19/11/2025
তিস্তা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তঃসীমান্ত নদী। বহুদিন ধরেই তিস্তা ও তিস্তা পারের মানুষ নানা রকম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে ‘তিস্তা মহাপরিকল্পনা’—যার প্রায়োগিকতা, লাভ-ক্ষতি ও বাস্তবতা নিয়ে চলেছে নানা বিতর্ক ও মতবিনিময়।
এই দ্বন্দ্ব, বিতর্ক ও মতের ভিড়ে তিস্তার প্রকৃত অবস্থা—নদীর ক্ষয়, নদীভাঙন, কৃষিজমির সংকট, পানির প্রবাহ, মানুষের জীবনযাত্রা, ভূরাজনৈতিক প্রভাব —এসবের বাস্তব চিত্র উপলব্ধি করতে গ্রীন ভয়েস এক উদ্যোগ হাতে নিয়েছে
নদী বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, রাজনীতিবিদ, নদী গবেষণা-সংশ্লিষ্ট ব্যক্তি, পরিবেশবিদ, পরিবেশকর্মী এবং তিস্তা পারের বাস্তব জীবনযাপন করা মানুষের মোট ১১টি সাক্ষাৎকার নিয়ে তৈরি হয়েছে ‘তিস্তা সংলাপ’ বইটি।
‘তিস্তা সংলাপ’ কোনো পক্ষপাতিত্ব মূলক প্রয়াস নয়—না মহাপরিকল্পনার পক্ষে, না বিপক্ষে। বরং তিস্তাকে ঘিরে যে বাস্তব সংকট, ভবিষ্যৎ সম্ভাবনা, দেশীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাব, নদী ব্যবস্থাপনার কাঠামো, দুর্যোগের ঝুঁকি ও স্থানীয় মানুষের জীবনসংগ্রাম—এসবের একটি বিশ্লেষণাত্মক ও তথ্যসমৃদ্ধ দৃশ্যপট তুলে ধরাই "তিস্তা সংলাপ" এর উদ্দেশ্য।
বিভিন্ন সময়ের ক্ষমতার পালাবদলে তিস্তায় কী কী পরিবর্তন এসেছে, কীভাবে নদী ব্যবস্থাপনায় রূপান্তর ঘটেছে—তাও এই বইয়ের আলোচনায় উঠে এসেছে। বিশেষজ্ঞরা তাদের বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা, ইতিহাস, নীতিগত অভিজ্ঞতা ও যুক্তির আলোকে সম্ভাব্য টেকসই সমাধানের পথও পাঠকের সামনে উন্মুক্ত করেছেন—যাতে পাঠকরাই বিচার করতে পারেন কোন পথটি সবচেয়ে গ্রহণযোগ্য।
আমাদের অবস্থান স্পষ্ট—উন্নয়নের নামে কোনো নদীর মৃত্যু নয়, কোনো পরিবেশের ক্ষতি নয়।
তিস্তা উত্তরবঙ্গের প্রাণ, বাংলাদেশের এক অনিবার্য জীবনরেখা। আমরা অবশ্যই মহাপরিকল্পনা চাই; যা হবে তিস্তা বান্ধব ও টেকসই। যেখানে নদীর স্বতন্ত্র বৈশিষ্ট্য, নদীর পরিবেশ, বাস্তুতন্ত্র অক্ষুণ্ণ থাকবে, নদীর পারের মানুষের অধিকার সংরক্ষিত হবে এবং দীর্ঘদিন ধরে চলা নানান রকম সংকট দূর করতে সক্ষম হবে।
‘তিস্তা সংলাপ’ বইয়ের হার্ড কপি শীঘ্রই পাওয়া যাবে।
আপনার কপি সংগ্রহের জন্য অগ্রিম যোগাযোগ করুন—০১৭৩৫-৮৮৩৮০৯, ০১৭১২-১২১২২১