যবস্থায় ইসলামি জ্ঞানী বা মুফতিদের অংশগ্রহণের অভাব খুবই তীব্র। ইউরোপে বিচারকের সক্রিয় ভূমিকা পরে বিকশিত হলেও মুসলিম জুরিস্টরা অনেক আগে থেকেই বিচারকের ভূমিকা, সাক্ষ্য, প্রমাণ ও আদালতপ্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন।
ইসলামী শাস্তির দুটি প্রধান উদ্দেশ্য আছে:
১. সংশোধন
২. জননিরাপত্তা
শাস্তির উদ্দেশ্য প্রতিশোধ নয়; বরং অপরাধীকে সংশোধন করা এবং সমাজকে নিরাপদ রাখা। ইবনে তাইমিয়াহর বক্তব্যে থেকে—যেমন বাবা সন্তানকে বা ডাক্তার রোগীকে কষ্ট দিয়ে হলেও সংশোধন ও চিকিৎসা করেন, বিচারকও অপরাধীকে শাস্তি দেন সংশোধন ও জনকল্যাণের জন্য। কিন্তু যদি সমাজে নিরাপত্তা ভেঙে পড়ে, মানুষ ভয় পায়, ডাকাতি, ধর্ষণ, হত্যা বেড়ে যায়—তাহলে কঠোর শাস্তি দরকার।
আধুনিক কারাগারব্যবস্থা এক্ষেত্রে অকার্যকর। দীর্ঘ কারাদণ্ড অপরাধ কমায় না; বরং কারাগারে অপরাধীরা আরও বড় অপরাধীদের সংস্পর্শে গিয়ে বেশি অপরাধপ্রবণ হতে পারে। তাই শুধু জেল দিয়ে অপরাধ কমানো যায় না—শাস্তির এমন ভয় থাকা দরকার, যা মানুষকে অপরাধ করার আগেই থামিয়ে দেয়। ইসলামী আইন এই ভারসাম্য রাখে: প্রমাণের ক্ষেত্রে কঠোর সতর্কতা, কিন্তু অপরাধ প্রমাণিত হলে সমাজরক্ষার জন্য দৃঢ় শাস্তি।
নৈতিক অপরাধ ও জুলুমের মধ্যে পার্থক্য আমাদেরকে বুঝতে হবে। ব্যভিচার বা মদ্যপানের মতো বিষয় যদি ব্যক্তিগত ও গোপন থাকে, ইসলামী আইন তা প্রমাণ করা কঠিন করেছে। কিন্তু এগুলো যদি প্রকাশ্যে চলে আসে, তখন তা সমাজের নৈতিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করে, তাই কঠোর শাস্তির আওতায় আসতে পারে। বিপরীতে, যদি কারও ওপর জুলুম হয়—হত্যা, আঘাত, অঙ্গহানি, ধর্ষণ, ডাকাতি—তাহলে তার প্রতিকার অবশ্যই হতে হবে। কারণ জুলুমকে ছেড়ে দিলে সমাজে দুর্বলের নিরাপত্তা থাকবে না।
অনেক পশ্চিমা ক্রিমিনোলজিস্ট মৃত্যুদণ্ডের বিরোধী এবং তারা দাবি করেন, মৃত্যুদণ্ড অপরাধ কমায় না। একই বছরে মৃত্যুদণ্ডের সংখ্যা ও হত্যার সংখ্যা মিলিয়ে বিচার করলে সঠিক ফল পাওয়া যাবে না; বরং কয়েক বছরের সামাজিক প্রভাব দেখতে হবে। মাইকেল সামারস নামের এক গবেষকের বক্তব্য অনুযায়ী, প্রত্যেক মৃত্যুদণ্ড পরবর্তী বছরে উল্লেখযোগ্য সংখ্যক খুন কমাতে পারে। মৃত্যুদণ্ড যদি গোপনে কারাগারে দেওয়া হয়, তাহলে সমাজে তার প্রভাব কম হয়; কিন্তু প্রকাশ্যে হলে মানুষ তা দেখে ভয় পায় এবং অপরাধ থেকে বিরত থাকে।
