Bangladesh Environment Protection Society - BEPS

Bangladesh Environment Protection Society - BEPS Protect our nature and environment for the better world

11/06/2025

#রচনা_প্রতিযোগিতা_২০২৫

❝বন্যা ও বাংলাদেশ:উওরণের উপায়❞

ভুমিকা :বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই ভূখণ্ডে অসংখ্য নদ-নদী, খাল বিল ও জলাশয় রয়েছে। পদ্মা, মেঘনা,যমুনা সহ অসংখ্য নদী এদেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদ-নদীর সৌন্দর্য যেভাবে প্রকৃতিকে ও মাটি উর্বর করে সেভাবে নদীগুলো ভয়নকর মনোমুগ্ধকর রূপ ধারণ করে বয়ে আনে বন্যা। বন্যার কারণে গ্রামের বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে। তাদের অনেকে আশ্রয়হীন হয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হয়। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে থাকে। ডায়রিয়া, টাইফয়েড, চর্মরোগ ও হেপাটাইটিসসহ পানিবাহিত রোগগুলোর প্রকোপ বৃদ্ধি পায় এ সময়।দেশের রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বন্যার কারণে বারবার থমকে যায়। নদীতীরবর্তী এলাকাগুলোতে বাড়িঘর, রাস্তা ও ব্রিজগুলোকে বন্যা প্রতিরোধী করে তৈরি করা প্রয়োজন । বন্যাকালীন ও বন্যা পরবর্তী সময়ে ত্রাণ কার্যক্রম পরিচালনায় আরও সমন্বিত ও দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করার বিকল্প নেই।

বাংলাদেশের ইতিহাসে বন্যা:
বন্যা সাধারণত মৌসুমী ঋতুতে হয়ে থাকে (জুন থেকে সেপ্টেম্বর)। প্রতিবছর বাংলাদেশের প্রায় ২৬,০০০ বর্গ কিলোমিটার এলাকা ১৮% বন্যায় প্লাবিত হয়। অতীতে বন্যা বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিশেষ করে ১৯৬৬, ১৯৮৮, ১৯৯৮, ২০০৪, ২০০৮, ২০১৭, ২০২২ ও ২০২৪ সালে। অর্থ্যাৎ দেখা যায়,২০০০ সালের পূর্ব পর্যন্ত প্রতি ১০ বছর পর বাংলাদেশে একটি বড় বন্যা হয়ে ছিল।

বাংলাদেশের বন্যার প্রধান কারণ ও তার প্রভাব:
বাংলাদেশের বিশেষ ভৌগলিক অবস্থান ও জলবায়ুর জন্য প্রায় প্রতিবছরই বন্যার সম্মুখীন হতে হয়।তাছাড়া মানবসৃষ্ট বহু কারণে বন্যা প্রভাব বেড়েই চলেছে। এর মধ্যে নদী দখল ও ভরাট,
বন উজাড় ও পাহাড় ধ্বংস অন্যতম কারণ। মৌসুমি বর্ষা ও ঘূর্ণিঝড়ের সময় অতিবৃষ্টি হয়ে নদ-নদীগুলোতে পানি বেড়ে যায়।ভারতের উজান থেকে যমুনা, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী দিয়ে বিপুল পরিমাণ পানি বাংলাদেশের দিকে আসে।বৈশ্বিক উষ্ণায়নের ফলে বরফ গলে পানি বাড়ছে এবং মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণ ও সময়ও অনিশ্চিত হয়ে উঠছে। বাংলাদেশের প্রায় ৭০% অঞ্চলই নিম্নভূমি হওয়ায় অল্প বৃষ্টিতেও পানি জমে থাকে ।

পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া :
বন্যায় রাস্তাঘাট প্লাবিত হয়ে যানবাহন চলাচল ব্যাহত হয়। ফলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। এতে জরুরি সেবা পৌঁছানো এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে যথেষ্ট সমস্যা হয় ।

বন্যা প্রতিরোধ ও ব্যবস্থাপনা:
বাংলাদেশ সরকার ও বিভিন্ন এনজিও বন্যা মোকাবেলায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। তবে তা এখনও পুরোপুরি কার্যকর হয়ে ওঠেনি।
অবকাঠামোগত ব্যবস্থা:
(১)উঁচু জায়গায় বাড়ি নির্মাণ করা।
(২)নদীর তীরবর্তী এলাকায় বেড়িবাঁধের বাইরে বাড়ি নির্মাণ করা উচিত নয়। সব সময় বাঁধের ভিতরে বাড়ি নির্মাণ করা উচিত।
(৩)নতুন জেগে উঠা চরে বসতবাড়ি নির্মাণ করলে বন্যা হলে অধিক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এতে সতর্ক থাকা প্রয়োজন।
(৪)ঘরের চারপাশে ঘন ঘন বাঁশ অথবা শক্ত কাঠের খুঁটি পুঁতে ঘের দিয়ে রাখা।
(৫)টিউবওয়েল উঁচু স্থানে স্থাপন করা বা প্রয়োজনবোধে তা উঁচু করার ব্যবস্থা করা।

বন্যা মোকাবেলায় মানুষের করণীয়:
(১)বন্যা মৌসুমে বাড়িতে সর্বদা কিছু চিড়া, মুড়ি, গুড় মজুদ করা।
(২)বাড়িতে বন্যার পানি উঠলে কোথায় আশ্রয় গ্রহণ করতে হবে বা মালপত্র স্থানান্তর করতে হবে তা পূর্বেই ঠিক করে রাখা।
(৩)গবাদিপশু মূল্যবান সম্পদ, রক্ষা করার ব্যবস্থা করা।
(৪)ছেলে-মেয়ে সবাইকে সাঁতার শিখা।
+৫)নৌকা থাকলে ব্যবহারযোগ্য করে রাখা।আপনার এলাকার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি / স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ রাখুন এবং তাদের পরামর্শ করা।
(৬)আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া।

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের করণীয়:
(১)বন্যার্তদের জন্য আশ্রয় কেন্দ্র তৈরি।
(২)শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওষুধ সরবরাহ।
(৩)ক্ষতিগ্রস্তদের জন্য কৃষি ও ব্যবসায়িক পুনর্গঠনে
সহযোগিতা।
(৪)বন্যার সময় বিভিন্ন রোগ প্রতিষেধক টিকা/ইনজেকশন এর ব্যবস্থা করা।
(৫)পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট/ফিটকিরির সাহায্যে বিশুদ্ধ করে ব্যবহার করার ব্যবস্থা।
(৬)যাতায়াতের জন্য নৌকার ব্যবস্থা।

প্রযুক্তি ও পূর্বাভাস :
(১)স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে বন্যার পূর্বাভাস দেওয়া৷
(২)মোবাইল ও গণমাধ্যমে বন্যা সতর্কবার্তা প্রচার।

দীর্ঘমেয়াদি পরিকল্পনা:
(১)টেকসই উন্নয়ন পরিকল্পনা।
(২)নদী ব্যবস্থাপনার সমন্বিত নীতি।
(৩)ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সাথে যৌথ পানি ব্যবস্থাপনা।

জনগণের করণীয়:
সরকারের পাশাপাশি জনগণেরও কিছু দায়িত্ব রয়েছে বন্যা মোকাবেলায়:
(১)প্লাস্টিক ও আবর্জনা নদীতে না ফেলা।
(২)বন্যার মৌসুমে খাদ্য ও ওষুধ মজুত রাখা।
(৩)নিজ এলাকা থেকে বন্যার পূর্বাভাস সংগ্রহ করা
পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা সৃষ্টি।

