14/03/2026
সুবিধাবঞ্চিতদের মাঝে ‘আহ্বান যশোর’-এর ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ‘আহ্বান’। সংগঠনের পক্ষ থেকে অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং সদস্যদের নিয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার ইফতার পরবর্তী সময়ে ‘আহ্বান’-এর সদস্যরা শহরের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে রিকশাচালক, ইজিবাইক চালক এবং ভবঘুরে ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ভোজ্য তেল, সেমাই, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য।
উক্ত মানবিক কর্মসূচির শুভ উদ্বোধন করেন অ্যাডভোকেট তাহমিদ আকাশ ও মোঃ খানজাহান আলী শান্ত। অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব মোয়াজ্জেম হোসেন মঞ্জু।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান, সহ-সভাপতি মোয়াইমিনাল সাগর এবং সাগর। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের কার্যকরী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি আলী তারেক, রাবেয়া ও নয়নসহ বিভিন্ন স্তরের একঝাঁক তরুণ সংগঠক।
কর্মসূচি চলাকালীন আহ্বানের কার্যকরী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, "প্রতিবারের ন্যায় এবারও আমরা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছি। এটা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা এবং সদস্যদের নিজেদের হাত খরচের জমানো টাকা দিয়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে। আশা করি, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
সংগঠনের এমন মানবিক কর্মকাণ্ড স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে তরুণদের এই উদ্যোগ এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।
#আহবান_যশোর
#যশোর