মানুষ যা দেখে বা শুনে তার ৯৯% ভুলে যায়, কিন্তু যেসব ঘটনার সঙ্গে কষ্ট, ভয় বা তীব্র আবেগ থাকে, সেগুলো মস্তিষ্ক বেশি মনে রাখে। একে “নক্সাস স্টিমুলাস” বা কষ্টকর উদ্দীপনা হিসেবে ব্যাখ্যা করেন। প্রকাশ্য শাস্তি মানুষের মনে স্থায়ী স্মৃতি তৈরি করে, যা ভবিষ্যতে অপরাধ করার সময় তাকে থামিয়ে দিতে পারে। মানুষের আচরণ মূলত reward ও punishment দ্বারা নিয়ন্ত্রিত হয়; আনন্দ পেলে মানুষ কোনো কাজ করে, আর শাস্তির ভয় থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করে।
কারাদণ্ডে শুধু অপরাধী নয়, তার স্ত্রী-সন্তানও কষ্ট পায়, ফলে একজনের অপরাধে আরেকজন শাস্তি পায়। একই সঙ্গে রাষ্ট্রের জন্য কারাগার একটি অর্থনৈতিক বোঝা, কারণ হাজার হাজার বন্দিকে খাওয়ানো-পালন করা রাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করে। এর বিপরীতে, ইসলামী বেত্রাঘাত বা প্রকাশ্য শাস্তিতে দ্রুত শাস্তি হয়, অপরাধী মানসিক অপমান ও শারীরিক কষ্ট পায়, এবং সমাজেও deterrence তৈরি হয়।
সেকুলার বিচারব্যবস্থায় বিচার দীর্ঘসূত্রতায় আটকে যায়। “Justice delayed, justice denied”—বিচার দেরি হলে প্রকৃত অর্থে ন্যায়বিচার অস্বীকার করা হয়। উদাহরণ- ধর্ষণ বা হত্যা মামলার বিচার অনেক সময় ৯০ দিন, ১৮০ দিন, এমনকি বছর বা দশক ধরে চলতে পারে। এতে ভুক্তভোগী পরিবার ক্লান্ত হয়ে পড়ে, প্রমাণ হারিয়ে যায়, সাক্ষী মারা যায় বা দুর্বল হয়ে যায়, আর অপরাধীরা সাহস পায়।
ফৌজদারি মামলার অনেক ধাপ আছে এবং প্রতিটি ধাপ ম্যানিপুলেট করা যায়। প্রথম ধাপ হলো অভিযোগ দাখিল। অনেক সময় প্রভাবশালী মানুষের বিরুদ্ধে থানায় মামলা নেওয়া হয় না। আবার মামলা করার আগেই স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, পুলিশ বা সালিশের মাধ্যমে ভুক্তভোগীকে মীমাংসায় বাধ্য করা হয়। এতে অপরাধী টাকা দিয়ে পার পেয়ে যায় এবং সমাজে ধারণা তৈরি হয়—টাকা থাকলে অপরাধ করেও বাঁচা যায়।
দ্বিতীয় ধাপে আসে তদন্ত। বাংলাদেশে তদন্ত সাধারণত পুলিশ করে, এবং তদন্তের মাধ্যমে মামলার কাঠামো অনেকটাই ঠিক হয়ে যায়। পুলিশ চাইলে চার্জশিটে দুর্বল ধারা দিতে পারে, মামলাকে জামিনযোগ্য করতে পারে, প্রমাণ দুর্বল করতে পারে বা আসামির পক্ষে তদন্ত সাজাতে পারে। ফলে আদালতে যাওয়ার আগেই ন্যায়বিচার ক্ষতিগ্রস্ত হয়। রিমান্ডেরও এবিউজ করার সুযোগ আছে এবং হচ্ছেও। রিমান্ডে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। ইসলামে স্বীকারোক্তি হতে হবে স্বতঃস্ফূর্ত; জোর করে নয়।