উপসংহার:
বাংলাদেশে বন্যা একটি অবশ্যম্ভাবী দুর্যোগ হলেও এর ধ্বংসযজ্ঞ হ্রাস করা সম্ভব। এজন্য প্রয়োজন সুদূরপ্রসারী পরিকল্পনা, সচেতনতা এবং কার্যকর বাস্তবায়ন। উন্নত প্রযুক্তি, বৈজ্ঞানিক গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে একটি দুর্যোগ সহনশীল দেশ হিসেবে গড়ে উঠতে পারে। বন্যার সময় যাতে ক্ষয়ক্ষতি কম হয় সেজন্য টেকসই অবকাঠামো তৈরি করা অত্যন্ত জরুরি। বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষিত লোকবল ও আধুনিক সরঞ্জাম নিশ্চিত করা জরুরি। প্রাকৃতিক দুর্যোগ বন্যা মোকাবিলায় সরকারের কার্যকরী উদ্যোগগুলোর পাশাপাশি বন্যাদুর্গত এলাকার মানুষের আবাসন, ফসল, যোগাযোগ, স্বাস্থ্যরক্ষাসহ নানাবিধ বিষয়ে সময়োপযোগী সচেতনতা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ।
"বন্যা সাফল্যের পথে বাধা নয়; এটি বিজয়ের পথে একটি চক্র মাত্র"

নাম:ওয়াসীকা বিনতে আলম।
শিক্ষা প্রতিষ্ঠান :ঢাকা সিটি কলেজ, ঢাকা।

11/06/2025

#রচনা_প্রতিযোগিতা_২০২৫
বন্যা ও বাংলাদেশ: উত্তরণের উপায়
‘We must build dikes of courage to hold back the flood of fear.’- Martin Luther King

১৯৫১, ১৯৫৪, ১৯৫৫, ১৯৫৬, ১৯৬২, ১৯৬৩, ১৯৬৬, ১৯৬৮, ১৯৭০, ১৯৭১, ১৯৭৪, ১৯৮৪, ১৯৮৭ ,১৯৮৮, ১৯৯৮, ২০০৪, ২০০৮, ২০১০, ২০১৭, ২০২২, ২০২৪- বন্যার সাথে তৎকালীন পূর্ব বাংলা তথা বাংলাদেশের যেনো রয়েছে এক অনুপম মিথস্ক্রিয়া। এই মিথস্ক্রিয়ার ক্ষতিকর প্রভাব বহন করেছে বাংলাদেশের প্রজম্ম থেকে প্রজম্ম-আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা……………।
বাংলাদেশে বন্যার ইতিহাস:
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথম ভয়াবহ বন্যা দেখা দেয় ১৯৭৪ সালে। এতে প্লাবিত হয় দেশের ৫৮% এলাকা। সরাসরি বন্যার কারণে মৃত্যু হয় ২,০০০ মানুষের। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ১৯৮৭ সালে আবারও বড় বন্যায় আক্রান্ত হয় দেশ। এবারে প্লাবিত হয় দেশের ৪০% এলাকা। ১৯৮৭ সালের বন্যায় ২,০৫৫ জন মানুষের মৃত্যু হয়। আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় ১০০ কোটি মার্কিন ডলার। দেশের ইতিহাসে ১৯৮৮ সালের বন্যাকে অন্যতম ভয়বহ বন্যা হিসেবে গণ্য করা হয়। এই বন্যায় বাংলাদেশের ৬১% এলাকা ডুবে যায়। এলাকাভেদে ১৫-২০ দিন পর্যন্ত স্থায়ী এই বন্যায় ২,০০০-৬,৫০০ জন মানুষের মৃত্যু হয়। ৪.৫ কোটি মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আর্থিক ক্ষতি হয় ১২০ কোটি মার্কিন ডলার। ১০ বছর পর ১৯৯৮ সালে আবারো বন্যার ঘটনা ঘটে। এতে দেশের ৬৭% এলাকা প্লাবিত হয়। এই বন্যা ২ মাসেরও বেশি সময় ধরে স্থায়ী হয়। বন্যায় মারা যান ১,১০০ জন মানুষ। ৩ কোটি মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আর্থিক ক্ষতি হয় ২৮০ কোটি মার্কিন ডলার। দেশের ৩৮% এলাকায় ফের বন্যা দেখা দেয় ২০০৪ সালে। এই বন্যায় মৃত্যু হয় ৭০০ জনের। ক্ষতিগ্রস্ত হন ৩৮ লক্ষ মানুষ। আর্থিক ক্ষতি হয় ৬৬০ কোটি মার্কিন ডলার। দেশের ৩২টি জেলা ২০১৭ সালে বন্যায় আক্রান্ত হয়। মৃত্যু হয় ১৪৫ জনের। ১ লক্ষ ঘরবাড়ি ধ্বংস হয়। ক্ষতিগ্রস্ত হন ৮০ লক্ষ মানুষ। ২০২৪ সালের বন্যায় প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সাত হাজার ৭২২ কিলোমিটার রাস্তা এবং এক হাজার ১০১টি ব্রিজ ও কালভার্ট। ফসলে ক্ষতি সাড়ে ৪৫১ কোটি টাকা, প্রাণিসম্পদের ক্ষতি প্রায় ৪০০ কোটি টাকা এবং মৎস্য খাতে ২৮ কোটি টাকা ক্ষতি হয়েছে।
বাংলাদেশে বন্যার কারণ:
প্রাকৃতিক কারণ-
 উজানে প্রচুর বৃষ্টি
 ভৌগোলিক অবস্থান
 মৌসুমি জলবায়ুর প্রভাব
 পর্বতের বরফগলা পানিপ্রবাহ
মানবসৃষ্ট কারণ-
 নদী অববাহিকায় ব্যাপক বৃক্ষ কর্তন
 বিভিন্ন নদীতে নির্মিত বাঁধ
 অপরিকল্পিত নগরায়ণ
বন্যার প্রভাব থেকে উত্তরণের উপায়:
 নদীগুলোর নিয়মিত ড্রেজিং বা পলি অপসারণের মাধ্যমে পানি প্রবাহের সঠিক ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এতে নদীর গভীরতা বজায় থাকবে এবং অতিরিক্ত পানি সহজেই প্রবাহিত হতে পারবে।
 নদীগুলোর আশেপাশে পরিকল্পিত বাঁধ নির্মাণ ও সেচ ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে বন্যার ক্ষতি কমানো সম্ভব।
 বন্যারোধে পার্বত্য ও নদী অববাহিকায় বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া উচিত। এতে মাটির ক্ষয়রোধ হবে এবং পানি ধারণ ক্ষমতা বাড়বে।
 আধুনিক স্যাটেলাইট প্রযুক্তির সাহায্যে বন্যার আগে সতর্কবার্তা প্রদান করা গেলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
 দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষিত লোকবল ও আধুনিক সরঞ্জাম নিশ্চিত করা জরুরি।
 প্রাকৃতিক দুর্যোগ বন্যা মোকাবিলায় সরকারের কার্যকরী উদ্যোগগুলোর পাশাপাশি বন্যাদুর্গত এলাকার মানুষের আবাসন, ফসল, যোগাযোগ, স্বাস্থ্যরক্ষাসহ নানাবিধ বিষয়ে সময়োপযোগী সচেতনতা তৈরি করতে হবে।
 বন্যাপ্রবণ এলাকাগুলোতে জরুরি আশ্রয়কেন্দ্র তৈরি করতে হবে। এসব আশ্রয়কেন্দ্র মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
 জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং বৈশ্বিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তাই বলা যায় যে, আমাদের সামষ্টিক ঐক্য ও সচেতনতাই পারে বন্যায় ক্ষয়ক্ষতি শীর্ষক শব্দটিকে জাদুঘরে স্থান করিয়ে দিতে।

