02/09/2026
এ বছর কীসে আসবেন মা দুর্গা? কৈলাসে ফিরবেন কীসে চড়ে? জানুন দেবীর ৪ বাহনের কথা
দুর্গাপুজো শুরু হতে চলেছে আগামী ১৬ অক্টোবর। সে দিন মহাষষ্ঠী। এই বছর দেবী ঘোড়ায় চড়ে মর্ত্যে আসবেন ও নৌকায় বিদায় নেবেন। জেনে নিন এর ফলাফল কী হবে।
মা দুর্গার আসা যাওয়া কোন বাহনে? দুর্গাপুজোর আর বেশি বাকি নেই। পুজোর প্রতিমা তৈরি ও পুজোর প্ল্যানিং শুরু হয়ে গিয়েছে। আগামী ১৬ অক্টোবর দুর্গাপুজোর ষষ্ঠী। তার আগে মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা পালিত হবে ১০ অক্টোবর শনিবার। সে দিন থেকেই দেবীপক্ষের শুরু।
হাইলাইটস
মহালয়া ও সর্বপিতৃ অমাবস্যা: ১০ অক্টোবর শনিবার।
২০২৬ সালের দুর্গাপুজো শুরু: ১৬ অক্টোবর।
মহাসপ্তমী: ১৭ ও ১৮ অক্টোবর, শনি ও রবিবার।
এই বছর দেবীর আগমন হবে ঘোড়ায়।
বিজয়া দশমী: ২১ অক্টোবর বুধবার, দেবীর গমন হবে নৌকায়।
দুর্গার আসা-যাওয়ার বাহন
দুর্গার মর্ত্যে আগমন ও প্রস্থানের বাহন ও তার ফলাফল নিয়ে বাঙালি সমাজে বহু কথা প্রচলিত আছে। দেবী দুর্গা ও তাঁর পুত্র-কন্যার নিজস্ব বাহন থাকলেও আগমন ও প্রস্থানের বাহনের কথা আলাদা করে পঞ্জিকায় উল্লেখ করা থাকে। হিন্দুশাস্ত্র অনুযায়ী, দুর্গার আগমন ও প্রস্থানের বাহন নির্ধারণ করে মর্তলোকে সারা বছর কেমন কাটবে। প্রতি বছর দুর্গার আগমন ও প্রস্থান সাধারণত একই বাহনে হয় না। যদি কোনও বছর হয়‚ তবে তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে। এই বছর দুর্গার আগমন হবে ঘোড়ায় এবং প্রত্যাবর্তন হবে নৌকায়। জেনে নিন এর কী প্রভাব পড়বে।
দুর্গার আগমন ও গমনের হিসেব
পঞ্জিকা অনুসারে পুজোর সপ্তমীতে দেবীর আগমন হয়, আর গমন হয় দশমীতে। এই দুই দিন সপ্তাহের কোন কোন বারে পড়ছে, তার উপরেই নির্ভর করে দেবীর কীসে আগমন ও কীসে গমন। শাস্ত্র অনুযায়ী সপ্তমী রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি। সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন ঘোটক বা ঘোড়া। সপ্তমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন দোলা বা পালকি। সপ্তমী বুধবার হলে দেবীর বাহন নৌকা। একই ভাবে, দশমী রবি বা সোমবার হলে দেবীর বাহন গজ। দশমী শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে। দশমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে। আর দশমী বুধবার হলে নৌকা করে কৈলাসে ফিরবেন দেবী।
এ বছর দেবীর আগমন কীসে?
২০২৬-এ ২ দিন ধরে পালিত হবে সপ্তমী। ১৭ ও ১৮ অক্টোবর ২০২৬ শনি ও রবিবার মিলিয়ে সপ্তমী থাকবে। তবে শাস্ত্রমতে প্রথম সপ্তমী, অর্থাৎ ১৭ অক্টোবর শনিবার দেব