সেকুলার ফৌজদারি মামলার একটি মৌলিক সমস্যা: মামলাটি হয় রাষ্ট্র বনাম আসামী। এতে ভুক্তভোগী বা বাদীর স্বার্থ অনেক সময় পাশে পড়ে যায়। কিন্তু ইসলামী বিচারব্যবস্থায় মামলা হলো বাদী বনাম আসামী—অর্থাৎ যার ক্ষতি হয়েছে, তার অধিকার সরাসরি বিবেচিত হয়। সেকুলার ব্যবস্থায় ভুক্তভোগী অনেক খরচ করে মামলা চালালেও রায়ের পর সে সরাসরি ক্ষতিপূরণ পায় না। অথচ ইসলামী ব্যবস্থায় অপরাধ প্রমাণিত হলে ভুক্তভোগীর ক্ষতিপূরণ, দিয়াত বা মামলা পরিচালনার খরচও বিবেচনায় আসে।
পাবলিক প্রসিকিউটর বা রাষ্ট্রপক্ষের আইনজীবীর ভূমিকা নিয়েও আমাদেরকে ভেবে দেখতে হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী চাইলে দুর্বল তদন্তকে চ্যালেঞ্জ করতে পারেন, কিন্তু বাস্তবে অনেক সময় তারা পুলিশের দেওয়া কাঠামোর বাইরে যান না। আবার টাকা বা প্রভাবের কারণে মামলায় তারিখের পর তারিখ পড়ে, বিচার পিছায়। ফলে মামলার বাদী ক্লান্ত হয়ে পড়ে, অর্থ হারায়, আর আসামি অনেক সময় জামিনে থেকে যায়।
এর বিপরীতে, ইসলামী বিচারব্যবস্থার যে চিত্র, সেখানে বিচারক বেশি সক্রিয়। সবকিছু বিচারকের সামনে হয়—অভিযোগ, সাক্ষ্য, জেরা, ব্যাখ্যা, তদন্ত। বিচারক চাইলে ঘটনাস্থলে যেতে পারেন, সেখানেই বিচার করতে পারেন, সাক্ষীদের সরাসরি শুনতে পারেন। ইসলামী আদালতে তৃতীয় পক্ষের গোপন তদন্তের ওপর অন্ধ নির্ভরতা নেই। এতে বিচার দ্রুত হয় এবং ম্যানিপুলেশনের সুযোগ কমে।
তালেবানের বিচারব্যবস্থার উদাহরণ- তাদের বিচারব্যবস্থার বড় সুবিধা হলো speed বা দ্রুততা। সেখানে অতিরিক্ত দাপ্তরিক জটিলতা, ফাইল ঘোরানো, টেবিল থেকে টেবিলে নথি পাঠানো—এসব কম। দুই বছরে তালেবান বিচারকরা বহু মামলা নিষ্পত্তি করেছে যেখানে একই দিনে বিচার হয়ে যায়, কারণ বিচারক সরাসরি সাক্ষ্য-প্রমাণ শুনে সিদ্ধান্ত দেন।
ন্যায়বিচার শুধু হতে হবে না, মানুষকে দেখতে হবে যে ন্যায়বিচার হয়েছে। তাই প্রকাশ্য বিচার গুরুত্বপূর্ণ। বিচার গোপনে হলে সমাজে deterrence তৈরি হয় না, কিন্তু প্রকাশ্যে বিচার হলে মানুষ বোঝে যে অপরাধের পরিণতি আছে। ইসলামী ইতিহাসে মসজিদ, গাছতলা বা প্রকাশ্য স্থানে বিচার হওয়ার উদাহরণ আছে।
বিচার মূলত একটি তিনমুখী বিষয়:
১. বাদীর প্রতি ন্যায়বিচার,
২. আসামির প্রতি ন্যায়বিচার,