নাম-মোঃ রায়হান পারভেজ
ঠিকানা-১৫০৬, ভাটিখানা, ওয়ার্ড নং ০৩, বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল।
বিভাগ-গ

01/06/2025

বন্যা ও বাংলাদেশ: উত্তরণের উপায়

ভূমিকা:

বাংলাদেশ, নদীমাতৃক এক কোলে তার অপরূপ সৌন্দর্য নিহিত রেখেছে। বাংলার মাটিকে কোলড়ে আবহাওয়ায় ভিজিয়ে দেয় শীত–বর্ষা–গ্রীষ্মের সুর, আর নদীবুকে বাঁধা জলধারার মৃদু সুরে বয়ে যায় প্রাণের স্ফূর্তি। হঠাৎই যখন স্পর্শ করে বৃষ্টির অমিত বিক্রম, তখন নদীগুলো ডানা মেলে বন্যার রূপ ধরে, বুকে অগণিত আক্ষেপ ও কষ্ট কুড়িয়ে আনে।

বন্যার মূলে: প্রকৃতি ও মানবসৃষ্ট কারণ:

বাংলাদেশে বন্যার কারণগুলো যেমন প্রাকৃতিক, তেমনি মানুষের হাতে সৃষ্ট।

প্রকৃতির খেলা:হিমালয়ের বরফগলা পানি, মে-সেপ্টেম্বরে বঙ্গোপসাগরীয় মৌসুমি বায়ুর প্রভাবে ৭০% বৃষ্টিপাত, এবং পদ্মা-মেঘনা-ব্রহ্মপুত্রের সম্মিলিত স্রোতধারা।

মানবের ভুল: নদীখেকোদের দখলদারিত্ব, ভরাট হাওর-বিল-খাল, অপরিকল্পিত বাঁধ, এবং জলাধার ধ্বংস করে অট্টালিকা গড়ে তোলা।

জলবায়ু বিপর্যয়: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও অনিয়মিত বৃষ্টিপাতের মতো জলবায়ু পরিবর্তনের প্রভাব।

বন্যার ছোবল: জীবন ও প্রকৃতির উপর প্রভাব:

বন্যা কেবলই জলমগ্নতার গল্প নয়, এটি এক বহুমাত্রিক সংকট:

জীবন বিপন্নতা: প্রতি বছর গড়ে ২০-৩০% এলাকা প্লাবিত হয়, বাস্তুচ্যুত হন ৫০ লাখেরও বেশি মানুষ, শিশু ও বৃদ্ধদের মৃত্যুঝুঁকি বাড়ে।

কৃষির মৃত্যুঘণ্টা:আমন ধানসহ প্রধান ফসলের ৩০-৪০% ক্ষতি, যা খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে।

অর্থনীতির ক্ষত: বার্ষিক প্রায় ১-২ বিলিয়ন ডলার ক্ষতি, যা জিডিপির ২-৩%।

স্বাস্থ্যঝুঁকি; ডায়রিয়া, টাইফয়েড, স্ক্যাবিসের মতো রোগের প্রাদুর্ভাব বাড়ে।

উত্তরণের কৌশল: প্রাচীন জ্ঞান থেকে আধুনিক প্রযুক্তি:


বন্যা মোকাবিলায় বাংলাদেশকে একইসাথে প্রাচীন অভিজ্ঞতা ও ডিজিটাল নবযুগের সমন্বয় করতে হবে:

১. নদী পুনর্জীবন ও প্রকৃতির সাথে সমঝোতা:

*নদী খনন: ড্রেজিং করে নদীর গভীরতা ফিরিয়ে আনা এবং পলি ব্যবস্থাপনার মাধ্যমে নদীর প্রাণ ফিরিয়ে দেওয়া।
*প্রাকৃতিক বাফার জোন: হাওর, বিল, ও খাল পুনরুদ্ধার করে জলাধার তৈরি। মুন্সিগঞ্জের “ভাসমান বেড” বা সিলেটের “হাওর ব্যবস্থাপনা” এর উজ্জ্বল উদাহরণ।

২. জলবায়ু-সহিষ্ণু অবকাঠামো:

*নেদারল্যান্ডস মডেল অনুসরণ: উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় সেন্টার, উঁচু বাঁধ, এবং ভাসমান বাড়ি নির্মাণ।

*স্মার্ট কৃষি:ভাসমান ধানচাষ (যেমন: গোপালগঞ্জের “ধাপা পদ্ধতি”), লবণসহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন।

৩. প্রযুক্তি ও ডেটাভিত্তিক সমাধান:

*বন্যা পূর্বাভাস পদ্ধতি: স্যাটেলাইট ডেটা, আইওটি সেন্সর, এবং এআই ব্যবহার করে বন্যার গতিপথ নির্ণয়।

*ডিজিটাল ম্যাপিং: জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) দিয়ে দুর্বল এলাকা চিহ্নিতকরণ।

৪. জনগণের ক্ষমতায়ন-
স্থানীয় নেতৃত্ব: “চর কাঁকনির মডেল”-এর মতো স্থানীয় বন্যা কমিটি গঠন করে দ্রুত সাড়াদান ব্যবস্থা।

*সচেতনতা কার্যক্রম: স্কুল-কলেজে বন্যা ব্যবস্থাপনা কারিকুলাম অন্তর্ভুক্ত করা।

৫. আন্তঃসীমান্ত ও বৈশ্বিক সহযোগিতা:
নদী কূটনীতি: ভারত, নেপাল, ভুটানের সাথে গঙ্গা-ব্রহ্মপুত্র নদী কমিশন জোরদার করা।

*গ্রিন ফাইন্যান্স: জলবায়ু তহবিল (GCF) ও বিশ্বব্যাংকের অর্থায়নে টেকসই প্রকল্প বাস্তবায়ন।

উপসংহার: প্রকৃতির সাথে যুদ্ধ নয়, সহাবস্থান:


বন্যা বাংলাদেশের জন্য একইসাথে নিয়তি এবং একটি চ্যালেঞ্জ যা মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। প্রাচীন কাল থেকে বাঙালি বন্যার সাথে যুদ্ধ করে টিকে আছে—এবার প্রয়োজন বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা ও বৈশ্বিক অংশীদারিত্ব। “ফ্লোটিং বাংলাদেশ” বা “জলবায়ু অভিযোজন”-এর মতো ধারণাগুলোই পারে বন্যাকবলিত এই দেশটিকে বিশ্বের কাছে রোল মডেলে পরিণত করতে। মনে রাখতে হবে, বন্যা শুধু ধ্বংসই আনে না—এটি মাটিকে উর্বর করে, নতুন সম্ভাবনার দ্বারও খোলে। প্রকৃতির রুদ্র রূপকে মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে টেকসই ভবিষ্যতের দিকে।

