30/04/2026
বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে “টেকসই পর্যটন ও যুব ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলী এলাকায় ট্যুর গাইডদের জন্য একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল ২০২৬ তারিখে আয়োজিত এ কর্মশালাটি আয়োজন করে আর্স-বাংলাদেশ (ARS-Bangladesh), স্থানীয় এনজিও টংগ্যার সহযোগিতায়।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় ট্যুর গাইডদের দক্ষতা বৃদ্ধি, পর্যটকদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করা, এবং টেকসই ও দায়িত্বশীল পর্যটন চর্চার মাধ্যমে স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতির উন্নয়ন সাধন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ট্যুর গাইডিংয়ের নীতিমালা, পর্যটকদের সাথে আচরণ, নিরাপত্তা ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন ইএনও প্রতিনিধি উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ এহসানুল হক, এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কমিটির সভাপতি জনাব অং চং মং, প্রকল্প প্রধান জনাব আমিনুল ইসলাম বকুল এবং ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা জনাব নাসির উদ্দিন। প্রধান প্রশিক্ষক হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পর্যটন বিশেষজ্ঞ জনাব সাইন সাইন ইউ নি, যিনি অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন টংগ্যার প্রতিনিধি জনাব অতনু দেওয়ান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহনাজ মালা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, টেকসই পর্যটন উন্নয়নে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম যুবসমাজকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী ট্যুর গাইডরা তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে বান্দরবানের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ ও টেকসই করে তুলবেন।