৩. সমাজের প্রতি ন্যায়বিচার।
শুধু বাদীর কথা শুনলে হবে না, আসামিকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। আবার অপরাধ প্রমাণিত হলে সমাজের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। বিচারককে নিরপেক্ষ থাকতে হবে। এক পক্ষের সঙ্গে হাসিমুখে কথা বলা, কাউকে উঁচু আসনে আর কাউকে নিচে বসানো—এগুলো পক্ষপাতের ইঙ্গিত দিতে পারে। তাই ইসলামী বিচারশাস্ত্রে বিচারকের আদব বা আচরণবিধি খুব গুরুত্ব পেয়েছে।
কিছু মৌলিক বিচারনীতি:
◉ সব মানুষ বিচারের ক্ষেত্রে সমান;
◉ দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত সবাই নির্দোষ;
◉ অপরাধ প্রমাণে ইচ্ছা বা intention গুরুত্বপূর্ণ;
◉ সাক্ষ্য গোপন করা যাবে না;
◉ জবরদস্তির ফলে কোনো কাজ করলে তা সাধারণ অপরাধের মতো বিবেচিত হবে না;
◉ একজনের অপরাধে আরেকজনকে শাস্তি দেওয়া যাবে না;
◉ অপরাধ যতটুকু, শাস্তিও ততটুকু;
◉ প্রমাণের দায় অভিযোগকারীর;
◉ আসামির আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে;
◉ সন্দেহ থাকলে কঠোর হদ শাস্তি এড়িয়ে যেতে হবে।
ইসলামী আদালতের একটি সম্ভাব্য প্রক্রিয়া-
◉ প্রথমে বাদী বিচারকের সামনে অভিযোগ করবে।
◉ অভিযোগ লিখিত হবে, বাদী তা পড়ে স্বাক্ষর করবে।
◉ এরপর আসামীকে অভিযোগ জানানো হবে।
◉ বিচারক জিজ্ঞাসা করবেন, আসামী অভিযোগ স্বীকার করে কি না।
◉ আসামী অস্বীকার করলে বাদীর ওপর প্রমাণের দায়িত্ব থাকবে। বাদী সাক্ষী আনবে। সাক্ষীদের যোগ্যতা, সততা, প্রত্যক্ষ জ্ঞান, বক্তব্যের মিল—সব দেখা হবে। কাগজপত্র সহায়ক প্রমাণ হতে পারে, কিন্তু জাল করার সম্ভাবনা থাকায় তা একমাত্র প্রমাণ নয়।
◉ সাক্ষী-প্রমাণে অপরাধ প্রতিষ্ঠিত হলে বিচারক সিদ্ধান্ত দেবেন।
যদি কোনো সাক্ষী বা প্রমাণ না থাকে, তখন শপথের বিষয় আসতে পারে। শপথ ইসলামী ও সেকুলার উভয় ব্যবস্থাতেই গুরুত্বপূর্ণ। আসামী শপথ করলে তার পক্ষে রায় যেতে পারে; সে অস্বীকার করলে বাদীকে শপথ করতে বলা হতে পারে। তবে এগুলো একেবারে প্রমাণহীন পরিস্থিতির শেষ ধাপ।
আসামির right to silence বা চুপ থাকার অধিকার: হদ শাস্তির ক্ষেত্রে আসামী যদি স্বীকারোক্তি না দেয় বা চুপ থাকে, তাহলে কঠোর হদ কার্যকর না হয়ে তা তাজিরে চলে যেতে পারে। আবার টর্চার করে স্বীকারোক্তি আদায় করা যাবে না। সাক্ষীকে ক্রস-এক্সামিন করা যেতে পারে, কিন্তু, তা বিচারকের মাধ্যমে হওয়া উচিত; আইনজীবীদের কথার মারপ্যাঁচে সাক্ষীকে বিভ্রান্ত করার মাধ্যমে নয়।