নাম: আল হাজরামী নাবিল

এমবিবিএস ২য় বর্ষ,
ফরিদপুর মেডিকেল কলেজ।
খ গ্রুপ।

01/06/2025

#রচনা_প্রতিযোগিতা_২০১৫

বন্যা ও বাংলাদেশ: উত্তরনের উপায়

🔵ভূমিকা
বাংলাদেশে প্রতি বছর বন্যার তাণ্ডব যেন এক অবধি চলতে থাকা মহাকাব্য। নদীগুলোর প্রতি অনিয়মিত আচরণ, ভারী বর্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব আমাদের প্রতিনিয়ত সংকটে ফেলছে। দেশটির বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের হৃদয়বিদারক কাহিনীসমূহ একটি দুঃখজনক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। যেখানেই যাই, সেখানেই বন্যার কষ্ট—ঘর হারানো মানুষের আহাজারি, কৃষি ফসলের ধ্বংস, অর্থনৈতিক বিপর্যয়, এবং স্বাস্থ্যঝুঁকি! তবে এই দুর্যোগের মধ্যেও আশা আছে, সঠিক উদ্যোগ ও কৌশল অনুসরণ করে বাংলাদেশ বন্যার ক্ষতির পরিমাণ কমাতে পারে এবং এক বিপজ্জনক ভবিষ্যৎ থেকে মুক্তি পেতে পারে।

🔵 বাংলাদেশের প্রেক্ষাপটে বন্যার কারণ

১. প্রাকৃতিক ভৌগোলিক অবস্থান: বাংলাদেশের তিনটি প্রধান নদী—গঙ্গা, যমুনা ও মেঘনা—এর মিলনস্থলে অবস্থিত হওয়া সত্ত্বেও, প্রতি বছর দেশের অন্তর্গত নদীগুলোর গতিপথের পরিবর্তন, ভারী বর্ষণ এবং উজানের পানি বৃদ্ধির কারণে বন্যার পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে।

২. ভারী বর্ষণ ও জলবায়ু পরিবর্তন: আমাদের দেশে বার্ষিক গড় বৃষ্টিপাত ২,২০০ মিমি, যা কখনও কখনও ৫,০০০ মিমি ছাড়িয়ে যায়। জলবায়ু পরিবর্তনের ফলে এটি আরও অনিয়মিত ও প্রবল হয়ে উঠছে।

৩. নদীর তলদেশে পলি জমা ও দখল: নদীগুলোর তলদেশে প্রতি বছর প্রায় ২ বিলিয়ন টন পলি জমা হয়, যার ফলে নদীর পানি ধারণক্ষমতা কমে যায়। ফলে, সামান্য বৃষ্টিপাতেই বড় ধরনের বন্যা দেখা দেয়।

৪. নগরায়ণ ও ড্রেনেজ সংকট: রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরের অপরিকল্পিত নগরায়ণ এবং ড্রেনেজ সিস্টেমের অপ্রতুলতা বন্যার অন্যতম প্রধান কারণ।

🔵 বন্যার প্রভাব:
বন্যার কারণে প্রভাবিত হয় মানবিক জীবন, অর্থনীতি, কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্য।
• মানবিক ক্ষয়ক্ষতি: প্রতি বছর গড়ে ২০০-৩০০ জন মানুষ বন্যায় প্রাণ হারায়, এবং লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়ে।
• অর্থনৈতিক ক্ষতি: ২০২০ সালের বন্যার ফলে প্রায় ৭৫,০০০ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়।
• শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিপর্যয়: স্কুল-কলেজ বন্ধ থাকে, পানিবাহিত রোগের প্রকোপ বাড়ে।
• খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে: ফসল, বিশেষত ধান, শাকসবজি, মাছ—এগুলি বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়।
এছাড়াও প্রতিটি সেক্টরেই বন্যার প্রভাব খুব ই বাজেভাবে প্রতীয়মান হয়।

🟦 বন্যা থেকে উত্তরণের উপায়:

💠বন্যা প্রশমন কৌশল (Mitigation Strategies)

✅ দীর্ঘমেয়াদী নদী খনন
নদীর খনন নিয়মিতভাবে করা উচিত, যেমন বুড়িগঙ্গা, কর্ণফুলী, তিস্তা নদীতে। পানি উন্নয়ন বোর্ড (BWDB)-এর ডেটা অনুসারে, ১৯৯১-২০২০ পর্যন্ত নদী খননের গড় হার মাত্র ৩%। তবে, উন্নত প্রযুক্তি ও বরাদ্দ বাড়িয়ে নদী খননের কাজ জরুরি।

✅ টেকসই বাঁধ ও নদীতীর সংরক্ষণ
নদী তীরবর্তী এলাকায় বাঁধ নির্মাণ ও নদী সংরক্ষণে উন্নত প্রযুক্তি ব্যবহার জরুরি, বিশেষত কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুরের মতো এলাকাগুলোতে।

✅ আন্তর্জাতিক পানি কূটনীতি
ভারতের সাথে যৌথ নদী কমিশনের মাধ্যমে পানির সুষ্ঠু বণ্টন ও তথ্য আদান-প্রদান বাড়াতে হবে। তিস্তা চুক্তি এখনো ঝুলে আছে, যা বাংলাদেশের উত্তরাঞ্চলের জন্য বড় ক্ষতির কারণ।

✅ ডিজিটাল ফ্লাড ম্যাপিং ও ডেটা শেয়ারিং
GIS ও রিমোট সেনসিংয়ের মাধ্যমে আগাম ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা এবং ডেটা শেয়ার করা একটি কার্যকর সমাধান হতে পারে।

💠অভিযোজন কৌশল (Adaptation Strategies)

✅ অভিযোজিত কৃষি চাষ
বন্যা সহনশীল ফসল, যেমন BRRI dhan51 এবং BRRI dhan52 চাষ করতে কৃষকদের সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া জরুরি।

✅ ভাসমান কৃষি (Floating Agriculture)
বরিশাল, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জে পানির ওপর ভেলাতে চাষ করা হয়, যা বন্যাকালে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে।

✅ দুর্যোগ সহনশীল অবকাঠামো
বন্যা উপযোগী ঘরবাড়ি এবং উঁচু স্থানে স্কুল ও আশ্রয়কেন্দ্র নির্মাণ করা প্রয়োজন।

✅ Early Warning System (EWS)
Flood Forecasting App এবং অন্যান্য সতর্কতা ব্যবস্থা আরও বিস্তৃতভাবে প্রচার করতে হবে।

আন্তর্জাতিক সম্পর্কের আলোকে: রিয়ালিজম এবং লিবারালিজম আন্তর্জাতিক সম্পর্কের দুইটি মূল তত্ত্ব, যা একে অপরের থেকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্ব রাজনীতি ব্যাখ্যা করে।
• রিয়ালিজম: রিয়ালিজমের মতে, আন্তর্জাতিক সম্পর্ক মূলত ক্ষমতার দ্বন্দ্ব এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে পরিচালিত হয়। রিয়ালিজমের আওতায়, এই সম্পর্কের মূল লক্ষ্য হলো শক্তির ভারসাম্য বজায় রাখা এবং একে অপরের শক্তিকে নিরপেক্ষ করা। তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থানও রিয়ালিস্ট দৃষ্টিকোণ থেকে এইভাবে ব্যাখ্যা করা যায়—বাংলাদেশ ভারতের সাথে তার পানি সংক্রান্ত স্বার্থের জন্য আলোচনায় অটল, কারণ তার জাতীয় স্বার্থে পানি বণ্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

• লিবারালিজম: লিবারালিজমের মতে, আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে সহযোগিতা, আইন, প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক সম্পর্কের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। লিবারালিজমের দৃষ্টিকোণ থেকে, বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বন্যা প্রশমনে সাহায্য পেতে পারে, যেমন আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলি (বিশেষত UNDP বা বিশ্বব্যাংক) Bangladesh’s flood management initiatives।

🌊উপসংহার:
বন্যা বাংলাদেশের এক চিরন্তন চ্যালেঞ্জ, কিন্তু সঠিক প্রশমন ও অভিযোজন কৌশল প্রয়োগ করে এর ভয়াবহতা কমানো সম্ভব। নদী খনন, টেকসই বাঁধ নির্মাণ, এবং আন্তর্জাতিক পানি কূটনীতি যেমন প্রয়োজন, তেমনি বন্যা সহনশীল কৃষি, ভাসমান চাষ, ও উন্নত আগাম সতর্কতা ব্যবস্থার মতো অভিযোজন কৌশলও অপরিহার্য। রিয়ালিজম ও লিবারালিজম উভয় আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্বের আলোকে, জাতীয় স্বার্থ রক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ বন্যার বিরুদ্ধে লড়াইয়ে সফলতা অর্জন করতে পারে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা এক দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়তে সক্ষম হব।
"প্রকৃতির ওপর নিয়ন্ত্রণ সম্ভব নয়, তবে তার সঙ্গে সহাবস্থান করে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব।"

জাহিন
ঢাকা বিশ্ববিদ্যালয়
খ বিভাগ

01/06/2025

#রচনা_প্রতিযোগিতা_২০২৫

বন্যা ও বাংলাদেশ : উত্তরণের উপায়

ভূমিকা:
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং জলবায়ুর কারণে প্রায় প্রতি বছরই দেশটিকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়। এ ধরনের দুর্যোগের মধ্যে অন্যতম হলো বন্যা। বন্যা বাংলাদেশের একটি প্রায়শই ঘটে যাওয়া দুর্যোগ, যা দেশের অর্থনীতি, কৃষি, পরিবেশ, এবং মানুষের জীবনে বড় ধরনের ক্ষতি বয়ে আনে। বাংলাদেশের অবস্থানগত কারণেই সম্পূর্ণভাবে বন্যা প্রতিরোধ করা সম্ভব নয়, তবে পূর্বসতর্কতা অবলম্বন করে এবং সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যেতে পারে।

বাংলাদেশে বন্যার সংক্ষিপ্ত ইতিহাস:
বাংলাদেশে বন্যার ইতিহাস অনেক পুরনো। প্রতিনিয়তই দেশের কোনো না কোনো অঞ্চলে ছোট-বড় বন্যা দেখা দেয়। গত ৭০ বছরে প্রায় ৩০টিরও বেশি বড় ধরনের বন্যা সংঘটিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ১৯৭৪, ১৯৮৮, ১৯৯৮, ২০০৪, এবং ২০১৭ সালের বন্যা। এই বন্যাগুলোর প্রতিটিতেই দেশের অনেকাংশ প্লাবিত হয়েছে এবং মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে ১৯৮৮ এবং ১৯৯৮ সালের বন্যা ছিল সবচেয়ে ভয়াবহ, যা দেশের ৬০-৭০ শতাংশ অঞ্চলকে প্লাবিত করেছিল এবং লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছিল।

বন্যার কারণ ও প্রভাব
বন্যার প্রধান: কারণগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: প্রাকৃতিক কারণ এবং কৃত্রিম কারণ।

প্রাকৃতিক কারণ
১. ভৌগোলিক অবস্থান বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় নদীগুলোর মধ্যে তিনটি- পদ্মা, মেঘনা, এবং ব্রহ্মপুত্রের অববাহিকায় অবস্থিত। এই নদীগুলোর অববাহিকায় অবস্থিত হওয়ার কারণে প্রতি বছরই প্রচুর পরিমাণে পানি নেমে আসে, যা বন্যার সৃষ্টি করে।

২. অতিবৃষ্টি: জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গেছে। বিশেষ করে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে নদীগুলোর পানি ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে যায় এবং পানি উপচে পড়ে, যা বন্যার কারণ হয়ে দাঁড়ায়।

৩.হিমালয়ের বরফ গলা: প্রতিবছর হিমালয় পর্বতের বরফ গলে প্রচুর পানি নদীতে নেমে আসে। এই পানি পদ্মা, মেঘনা, এবং ব্রহ্মপুত্রের পানির স্তর বাড়িয়ে তোলে, যা বন্যার সৃষ্টি করে।

কৃত্রিম কারণ

১. নদীর উপর বাঁধ নির্মাণ: বাংলাদেশে এবং পার্শ্ববর্তী দেশে বিভিন্ন বাঁধ নির্মাণ করা হয়েছে, যা নদীগুলোর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে। এর ফলে নদীর তলদেশে পলি জমে, যা পানির প্রবাহকে বাধাগ্রস্ত করে এবং বন্যার প্রকোপ বাড়ায়।

২. অরণ্য নিধন: বনাঞ্চল ধ্বংসের ফলে বৃষ্টির পানি সহজে মাটিতে প্রবাহিত হয়ে নদীতে চলে আসে। বনাঞ্চল না থাকায় পানি শোষণ ক্ষমতা কমে যায়, ফলে নদীর পানির স্তর দ্রুত বৃদ্ধি পায় এবং বন্যার সৃষ্টি হয়।

৩. ফারাক্কা বাঁধ: ভারতের পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের নদীগুলোর পানির প্রবাহ নিয়ন্ত্রিত হচ্ছে। বর্ষাকালে অতিরিক্ত পানি ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশে প্রবেশ করে, যা বন্যার সৃষ্টি করে।

বন্যার প্রভাব:

বাংলাদেশে বন্যার প্রভাব খুবই গুরুতর। বিশেষ করে দেশের অর্থনীতি, কৃষি, পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য এবং মানুষের জীবনে বন্যার দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে।
১. অর্থনৈতিক ক্ষতি: বন্যায় ফসল নষ্ট হয়ে যায়, ঘরবাড়ি ধ্বংস হয়, এবং অনেক মানুষের জীবিকা হারাতে হয়। এর ফলে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ে।
২. কৃষি: বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি কৃষি। বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়, যা খাদ্য সংকটের কারণ হয়ে দাঁড়ায়।
৩. পরিবহন ব্যবস্থা: বন্যায় রাস্তাঘাট, ব্রিজ, এবং রেলপথ ভেঙে পড়ে। ফলে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে এবং দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্য বাধাগ্রস্ত হয়।

বাংলাদেশে বন্যা প্রতিরোধের উপায়

বন্যা প্রতিরোধের জন্য কিছু কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। যদিও প্রাকৃতিক কারণের জন্য বন্যা সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব নয়, তবে পূর্বপ্রস্তুতি এবং সঠিক পদক্ষেপের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যেতে পারে।

১. নদী খনন: দেশের প্রধান নদী এবং শাখানদীগুলো খনন করতে হবে, যাতে বৃষ্টির অতিরিক্ত পানি সহজেই নিষ্কাশিত হতে পারে এবং নদীর প্রবাহ বাধামুক্ত থাকে।

২. বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ: বন্যা নিয়ন্ত্রণে নতুন বাঁধ নির্মাণ এবং পুরনো বাঁধগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ করতে হবে। বিশেষ করে নদীগুলোর তীর বরাবর শক্তিশালী বাঁধ তৈরি করতে হবে।

৩. অরণ্য সংরক্ষণ: দেশের বনাঞ্চল সংরক্ষণ করতে হবে এবং নতুন বনায়নের ব্যবস্থা করতে হবে। বনাঞ্চল বৃষ্টির পানি শোষণ করতে সাহায্য করে এবং পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে।