আইনজীবী বা প্রতিনিধি রাখা যেতে পারে। কারণ সাধারণ মানুষ আইনশাস্ত্রের সূক্ষ্ম বিষয় জানে না। তবে আইনজীবী ঠিক কোন কাজে নিয়োগ করা হচ্ছে—ডিফেন্স, প্রতিনিধিত্ব, নির্দোষ প্রমাণের সহায়তা—তা স্পষ্ট হওয়া দরকার।
ICCPR বা অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে সই করলে অনেক রাষ্ট্র শরীয়াহ আইন বাস্তবায়নে বাধাগ্রস্ত হয়। কারণ এসব চুক্তি ধর্ম পরিবর্তনের স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, বাকস্বাধীনতা ইত্যাদিকে এমনভাবে ব্যাখ্যা করে, যা ইসলামী হদ শাস্তির সঙ্গে সংঘাতে পড়ে। পশ্চিমা আপত্তির মূল জায়গাগুলো হলো ব্যভিচার, মদ্যপান, মুরতাদ হওয়া এবং অপবাদ বা কজফের শাস্তি।
পশ্চিমা সমাজ ব্যক্তি স্বাধীনতার নামে মদ, ব্যভিচার, পর্নোগ্রাফি, ক্যাসিনো, পতিতালয় ও মাদক সংস্কৃতিকে রক্ষা করে। এগুলো বড় অর্থনৈতিক শিল্পে পরিণত হয়েছে। তাই ইসলামী আইনকে অমানবিক প্রমাণ করার জন্য মিডিয়া, গবেষণা, স্কলারশিপ ও আন্তর্জাতিক আইন ব্যবহার করা হয়। ব্যভিচার পরিবার, সন্তান ও সমাজকে ক্ষতিগ্রস্ত করে; মদ্যপান সহিংসতা, দুর্ঘটনা, স্বাস্থ্যক্ষতি ও অর্থনৈতিক ক্ষতির কারণ হয়; তাই সমাজ রক্ষার জন্য এসব নিয়ন্ত্রণে কঠোর আইন দরকার।
এই দীর্ঘ আলোচনার একেবারে সারকথা হলো - ইসলামী দণ্ডবিধি শুধু কঠোর শাস্তির তালিকা নয়; এর মধ্যে প্রমাণের কঠোর শর্ত, ভুক্তভোগীর অধিকার, বিচারকের বিবেচনা, ক্ষমার সুযোগ, দিয়াত, সামাজিক নিরাপত্তা এবং অপরাধ প্রতিরোধের দর্শন আছে। পশ্চিমা সমালোচনা অনেক সময় শুধু শাস্তির বাহ্যিক কঠোরতা দেখে, কিন্তু ইসলামী বিচারব্যবস্থার শর্ত, প্রক্রিয়া ও উদ্দেশ্য পুরোটা বোঝে না। ইসলামী দণ্ডবিধি শুধু কঠোর শাস্তির ব্যবস্থা না; বরং এটি সমাজে ন্যায়, ভয়, শৃঙ্খলা, ক্ষতিপূরণ, দ্রুত বিচার এবং জননিরাপত্তা প্রতিষ্ঠার ব্যবস্থা। হদ সমাজে ভয় তৈরি করে কিন্তু প্রমাণ কঠিন; কিসাস ইনসাফ, সমতা ও ক্ষতিপূরণ নিশ্চিত করে; আর তাজির বাস্তব বিচারপ্রক্রিয়ায় নমনীয় ও ব্যবহারিক ভূমিকা রাখে। সেকুলার বিচারব্যবস্থা দীর্ঘসূত্রতা, ম্যানিপুলেশন, ভুক্তভোগীকে উপেক্ষা, কারাদণ্ডের অকার্যকারিতা এবং অপরাধীর প্রতি অতিরিক্ত সহানুভূতির কারণে দুর্বল। ইসলামী বিচারব্যবস্থা দ্রুত, প্রকাশ্য, বিচারককেন্দ্রিক, ভুক্তভোগীকেন্দ্রিক এবং সমাজরক্ষামূলক।