বন্যার সময় করণীয়

বন্যার সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করলে অনেক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব।
১. পূর্বাভাস এবং সতর্কবার্তা: বন্যার পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় দ্রুত সতর্কবার্তা পাঠাতে হবে, যাতে মানুষ প্রস্তুতি নিতে পারে।
২. ত্রাণ কার্যক্রম: বন্যাকবলিত এলাকায় দ্রুত ত্রাণ সামগ্রী পাঠাতে হবে, বিশেষ করে খাদ্য, পানি, ওষুধ, এবং পোশাক সরবরাহ করতে হবে।
৩. স্বাস্থ্য সেবা: বন্যাকবলিত এলাকায় দ্রুত স্বাস্থ্য সেবা পৌঁছাতে হবে, যাতে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব রোধ করা যায়।

উপসংহার

বাংলাদেশে বন্যা একটি সাধারণ ঘটনা, তবে সঠিক পদক্ষেপ নিলে এর ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। সরকার, স্থানীয় প্রশাসন, এবং জনগণের সমন্বিত প্রচেষ্টায় বন্যা মোকাবিলা করা সম্ভব। বন্যার প্রভাব কমাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি।

নাম: প্রহর সিংহ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ।
বিভাগ: ক

01/06/2025

#রচনা_প্রতিযোগিতা_২০২৫

“বন্যা ও বাংলাদেশ: উত্তরণের উপায়”

♦️উপস্থাপনা:

“আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
—[আমাদের ছোট নদী: রবীন্দ্রনাথ ঠাকুর]

রবীন্দ্রনাথ ঠাকুরের এ কবিতাই বলে দেয় নদীমাতৃক বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে নদীর গভীর ও অন্তরঙ্গ সম্পর্ক। এ সম্পর্ক যেন শ্বাসপ্রশ্বাসের মতো—জীবিকা, সংস্কৃতি ও প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এই প্রিয় নদীই বর্ষার মৌসুমে যখন রুদ্ররূপ ধারণ করে, তখন তা হয়ে ওঠে ভয়াবহ বন্যা—ভাসিয়ে নিয়ে যায় ঘরবাড়ি, ফসল, স্বপ্ন ও নিরাপত্তা। তখন এই নদী যেন চিরচেনা বন্ধুর মুখোশ ছুঁড়ে ফেলে, পরিণত হয় বাঙালির এক মর্মান্তিক বাস্তবতার প্রতিচ্ছবিতে।

এই প্রবন্ধে আমরা বন্যার কারণ, প্রভাব ও উত্তরণের পথ খুঁজে দেখার চেষ্টা করব, যাতে ভবিষ্যতের বাংলাদেশ হতে পারে আরও নিরাপদ ও টেকসই।

♦️বাংলাদেশে বন্যার পরিসংখ্যান ও ভয়াবহতা:

বাংলাদেশে প্রায় প্রতি বছরই ছোট-বড় বন্যা ঘটে থাকে। বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২০২০ সালের তথ্যমতে, প্রতি বছর গড়ে ২৫%-৩৫% এলাকা বন্যাকবলিত হয়, আর বড় ধরনের বন্যায় তা ৬০%-এর বেশি এলাকায় ছড়িয়ে পড়ে। বিগত শতকে ১৯৮৮, ১৯৯৮, ২০০৪ ও ২০১৭ সালের বন্যা ছিল সবচেয়ে ভয়াবহ। ১৯৯৮ সালের বন্যায় দেশের ৬৮% অঞ্চল পানির নিচে চলে গিয়েছিল। তখন প্রায় ৩ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ২০২০ সালেও দীর্ঘস্থায়ী বন্যায় ৩০টির বেশি জেলা প্লাবিত হয়েছিল। সর্বশেষ ২০২৪ সালের বন্যায় দেশের প্রায় ১১ টি জেলা প্লাবিত হয়। জলবায়ু পরিবর্তন, অতিবৃষ্টি এবং নদ-নদীর নাব্য হ্রাস পাওয়ায় বন্যার মাত্রা ক্রমেই বাড়ছে।

♦️বাংলাদেশে বন্যার কারণ

বাংলাদেশে বন্যা একটি বার্ষিক ও প্রায় স্বাভাবিক দুর্যোগ, যার পেছনে রয়েছে ভৌগোলিক বৈশিষ্ট্য, জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট নানা কারণ। দেশের নদীমাতৃক স্বভাব ও নিম্নভূমি চরিত্র, বিশেষ করে বর্ষাকালে উজানের পানি ও অতিবৃষ্টির কারণে নদীগুলো প্লাবিত হয়ে যায়। জলবায়ু পরিবর্তনের ফলে ঘন ঘন মৌসুমি ঝড়, ভারী বৃষ্টিপাত ও দীর্ঘস্থায়ী নিম্নচাপ বন্যার প্রবণতা বাড়ায়। নদ-নদীর নাব্যতা হ্রাস পেলে পানিপ্রবাহ ব্যাহত হয় এবং প্লাবন ত্বরান্বিত হয়। পাশাপাশি ভারতের অভ্যন্তরীণ বাঁধ থেকে হঠাৎ পানি ছাড়াও বাংলাদেশের বন্যা পরিস্থিতি তীব্র হয়। কারণগুলো এককথায়:
১. ভূগোল ও নদীনির্ভরতা
২. অতিরিক্ত বৃষ্টিপাত ও জলবায়ু পরিবর্তন
৩. নদ-নদীর নাব্যতা হ্রাস
৪. উজানের পানি নেমে আসা ও আন্তর্জাতিক প্রভাব

♦️বন্যার প্রকৃতি ও ধরণ:

বাংলাদেশে বন্যার প্রকৃতি অঞ্চলভেদে ভিন্ন হয়ে থাকে। তবে মোটাদাগে, বন্যার ৪ টি ধরণ দেখা যায়: বর্ষাকালীন বন্যা,নদী ভাঙ্গন সংক্রান্ত বন্যা, জলোচ্ছ্বাস বা উপকূলীয় বন্যা এবং আকস্মিক বন্যা। বর্ষাকালে অতিভারী বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি উপচে পড়ে সাধারণ বন্যা ঘটে। নদীভাঙন, নদীর গতিপথ পরিবর্তন ও নাব্যতা হ্রাসের ফলে কিছু এলাকায় আকস্মিক প্লাবন হয়। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে জলের প্রবল ঢেউ বয়ে আনে উপকূলীয় বন্যা। এছাড়া সিলেট ও পার্বত্য অঞ্চলে পাহাড়ি ঢলে হঠাৎ বন্যাও দেখা যায়। এইসব বৈচিত্র্যপূর্ণ প্রভাবই বাংলাদেশের বন্যাকে বহুমুখী ও জটিল করে তুলেছে।

♦️বন্যার প্রভাবে ক্ষতির দিকসমূহ:

বাংলাদেশে প্রায় প্রতি বছর বন্যা কৃষি, অবকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে বিপর্যয় ডেকে আনে। ১৯৯৮ সালের ভয়াবহ বন্যায় দেশের ৬৮% এলাকা প্লাবিত হয়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৩ কোটি মানুষ এবং লাখ লাখ হেক্টর জমির ফসল ধ্বংস হয়। সাম্প্রতিক ২০২৪ সালের বন্যায় ৩.৩৯ লক্ষ হেক্টর ফসলি জমি ও অবকাঠামোগত খাতে ৪,৬০০ কোটি টাকার ক্ষতি হয় (CPD, 2024)। ঘরবাড়ি ক্ষতি হয় ২,৪০০ কোটি টাকার বেশি। স্বাস্থ্যঝুঁকির দিক থেকে ৩ লাখ টয়লেট ও ১.৬ লাখ পানির উৎস ধ্বংস হয় (UNICEF, 2024)। শিক্ষা ক্ষেত্রে প্রায় ৭,০০০ বিদ্যালয় বন্ধ থাকে ও ১৭ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয় (UN OCHA, 2024)। এছাড়া প্রায় ৫ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেয়। এসব পরিসংখ্যান বন্যার বহুমাত্রিক বিপর্যয়কে স্পষ্টভাবে তুলে ধরে।

♦️উত্তরণের পথ ও করণীয়:
বাংলাদেশে বন্যা একটি বাস্তবতা হলেও এর ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব। এজন্য প্রয়োজন বন্যা মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা, পরিবেশবান্ধব অবকাঠামো ও আঞ্চলিক সহযোগিতা । প্রথমত, নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে নিয়মিত ড্রেজিং, দখলমুক্তকরণ ও নদী পুনরুদ্ধার জরুরি। দ্বিতীয়ত, প্রাকৃতিক জলাভূমি, হাওর-বিল সংরক্ষণ ও বৃক্ষরোপণ করে জলধারণ ক্ষমতা বাড়াতে হবে। তৃতীয়ত, ভূগোলভিত্তিক গবেষণানির্ভর টেকসই বাঁধ ও আগাম সতর্কবার্তা প্রযুক্তি ব্যবহার করে বন্যা নিয়ন্ত্রণ করা যেতে পারে। সর্বশেষ, আন্তর্জাতিক নদীর পানিবণ্টনে ভারতের সাথে ন্যায্য সমঝোতা, চুক্তির বাস্তবায়ন ও আঞ্চলিক সহযোগিতা শক্তিশালী করাও বন্যা নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পদক্ষেপ গ্রহণই পারে বাংলাদেশের বার্ষিক বন্যা সমস্যার কার্যকর ও দীর্ঘমেয়াদি সমাধান দিতে।

♦️উপসংহার

বাংলাদেশের জীবনধারার সঙ্গে নদী যেমন গভীরভাবে যুক্ত, তেমনি বন্যাও হয়ে উঠেছে একটি চরম বাস্তবতা। জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট সমস্যার ফলে এই দুর্যোগ ক্রমেই ঘন ঘন ও ভয়াবহ হয়ে উঠছে। তাই কেবল তাৎক্ষণিক ত্রাণ নয়, প্রয়োজন টেকসই ও পরিকল্পিত বন্যা ব্যবস্থাপনা। প্রকৃতির সাথে সহাবস্থান রক্ষা করেই গড়ে তুলতে হবে একটি নিরাপদ ও দুর্যোগ-সহনশীল বাংলাদেশ।

নাম : অলিউল্লাহ মুহিত
স্নাতক দ্বিতীয় বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়
“খ গ্রুপ”

01/06/2025

#রচনা_প্রতিযোগিতা_২০২৫
Bangladesh Environment Protection Society(BEPS)

বন্যা ও বাংলাদেশ : উত্তরণের উপায়

🔷 ভূমিকা:

“বন্যার জল নদী ভেঙে এসে,
সবুজ মাঠে ঢেউ খেলায়,
দূর দিগন্তে বাতাসে মিশে যায়,
বৃষ্টির গান, জীবন সংগীত।”
- কবি জসীমউদ্দীন।

বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, যেখানে প্রায় ৭০০টিরও বেশি নদী-নালা রয়েছে। এই ভূপ্রকৃতি যেমন কৃষিকে উর্বর করেছে, তেমনি বার্ষিক বন্যাকে নিয়মিত করে তুলেছে। প্রায় প্রতি বছরই কোনো না কোনো অঞ্চলে ভয়াবহ বন্যার দেখা মেলে। খাদ্য নিরাপত্তা, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য—সবকিছুই এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়। তাই সময়োপযোগী, টেকসই এবং বাস্তবসম্মত উত্তরণের পথ খুঁজে বের করাই এখন জাতির চ্যালেঞ্জ।

🔷 প্রাকৃতিক বৈশিষ্ট্য ও ভূপ্রকৃতি:

বাংলাদেশ একটি বদ্বীপ অঞ্চল যেখানে ৭০%-এর বেশি এলাকা বন্যাপ্রবণ। প্রতি বছর গড়ে প্রায় ২০% এলাকা পানিতে নিমজ্জিত হয়, যা কোনো কোনো বছর ৬০%-এরও বেশি হতে পারে। বন্যাকে উপেক্ষা নয়, বুঝেই মোকাবিলা করতে হবে ভূপ্রাকৃতিক বাস্তবতা অনুযায়ী। প্রতিটি নদ-নদীর গতিপথ বুঝে পরিকল্পনা না করলে উন্নয়ন কার্যক্রম ব্যর্থ হবে।

🔷 বন্যার প্রকারভেদ ও কারণ :

বাংলাদেশে তিন ধরনের বন্যা দেখা যায়-

🔸বার্ষিক মৌসুমি বন্যা (monsoon flood)

🔸আকস্মিক পাহাড়ি ঢল (flash flood)

🔸জলোচ্ছ্বাসজনিত উপকূলীয় বন্যা (coastal flood)

এর প্রধান কারণ হচ্ছে অতিবৃষ্টি, হিমালয় থেকে নেমে আসা পানির প্রবাহ, নদীভাঙন, জলাবদ্ধতা এবং অপরিকল্পিত নগরায়ণ।

🔷 নদীবাহিত প্রবল পানির চাপ :

বাংলাদেশে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদী দিয়ে প্রতিবছর প্রায় ১.২ ট্রিলিয়ন ঘনমিটার পানি প্রবাহিত হয়, যা দেশের ধারণক্ষমতার চেয়ে বহুগুণ বেশি। এই পানি নিয়ন্ত্রণ না করতে পারায় প্রতিবছর ভয়াবহ বন্যা হয়।

🔷 বন্যার প্রভাব :


“বন্যার পানি ঢেউ তোলে, ধ্বংস করে যায়, কিন্তু মানুষের সাহস ও মনোবল কখনো ভাসায় না।”
-মোহাম্মদ নজরুল ইসলাম ।

বন্যায় ফসলহানি, গবাদি পশু মারা যাওয়া, ঘরবাড়ি ধ্বংস, স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি, ও শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২০১৭ সালের বন্যায় ৭ লাখ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছিল।

🔷নদী খনন ও প্রবাহ ব্যবস্থাপনা :

"Where water goes, life follows; but where water overflows, destruction follows."
- Ban Ki-moon (প্রাক্তন জাতিসংঘ মহাসচিব)

বাংলাদেশে প্রায় ২৪,০০০ কিমি নদী রয়েছে, যেগুলোর অধিকাংশই ভরাট হয়ে গেছে। বর্ষায় এই নদীগুলো ধারণক্ষমতা হারিয়ে প্লাবন সৃষ্টি করে। নদীই যেখানে জীবন, সেখানে তার প্রবাহ রোধ করা মানেই ধ্বংস ডেকে আনা। প্রতিটি নদী খননের সঙ্গে থাকতে হবে স্থানীয় জনগণের অংশগ্রহণ।
সুতরাং, নিয়মিত নদীখনন ও চর অপসারণের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা গেলে বন্যা প্রবণতা অনেকাংশে কমবে।

🔷 শহুরে জলাবদ্ধতা ব্যবস্থাপনা:

শহরের জলাবদ্ধতা ব্যবস্থাপনা কার্যক্রমে যেসকল বিষয় জরুরি-

🔹ড্রেনেজ ব্যবস্থা আধুনিক করা
🔹খাল দখলমুক্ত রাখা।
🔹 জলাভূমি সংরক্ষণ জরুরি।
🔹‘গ্রিন রুফ’, ‘পারমিয়েবল রোড’ ও বর্ষার পানি ধরে রাখার প্রযুক্তি শহরগুলোতে প্রয়োগ করা উচিত।
🔹প্রাকৃতিক জলাধার রক্ষা করলেই নগর উন্নয়নে গতি আসবে।

তাই, শহরের বুকে যদি জল থাকে, তবে প্রাণ থাকবে উন্নয়নে।

🔷 কৃষি খাতে অভিযোজন ও বন সংরক্ষণ :

▪️বন্যা সহনশীল ফসল যেমন BRRI dhan51, 52 ও স্বল্পমেয়াদি শস্য চাষে কৃষকের ক্ষতি কমানো সম্ভব এবং মাছের খামার অভিযোজনে সহায়ক। এছাড়া খাল-বিল সংস্কার করে পানিনিষ্কাশন ব্যবস্থাকে কার্যকর করতে হবে।
▪️ বন্যার আগেই ফসল সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থাও জরুরি। প্রযুক্তিনির্ভর ও অভিযোজনযোগ্য কৃষিই ভবিষ্যতের চাবিকাঠি। প্রতিটি কৃষক যেন পানির সঙ্গে যুদ্ধ করতে না হয়, বরং সহাবস্থান করতে পারে।
▪️গাছ লাগানো ও বন সংরক্ষণ ও জরুরি। পাহাড়ি এলাকায় গাছপালা সংরক্ষণ করলে মাটি ধস ও আকস্মিক ঢল কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

হুমায়ূন আহমেদ একদা বলেছিলেন -
“বন্যার জলও এক ধরনের জীবন, যা নিজের রাস্তায় বয়ে যায়, আমাদেরও তার সাথে খাপ খাওয়াতে হয়।”

🔷 শিক্ষা, সচেতনতা ও স্থানীয় অংশগ্রহণ:

এ লক্ষ্য বাস্তবায়নে -
🔸স্কুলে দুর্যোগ শিক্ষাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা দরকার।
🔸গ্রাম ও শহরের নাগরিকদের নিয়মিত মহড়া ও সচেতনতামূলক কর্মসূচির আওতায় আনতে হবে।
🔸নাগরিক অংশগ্রহণ ছাড়া কোনো পরিকল্পনা কার্যকর হয় না।
🔸স্থানীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকদের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ।

শুধু নীতিনির্ধারকেরাই নয়, সচেতন জনগণও দুর্যোগ প্রতিরোধের সৈনিক।

🔷 বাঁধ ও ফ্লাড রেজার্ভার নির্মাণ:

অপরিকল্পিত বাঁধ নির্মাণ না করে উপযুক্ত স্থানে বিজ্ঞানসম্মতভাবে ও প্রতিবেশসম্মত ‘ফ্লাড রিজার্ভার’ নির্মাণ করতে হবে, যার মাধ্যমে বন্যার পানি সংরক্ষণ এবং তা চাষে ব্যবহার করা সম্ভব। চীনের Three Gorges Dam বা ভারতের Sardar Sarovar Project সফল মডেল হতে পারে।বাঁধ তৈরি শুধু পানি আটকে রাখে না, আটকে রাখে বিপর্যয়ের পথও। বাঁধ নির্মাণের পাশাপাশি প্রয়োজন নিয়মিত রক্ষণাবেক্ষণ ও জনসম্পৃক্ততা।বাংলাদেশেও উপযুক্ত স্থানে ফ্লাড রেজার্ভার নির্মাণ করে কৃষি ও পানির পুনঃব্যবহার নিশ্চিত করা যায়।

🔷 বন্যা সহনশীল অবকাঠামো:

প্রতিটি ঘর যদি হয় দুর্যোগ সহনশীল, তবে দুর্যোগ আর বিপদ নয়। তাই, বন্যা সহনশীল অবকাঠামো হওয়া উচিত নিম্নরূপ -

🔹উঁচু মাচানঘর, সোলারচালিত স্যানিটেশন ও সাইক্লোন শেল্টার টাইপ আশ্রয়কেন্দ্র তৈরি করা উচিত।
🔹ভাসমান বিদ্যালয় ও ক্লিনিক ইতোমধ্যে সফলতার নজির তৈরি করেছে।
🔹অবকাঠামো নির্মাণের প্রতিটি ইটে থাকতে হবে অভিযোজনের চেতনা।

🔷 উন্নত পূর্বাভাস ও সতর্কতামূলক ব্যবস্থা:

বাংলাদেশে বন্যা পূর্বাভাস কেন্দ্র থাকলেও অনেক দূরবর্তী অঞ্চলে সময়মতো বার্তা পৌঁছে না। প্রযুক্তিনির্ভর রিমোট সেন্সিং, অ্যাপ ও মোবাইল এসএমএস ব্যবস্থার বিস্তার জরুরি। সঠিক সময়ে সঠিক বার্তাই পারে প্রাণ ও সম্পদ রক্ষা করতে।
" সতর্কতা তখনই কাজে আসে, যখন তা পৌঁছে যায় মানুষের হাতে।”

🔷 দুর্যোগ-পরবর্তী সহায়তা ও বীমা ব্যবস্থা:

🔸কৃষি বীমা, জীবন বীমা এবং দুর্যোগকালীন ক্ষতিপূরণ ব্যবস্থার সম্প্রসারণ অপরিহার্য।
🔸সহজ ঋণ, বিনামূল্যে বীজ ও পুনর্বাসন তহবিল দরকার।
🔸দুর্যোগের পরে সহানুভূতি নয়, প্রয়োজন ব্যবস্থা ও প্রস্তুতি।
🔸বীমা ও আর্থিক সুরক্ষা হলে মানুষ আগাম প্রস্তুত হতে পারে।

“বন্যার পানি আমাদের ভেঙে দিতে পারে, কিন্তু আমাদের অটুট ইচ্ছাশক্তি কখনো ভেঙে যাবে না।”
- শামসুর রাহমান

🔷 দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও নীতিমালার বাস্তবায়ন:

জাতীয় জলনীতি ১৯৯৯, দুর্যোগ ব্যবস্থাপনা আইন ও ভূমি ব্যবস্থাপনায় সংস্কার এনে বন্যা প্রতিরোধে দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ করতে হবে। এজন্য-
🔹জাতীয় জলনীতি, ভূমি সংস্কার ও আন্তঃদেশীয় নদী কূটনীতিকে গুরুত্ব দিতে হবে।
🔹গবেষণালব্ধ পরিকল্পনার বাস্তবায়নে রাজনীতি নয়, বিজ্ঞানকে অগ্রাধিকার দেওয়া দরকার।

নীতির প্রয়োগই পারে কাগুজে পরিকল্পনাকে বাস্তবতায় রূপ দিতে। "পরিকল্পনার পেছনে যদি থাকে বাস্তবতা, তাহলে দুর্যোগও হয় নিয়ন্ত্রিত।"

🔷 উপসংহার:

বন্যা বাংলাদেশের জন্য একটি চিরন্তন বাস্তবতা, কিন্তু এটি অজেয় নয়। সচেতনতা, পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং সঠিক বাস্তবায়ন দ্বারা বন্যার ভয়াবহতা অনেকাংশে হ্রাস করা সম্ভব। সরকার, জনগণ এবং আন্তর্জাতিক অংশীদারদের সমন্বয়ে টেকসই এবং দুর্যোগ-সহনশীল একটি বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

"Floods remind us that we are guests on this earth, not its masters."
— David Suzuki (পরিবেশবিদ ও বুদ্ধিজীবী)

Name : Jannat Jahan Tanjim
Institution : Sher - e - Bangla Agricultural University.
Group - B ( শাখা - খ)

Address

Jhenida

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Environment Protection Society - BEPS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share